পর পর তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে পরাজয়ের পর মিরসরাইয়ে এই প্রথম জয়ের স্বাদ পেল বিএনপি। এর আগে ১৯৮৫ সালে প্রথম উপজেলা নির্বাচনে জাতীয় পার্টি এবং ১৯৯৫ ও ২০০৯ সালে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছিলেন। এবার আওয়ামী লীগের বিভক্তিকে কাজে লাগিয়ে জয় ছিনিয়ে নেওয়ার পাশাপাশি দলকেও চাঙা করে তোলার সুযোগ পেল বিএনপি। দলের নেতা-কর্মীরা এখন আগামী সংসদ নির্বাচনেও মিরসরাই আসন থেকে জয়ের স্বপ্ন দেখছেন।
জানা গেছে, উপজেলা পরিষদ গঠনের পর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৮৫ সালে। এতে চেয়ারম্যান নির্বাচিত হন জাতীয় পার্টি-সমর্থিত প্রার্থী তাহের আহমদ। ১৯৯১ সালে দ্বিতীয় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন আওয়ামী লীগ নেতা আবুল কাশেম চৌধুরী। ২০০৯ সালের তৃতীয় উপজেলা নির্বাচনেও চেয়ারম্যান পদটি দখল করেন আওয়ামী লীগ নেতা মো. গিয়াস উদ্দিন।
১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত চতুর্থ উপজেলা নির্বাচনে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দীন ও মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান লড়াইয়ে নামেন। অপর দিকে বিএনপির মো. নুরুল আমিন ছিলেন দলের একক প্রার্থী।
আওয়ামী লীগের দুই প্রার্থী মিলে ভোট পান ৬৭ হাজার ৭১৩ ভোট। অন্যদিকে বিএনপি প্রার্থী পান ৫৬ হাজার ১৭৯ ভোট। আওয়ামী লীগের মোট ভোট প্রায় সাড়ে ১১ হাজার বেশি হলেও দুই নেতার মধ্যে ভোট কাটাকাটির সুযোগটি নেন বিএনপির প্রার্থী। প্রথমবারের মতো উপজেলা চেয়ারম্যানের চেয়ারটি দখলে আসে দলটির। এতে আনন্দের হাসি ফুটে উঠেছে বিজয়ের স্বাদ পাওয়া উপজেলা বিএনপির নেতা-কর্মীরা। এখন থেকে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট নেতা-কর্মীরা।
এ বিষয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক শাহীনুর ইসলাম ও হিঙ্গুলী ইউনিয়ন যুবদলের সভাপতি সামছুদ্দিন মিয়াজি বলেন, ‘এখন মিরসরাই বিএনপি ঐক্যবদ্ধ। তার প্রমাণ উপজেলা নির্বাচনে বিএনপির প্রার্থীর বিপুল ভোটে জয়। আমরা এই ঐক্য ধরে রাখতে চাই।’
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক গাজী নিজাম উদ্দীন বলেন, বিএনপির নেতা-কর্মীরা এখন অনেক চাঙা ও ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ বিএনপিকে কখনো পরাজিত করা সম্ভব নয়। সরকার যদি এখন সংসদ নির্বাচন দেন, এতেও বিএনপির প্রার্থী বিপুল ভোটে জয়ী হবেন বলে তিনি মন্তব্য করেন।
নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সহসাধারণ সম্পাদক নুরুল আমিন বলেন, ‘এটি আমার জয় নয়। সরকারের নির্যাতন ও জুলুমের বিরুদ্ধে জনতার বিজয়।’