প্রথম ডেটিং
বাসস্ট্যান্ডে তার সঙ্গে আমার দেখা হবে—এমনটাই কথা ছিল। কিন্তু গিয়ে দেখলাম সে এখনো আসেনি, এদিকে আমি আবার প্রচণ্ড বেশি নিম্নচাপ অনুভব করা শুরু করলাম। তাই কোনো দিকে না তাকিয়ে কাউন্টারে অবস্থিত টয়লেটে প্রবেশ করলাম। তারপর যখন সব ধরনের চাপকে দূরে সরিয়ে দিয়ে টয়লেট থেকে বের হলাম, তখন আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। দেখি, টয়লেটের সামনে আট-দশ জন মহিলার লম্বা লাইন, বুঝতে পারলাম ভুল করে মহিলা টয়লেটে ঢুকে পড়েছিলাম তাড়াহুড়ার কারণে। আমি তখন এমন একটা ভাব করলাম যে নারী-পুরুষ সবার তো সমান অধিকার। নারীদের টয়লেটে পুরুষ ঢুকতেই পারে। আপনাদের মন চাইলে আপনারাও পুরুষ টয়লেটে যেতে পারেন। তারপর ভদ্রলোকের মতো আমি তাদের সামনে দিয়ে বের হয়ে চলে এলাম। এসে দেখি, আমার প্রিয় নাদুসনুদুসও চলে এসেছে (ওনার স্বাস্থ্য একটু বেশি তো তাই আমি আদর করে নাদুসনুদুস ডাকি)। তারপর একটা রিকশা নিয়ে চলে গেলাম কাছের একটা পার্কে। দুজন একসঙ্গে বসে গল্প করলাম, হাঁটাহাঁটি করলাম, খাওয়াদাওয়া করলাম। হঠাৎ দেখি ও মুখ চেপে হাসতে শুরু করল। প্রথমে আস্তে আস্তে, তারপর উচ্চস্বরে। আমিও ওর সঙ্গে তাল মিলিয়ে হাসতে শুরু করলাম। তখন ও আমাকে ইঙ্গিতে বুঝিয়ে দিল যে আমার প্যান্টের জিপার খোলা, বুঝতে পারলাম কাউন্টারে নিম্নচাপ শেষ করে প্যান্টের জিপার লাগাতে ভুলে গেছি। আমি তখন বিজ্ঞের মতো করে বললাম, আসলে প্রেমিকেরা সব সময় একটু বেখেয়ালি হয়।প্রথমবারের মতো প্রিয় মানুষটার সঙ্গে দেখা, তার স্পর্শ, একসঙ্গে বসে ফুচকা খাওয়া—না-হয় আমি একটু ভুল করে মহিলা টয়লেটে ঢুকেছিলাম। প্যান্টের জিপার লাগাতেও ভুলে গিয়েছিলাম, কিন্তু তাতে তো আর আমার ভালোবাসা মলিন হবে না! হাবিব রহমানসিলেট।