প্রথম নারী প্রধানমন্ত্রী ডেনমার্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নত গণতান্ত্রিক দেশ হয়েও মাত্র এত দিনে প্রথম নারী প্রধানমন্ত্রী পেল ডেনমার্ক। দেশটির এবারের সাধারণ নির্বাচনে হেলে থর্নিং-স্মিডটের নেতৃত্বাধীন মধ্য-বাম জোট জয়লাভ করেছে। থর্নিং-স্মিডটের নেতৃত্বাধীন চারদলীয় জোট পার্লামেন্টের ১৭৯ আসনের মধ্যে জিতেছে ৮৯ আসন। সামান্য ব্যবধানে বিজয়। তবে এর মধ্য দিয়ে দেশটির মধ্য-ডান জোটের এক দশকের শাসন শেষ হলো।ভোট গণনার পর সোশ্যাল ডেমোক্র্যাট পার্টির নেতা হেলে থর্নিং-স্মিডট সমর্থকদের উদ্দেশে বলেন, ‘কোনো ভুল নয়, আজ আমরা রচনা করেছি ইতিহাস।’থর্নিং-স্মিডটের জন্ম ১৯৬৬ সালে। তিনি কোপেনহেগেন বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে ডিগ্রি লাভ করেছেন। এ ছাড়া পড়াশোনা করেছেন ব্রাগসে ইউরোপীয় কলেজে। থর্নিংয়ের ভাষায়, ইউরোপীয় কলেজে পড়াশোনার অভিজ্ঞতা তাঁর জীবন পাল্টে দিয়েছে। ডেনিশ কনফেডারেশন অব ট্রেড ইউনিয়নের পরামর্শক হিসেবেও এক সময় কাজ করেছেন তিনি। ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য বা এমইপি হিসেবে। পরের বছর তিনি সোশ্যাল ডেমোক্র্যাটস দলের প্রধান নির্বাচিত হন। দলের প্রধানের দায়িত্ব পালনের প্রথম দুই বছর তাঁর সময় খুব ভালো যায়নি। ২০০৭ সালের নির্বাচনে বিপর্যয়কর ফল হয় দলের। ওই ফলের পরিপ্রেক্ষিতে তিনি সিদ্ধান্ত টানেন, ‘আমাদের ওপর দায়-দায়িত্ব অর্পণের আগে ডেনিশদের আরও সময় দরকার।’ দেশবাসীর মন জয় করতে তাঁদের সমস্যা ও চাওয়া-পাওয়ার দিকে আন্তরিক দৃষ্টি দেন থর্নিং-স্মিডট। চলমান গুরুতর অর্থনৈতিক সংকট সত্ত্বেও এবারের নির্বাচনী প্রচারণায় কর বৃদ্ধি ও সরকারি ব্যয় বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন তিনি। থর্নিং-স্মিডট জনগণকে প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় গেলে ইউরোপের আর দশটা দেশের মতো কৃচ্ছ্রসাধনের পথ ধরবেন না তিনি। জনকল্যাণ ব্যবস্থা বজায় রাখবেন। অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর লক্ষ্যে নির্বাচনী প্রচারণায় প্রত্যেক নাগরিককে প্রতিদিন ১২ মিনিট বেশি কাজ করার আহ্বান জানান থর্নিং-স্মিডট। এতে প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা বেশি কাজ করা হবে। তাঁর দলের দাবি, এই অতিরিক্ত কাজ মন্দা কাটিয়ে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে। অবশ্য বিদায়ী প্রধানমন্ত্রী লার্স লক রাসমুসেন ও অন্য সমালোচকেরা এ প্রস্তাবকে ‘প্রকৃত অর্থ নয়, বরং ১২ মিনিটের অর্থ’ বলে উড়িয়ে দেন। বেলজিয়ামে পড়াশোনার সময় থর্নিং-স্মিডটের সঙ্গে পরিচয় হয় তাঁর হবু স্বামী স্টিফেন কিনকের। স্টিফেন কিনক ব্রিটিশ লেবার দলের নেতা নীল ও গ্লেনিস কিনক দম্পতির ছেলে। স্টিফেন বর্তমানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) পরিচালক। তিনি ১৯৯৬ সালে থর্নিং-স্মিডটকে বিয়ে করেন। দুই মেয়েকে নিয়ে থর্নিং-স্মিডট বসবাস করেন কোপেনহেগেনে। স্টিফেন কিনককে চাকরির জন্য থাকতে হয় সুইজারল্যান্ডে। এ নিয়েও গণমাধ্যমে তাঁদের সমালোচনা হয়েছে। এমনকি স্টিফেন কিনক ডেনমার্কের স্থায়ী বাসিন্দা নন, এ অজুহাতে এই দম্পতি কর ফাঁকি দিচ্ছেন বলেও অভিযোগ ওঠে। অভিযোগ খতিয়ে দেখতে গত বছর তাঁদের বিষয়ে তদন্ত করা হয়। থর্নিং-স্মিডট এ ব্যাপারে বলেন, স্বামী কতবার দেশের বাইরে যান সে হিসাব করতে গিয়ে তিনি ‘বিরাট ও বেআক্কেলে ধরনের’ ভুল করেছেন। শেষ পর্যন্ত অবশ্য এ দম্পতি অভিযোগ থেকে অব্যাহতি পান। ক্ষমতায় গেলে বিগত সরকার ও তাদের প্রধান মিত্র ডেনিশ পিপলস পার্টির (ডিপিপি) আরোপিত কঠোর নিয়ন্ত্রণমূলক অভিবাসন নীতির পরিবর্তে অধিকতর মানবিক নীতি অবলম্বন করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছিলেন থর্নিং-স্মিডট। বিশ্লেষকেরা বলছেন, নির্বাচনী প্রচারণায় থর্নিং-স্মিডটের একজন নারী প্রতিদ্বন্দ্বী হওয়ার বিষয়টি কেউ আলাদা করে দেখেননি। ইতিমধ্যে ভাবী প্রধানমন্ত্রী দেশটির অগ্রসর লৈঙ্গিক সমতা আইনে বড় ধরনের কোনো পরিবর্তন আনবেন না বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।থর্নিং-স্মিডট যাই বলুন না কেন, তাঁর এ বিজয়কে ‘নারীদের বিজয়’ বলেই আখ্যা দিয়েছে ইনফরমেশন পত্রিকা। পত্রিকাটির খবরে বলা হয়েছে, শুধু প্রতীকী তাৎপর্যের দিক থেকেই নয়, থর্নিং-স্মিডটের এই বিজয় লৈঙ্গিক সমতার জন্য একটি মাইলফলক। তবে নারী হিসেবে বিশেষভাবে দেখা না হলেও থর্নিং-স্মিডট তাঁর ফ্যাশন সচেতনতার জন্য সমালোচিত হয়েছেন। নামীদামি ব্র্যান্ডের পোশাক পছন্দ তাঁর। সব সময় পরিপাটি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এ কারণে নিন্দুকের তোপের মুখে পড়তে হয় তাঁকে। নিন্দুকেরা বলছেন, ঐতিহ্যবাহী একটি শ্রমিক দলের নেতার গায়ে এমন বাহারি পোশাক বড় বেমানান। স্টাইলের জন্য অনেকে তাঁকে ডাকেন ‘গুচ্চি হেলে’ বলে।শুধু বাইরের লোকদেরই নয়, নিজ দলের সদস্যদের কাছ থেকেও একই ধরনের গঞ্জনা সইতে হয়েছে তাঁকে। একবার বিরক্ত হয়ে দলের এক সভায় থর্নিং-স্মিডট বলেন, ‘আমরা সবাই যা-তা চেহারা ধরে থাকতে পারি না।’ নির্বাচনে বিজয়ের পরদিন পলিটিকেন পত্রিকায় লেখা হয়, ‘একজন সোশ্যাল ডেমোক্র্যাট হিসেবে বেশি সুবেশ, দেশের প্রধান হিসেবে বড় বেশি অনভিজ্ঞ আর মানুষের মন জয় করার ক্ষেত্রে অনেক শীতল হওয়া সত্ত্বেও জিতলেন থর্নিং-স্মিডট।’সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে থর্নিং-স্মিডট বলেন, তাঁর বিজয়ে নারীদের ওপর আহামরি কোনো প্রভাব পড়বে না। তবে হয়তো এ দেশের তরুণীরা এই ভেবে ভরসা পাবেন, যে তাঁরাও একদিন প্রধানমন্ত্রী হতে পারেন।  মিজান মল্লিক