প্রথম দেখার সেদিন

ডিসি-১০-এর সঙ্গে আমার প্রথম দেখা যখন আমি দশম শ্রেণীতে পড়ি। ‘প্রথম দেখা’ না বলে ‘প্রথম দেখায় প্রেম’ও বলা যায়। মনে আছে ১৯৮২ সালে যখন প্রথম ঢাকায় একটা ডিসি টেন হাজির হলো, বিমানটা এক ঝলক দেখতে বিমানবন্দরে হাজির হয়েছিলাম। আমার সৌভাগ্য, ডিসি ১০-এর শেষ ফ্লাইট দেখতে দেশের বাইরে থাকার পরও সময়মতো বাংলাদেশে আসতে পেরেছি। ‘বুড়ো’ হয়ে গেলে কী হবে, বন্ধু আমাকে মুগ্ধ করেছে সেই আগের মতোই! বাংলাদেশ বিমান পরিচালিত এটিই সবচেয়ে প্রশস্ত যাত্রীবাহী বিমান। এখন পর্যন্ত আটটি ডিসি-১০ বাংলাদেশ বিমান ব্যবহার করেছে। অন্যগুলো আগেই বিদায় নিলেও শেষ পর্যন্ত যেটি টিকে ছিল তার নাম ‘নিউ এরা’। নিউ এরা বা ‘নবযুগ’ ১৯৮৯ সালে বাংলাদেশ বিমান বহরে যোগ হয়। আমার অনেক বিদেশি বন্ধু শুধু ডিসি-১০ বিমান দেখতে বাংলাদেশে এসেছে, কেউ কেউ শেষ যাত্রায় এর যাত্রীও হয়েছে। দেশে-বিদেশে বহুবার ডিসি-১০-এর ছবি তুলেছি। সব স্পটারের কাছেই এটা অত্যন্ত ‘ফটোজেনিক’ একটা উড়োজাহাজ।
* স্পটিং আন্তর্জাতিকভাবে স্বীকৃত এক ধরনের শখ। স্পটাররা বিমানের ছবি, রেজিস্ট্রেশন নম্বর, টেইল নম্বর ইত্যাদি সংগ্রহ করেন।