প্রথম চিঠি
প্রাথমিক বিদ্যালয়ে ওর আর আমার রেজাল্ট সব সময় পাশাপাশি থাকত। হয়তো সে প্রথম হতো নতুবা আমি। পড়ালেখায় আমাদের মধ্যে যথেষ্ট আগ্রহ এবং আন্তরিকতা ছিল। তার আর আমার চলাফেরা, কথাবার্তা ইত্যাদি দেখে অনেকেই আমাদের ভাইবোন ভাবত। এ নিয়ে বেশ কয়েকবার প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। তবে কেউ আমাদের ভাইবোন বলে সম্বোধন করলে আমার ভালোই লাগত। জানি না, ও তখন কী ভাবত।
প্রাইমারি শেষ করে হাইস্কুলে ভর্তি হই। আমি যে স্কুলে ভর্তি হয়েছি, সেখানে ও ভর্তি হয়। প্রথমদিকে ওর আব্বু অন্য স্কুলে দিতে চাইছিলেন। যা হোক, আমাদের সম্পর্ক আগের মতোই চলছে। নতুন স্কুলে আমাদের পরিচয় নিয়ে বেশ ঝামেলায় পড়তে হয়েছে। সেই প্রাইমারি স্কুলে থাকাবস্থায় শোনা ‘ভাইবোন’ এখানেও শুনতে হচ্ছে। একবার ক্লাসে এক স্যার আমাদের পরিচয় জানতে চাইলেন, হঠাৎ এমন পরিস্থিতিতে কীভাবে কী বলব বুঝে উঠতে পারছি না। ও কিছু বলছে না। স্যার পুনরায় জিজ্ঞেস করলেন, ক্লাসের সবার দৃষ্টি আমাদের দিকে। ক্লাসজুড়ে পিনপতন নীরবতা। অবশেষে বলেই ফেললাম, ‘স্যার, ও আমার চাচাতো বোন!’ স্যার আর কোনো কিছু না বলেই পড়ার দিকে মনোযোগী হলেন।
সেদিন রাতে পড়তে বসে বারবার মনে পড়ছে ক্লাসের ঘটনাগুলো। চাচাতো বোন বলেছি বলে ও কিছু মনে করেনি তো? এখন থেকে তো চাচাতো বোন বলেই পরিচয় দিতে হবে! এসব নিয়েই ভাবছিলাম। হঠাৎ করে নতুন এক চিন্তা এসে ভর করল মাথায়, আচ্ছা, আজকের দিনে ঘটে যাওয়া এসব নিয়ে পত্রাকারে লিখে দিলে কেমন হয়! যেই ভাবা সেই কাজ।
এলোমেলো ভাবনাগুলো নিজের মতো করে লিখে ফেলি। যেখানে আবেগ এবং ভালোবাসার মিশ্রণ—দুটোই ছিল। ছোট্ট একটা খামে করে চিঠিটা পৌঁছে দিই। প্রথমে কোনোভাবেই চিঠিটা নিতে চায়নি। অনেক জোর করে দিয়েছিলাম তাকে। এখনো মনে পড়ে সেই প্রথম চিঠির কথা। কী লেখা ছিল তা পুরোপুরি মনে নেই। আচ্ছা, তাঁর কি মনে আছে?
রুমান হাফিজ
সিলেট।