প্রথম দৃশ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটক শেষ। হল থেকে বেরিয়ে চায়ের দোকানে বোন-দুলাভাইয়ের ওপর ঝাল তুলে কথা বলে অদ্বিতি—
‘আগে জানলে নাটকই দেখতাম না। বিয়ের আর নাটকের পাত্র এক নয়। এভাবে ছেলে পছন্দের যুক্তি নেই।’
‘বুঝলাম, কিন্তু যেমনটি চাস ছেলেটি তেমন। তোর পছন্দ হয়েছে জানি।’ দুলাভাই বিশ্বাসের সঙ্গে কথাটা বলে। বড় বোন অমিয় নিজেও বোঝে অদ্বিতির নীরবতার অর্থ। চা খেতে সময় নিচ্ছে অদ্বিতি।
‘আমি তাহলে শ্বশুরকে দিনক্ষণ ঠিক করতে বলি?’
‘তাই তো, কেমিস্ট্রির লেকচারার হলেও অভিনয়ে পটু পল্লব।’ অমিয়র মন্তব্যে পিঠাপিঠি চেয়ারে বসে থাকা ছেলে দুটির একজন একটু আড়চোখে তাকিয়ে দেখে ওদের।
অভিনয় না ছাই! প্রথম দৃশ্যেই মেয়েটিকে কাঙালের মতো প্রস্তাব দিল—
‘ম্যাডাম, আমাকে আপনার পছন্দ হয়েছে তো?’ পল্লবের ডায়ালগটি নকল করে অদ্বিতি।
‘ওটা তো নাটক।’ দুলাভাই বোঝায় অদ্বিতিকে। পল্লবকে পছন্দের আরেক যুক্তি—ও বেশ খোলা মনের। ‘তোর সঙ্গে মানাবে বেশ। তুই দেখবি, এ জন্য নাটক দেখতে আসা।’
অমিয় যত না নাটক উপভোগ করেছে তার বেশি লক্ষ্য রেখেছে কীভাবে অদ্বিতি পল্লবের দিকে তাকিয়েছে তার ওপর। অদ্বিতি রেগেছিল এ জন্য—
‘অমন করলে কিন্তু নাটকই দেখব না আপু।’
‘যাই বলিস ছেলেটা হ্যান্ডসাম।’
‘ঠিক আছে আপু, কিন্তু নাকটা তো বোঁচা।’ দ্রুত জবাব অদ্বিতির।
‘ছেলেটার উচ্চতায় নিশ্চয় আপত্তি নেই তোর?’
‘দুলাভাই, ওনার পক্ষে আর ওকালতির দরকার নেই। এখন উঠব।’
অদ্বিতি দাঁড়িয়েছে। একপ্রকার লাফ দিয়েই এগিয়ে এল অদ্বিতিদের পিঠাপিঠি বসে থাকা ছেলে দুটির একজন। এতক্ষণ পাশে বসে সব কথা শুনেছিল সে।
‘দাঁড়ান ম্যাডাম।’ বেশ নাটকের ভঙ্গিতে বলে ছেলেটি— ‘আপনি তাহলে অদ্বিতি? ঘটক আমাকে সব বলেছে, কিন্তু আপনিও যে নাটক পারেন—সেটা বলেনি।’
‘আপনি...মানে, আপনি...’ অদ্বিতি অপ্রস্তুত ছেলেটির সামনে।
‘জি ম্যাডাম, আমি পল্লব। আমাকে আপনার পছন্দ হয়েছে তো!’