প্রথম ধাপ পেরোতে হবে আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিএস পরীক্ষার মাধ্যমে দেশের প্রথম শ্রেণীর সরকারি চাকরি পাওয়ার স্বপ্ন অনেকেরই। স্বপ্নপূরণের সুযোগ এসেছে আবারও। ৩০তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র জমা নেওয়া ইতিমধ্যেই শেষ হয়েছে। এখন পরীক্ষার জন্য অপেক্ষা। বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে নিয়োগ পাওয়ার আগে বেশ কয়েকটি ধাপ পেরোতে হয়। এর মধ্যে শুরুর ধাপটি হলো প্রিলিমিনারি পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই লিখিত পরীক্ষায় অংশ নেওয়া যাবে। তাই প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি নিতে হবে খুব ভালোভাবে। একইসঙ্গে লিখিত পরীক্ষার প্রস্তুতিটাও নিতে হবে। কেননা প্রিলিমিনারিতে উত্তীর্ণ হলে, লিখিত পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় খুব বেশি পাওয়া যাবে না। প্রশ্নের ধারা ও মান বণ্টনপ্রিলিমিনারি পরীক্ষা মোট ১০০ নম্বরের। প্রশ্ন থাকবে নৈর্ব্যক্তিক (এমসিকিউ) ধরনের। প্রশ্ন করা হবে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি), সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি এবং মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি—এসব বিষয়ের ওপর। এ পরীক্ষায় প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হয়। তবে প্রশ্নের উত্তর ভুল হলে প্রতিটির জন্য ০.৫০ নম্বর কাটা যাবে। পরীক্ষার সময় থাকবে এক ঘণ্টা।কেমন হবে প্রস্তুতিবাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) সাবেক সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোহাম্মদ মোহাব্বত খান বলেন, প্রিলিমিনারি হচ্ছে বিসিএস পরীক্ষার প্রথম ধাপ। এতে টিকলে তবেই পরবর্তী পরীক্ষায় অংশ নেওয়া যাবে। তাই এ পরীক্ষার প্রস্তুতি নিতে হবে খুব গুরুত্ব সহকারে। অল্প সময়ের প্রস্তুতি নিলে হবে না। এর জন্য একাগ্রচিত্তে বেশি সময় নিয়ে প্রস্তুতি নিতে হবে। সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয়গুলো সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। সব বিষয়েই খুঁটিনাটি জানার চেষ্টা করতে হবে এবং সেটি যাতে নির্ভুল হয় সেদিকে নজর দিতে হবে। যেহেতু এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা, সেহেতু একে হালকাভাবে নেওয়া যাবে না। ভালোভাবে প্রস্তুতি নিলে নিজের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে, যা এ পরীক্ষায় উত্তীর্ণ হতে সহায়ক হবে।বাংলা বিষয়ের প্রস্তুতি২৭তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে চতুর্থ স্থান অর্জনকারী রাজিব কুমার সরকার বলেন, প্রিলিমিনারি পরীক্ষায় সাধারণত বাংলা সাহিত্য ও ব্যাকরণের ওপর প্রশ্ন করা হয়ে থাকে। বাংলা বিষয়ে ভালোমতো প্রস্তুতির জন্য শিক্ষা বোর্ডের নবম-দশম শ্রেণীর বইটি বেশ কাজে দেয়। হুমায়ুন আজাদের কত নদী সরোবর, লাল নীল দীপাবলী—এসব বই পড়া যেতে পারে। বিগত বছরের প্রশ্নগুলো দেখলে এ সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে।ইংরেজিঅনেকটা বাংলার মতোই নিতে হবে ইংরেজি বিষয়ের প্রস্তুতি। এ বিষয়ে ভালো করতে হলে ইংরেজি ব্যাকরণের ওপর জোর দিতে হবে। বেশি বেশি চর্চা চালিয়ে যেতে হবে। এ ছাড়া ইংরেজি পত্রপত্রিকা পড়া এবং বিবিসিসহ অন্যান্য খবরভিত্তিক ইংরেজি অনুষ্ঠান শুনলে তা বেশ কাজে দেবে।সাধারণ জ্ঞানসাধারণ জ্ঞান পর্বে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ের ওপর প্রশ্ন থাকে। প্রিলিমিনারি পরীক্ষায় সাধারণত দুটি বিষয়েই সমান প্রশ্ন থাকে। এ জন্য নিয়মিত খবরের কাগজ পড়তে হবে। এ ছাড়া বাজারে অনেক সাধারণ জ্ঞানের বই পাওয়া যায়, তবে এসব তথ্য অবশ্যই যাচাই করে পড়তে হবে।সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তিসাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের প্রস্তুতির জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত সপ্তম, অষ্টম ও নবম-দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইগুলো পড়া যেতে পারে। এসব বই পড়লে এ বিষয়ে দারুণ সহায়তা পাওয়া যাবে। এ ছাড়া দৈনন্দিন বিজ্ঞান সম্পর্কে ধরণা থাকতে হবে।মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিমানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিতে ভালো করতে হলে নিয়মিত চর্চার বিকল্প নেই। জানালেন রাজিব কুমার সরকার। যত বেশি চর্চা করবেন, ততই ভালো ফল পাওয়া যাবে। এমনভাবে চর্চা করতে হবে যেন অন্য প্রশ্নের মতোই এর উত্তরও দ্রুতগতিতে করা যায়। এর প্রস্তুতির জন্যও সহায়ক হতে পারে বোর্ড প্রণীত সপ্তম, অষ্টম ও নবম-দশম শ্রেণীর গণিতের বই।সহায়ক বইএখন বাজারে অনেক প্রকাশনা সংস্থা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ওপর নানা ধরনের প্রস্তুতিমূলক বই প্রকাশ করে থাকে। নীলক্ষেতের বইবিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বাজারে সেলফ অ্যাসেসমেন্ট, ওরাকল, প্রফেসরস, সিলেক্ট, সেলফ কনফিডেন্স ইত্যাদি গাইড পাওয়া যায়। সাধারণ জ্ঞানের জন্য আজকের বিশ্ব, সমকালীন বিশ্ব, তথ্যকোষ, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যালবাম, চলতি বিশ্ব, কারেন্ট ওয়ার্ল্ড অ্যালবাম প্রভৃতি বই পড়তে পারেন। এ ছাড়া কারেন্ট নিউজ, কারেন্ট ওয়ার্ল্ড, কারেন্ট অ্যাফেয়ার্স প্রভৃতি নামের সাধারণ জ্ঞানের মাসিক পত্রিকা পাওয়া যায়। তবে গাইড বইয়ে পুরোপুরি আস্থা রাখা যাবে না। এসব বইয়ে প্রকাশিত তথ্য সঠিক কি না তা যাচাই করে নিতে হবে।সহায়ক মাধ্যমবই পড়ার পাশাপাশি সংবাদপত্র বিসিএস পরীক্ষার প্রস্তুতির জন্য দারুণ সহায়ক। প্রতিদিন খবরের কাগজের আন্তর্জাতিক, খেলা, অর্থনীতি প্রভৃতি বিভাগের খবর গুরুত্ব দিয়ে পড়তে হবে। এর বাইরে টেলিভিশন ও বেতারের বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান শোনা যেতে পারে। এ ছাড়া তথ্যপ্রযুক্তির এই যুগে বিশাল এক তথ্যভান্ডার হলো ইন্টারনেট। যেকোনো তথ্য খুঁজতে ইন্টারনেটের সাহায্যও নিতে পারেন।যেহেতু বিসিএসের প্রথম ধাপ হলো প্রিলিমিনারি পরীক্ষা, সেহেতু এতে ভালো করার কোনো বিকল্প নেই। মনে রাখতে হবে, এ পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই পরবর্তী পরীক্ষায় অংশ নেওয়া যাবে। তবে এর পাশাপাশি চালিয়ে যেতে হবে বিসিএসের লিখিত পরীক্ষার পড়ালেখা। মোহাম্মদ মোহাব্বত খান বলেন, বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পাশাপাশি প্রস্তুতি নিতে হবে লিখিত পরীক্ষারও। কেননা প্রিলিমিনারির পর লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য খুব বেশি দিন সময় পাওয়া যায় না। তাই প্রস্তুতি নেওয়ার শুরু থেকেই এ বিষটি গুরুত্বের সঙ্গে মাথায় রাখতে হবে। ভালো প্রস্তুতি আর আত্মবিশ্বাস আপনাকে এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে।