প্রথম পরীক্ষায় উত্তীর্ণ চট্টগ্রাম
চট্টগ্রামে বিশ্বকাপের ম্যাচ আয়োজন নিয়ে নানা আলোচনা-সমালোচনা ছিল। এমন কথাও উঠেছে—চট্টগ্রাম কি পারবে? ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ-কানাডা প্রস্তুতি ম্যাচের আগেও কানাঘুষা একটু হয়েছে—২০০৩ সালের বিশ্বকাপে বাংলাদেশের ঈদ মাটি করে দেওয়া কানাডা আবার অঘটন ঘটাবে না তো! তবে সব শঙ্কা দূর করে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়াম বিশ্বকাপের প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হলো। বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচ আয়োজনে যেমন সফল চট্টগ্রাম, তেমনি প্রতিপক্ষ কানাডাকে গুঁড়িয়ে দিয়ে বাংলাদেশ জানিয়ে দিল ‘চিন্তার কিছু নেই...।’ বড় কোনো আসরের আগে প্রস্তুতি ম্যাচ দলগুলোর জন্য জরুরি। পাশাপাশি এমন ম্যাচের মাধ্যমে যাচাই করা যায় আয়োজকেরা কতটা প্রস্তুত তা-ও। বলা যায়, মূল পর্বের ড্রেস রিহার্সেল। সেই প্রস্তুতি ভালোয় ভালোয় শেষ করল চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামের বিশ্বকাপ প্রস্তুতি কমিটি।তবে ছোটখাটো কিছু ভুল ছিল। স্টেডিয়ামে কর্মরত সব কর্মকর্তা ও বিভিন্ন স্থানের দায়িত্বে নিয়োজিত কর্মীদের কার্ড দেওয়া যায়নি। প্রেসবক্সের ইন্টারনেট সংযোগের গতি ছিল খুবই ধীর। মাঠের বাইরে স্টেডিয়ামের সীমানার ভেতরে প্রস্তাবিত ফুলের বাগান হয়নি, নালার ওপর বসেনি ঢাকনা (স্ল্যাব)। রং লাগেনি সদ্য দ্বিতল হওয়া গ্যালারির পেছনের দিকে। আরও কিছু কাজ বাকি রয়েছে। এর পরও সন্তুষ্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও আয়োজকেরা। ভেন্যু চেয়ারম্যান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সিরাজুদ্দীন মোহাম্মদ আলমগীর বলেন, ‘প্রস্তুতি ম্যাচ আয়োজন আমাদের জন্য একটি পরীক্ষা ছিল। এটি সফলভাবে আয়োজন করতে পেরেছি। এখানকার ছোটখাটো ভুলগুলো মূল পর্বের ম্যাচের আগে শুধরে নিতে পারব। তা ছাড়া সৌন্দর্যবর্ধনের কাজও তত দিনে শেষ হয়ে যাবে।’ তবে তিনি দর্শকদের নিয়ে দারুণ উচ্ছ্বসিত। দর্শক উপস্থিতি প্রত্যাশা ছাড়িয়ে গেছে বলে জানান তিনি। প্রস্তুতি ম্যাচ হলেও দর্শকদের আগ্রহ কম ছিল না। শনিবার ম্যাচ শুরুর তিন ঘণ্টা আগে থেকে স্টেডিয়ামের পকেট ফটকগুলোর সামনে দর্শকদের লাইন পড়ে যায়। কারও হাতে প্ল্যাকার্ড, কারও হাতে পতাকা। দুপুর সাড়ে ১২টায় ঢোকার পথের ট্রান্সটেল যন্ত্র সচল হয়ে ওঠে। যন্ত্রে টিকিট দেওয়ার সঙ্গে সঙ্গে টকটকে লাল ‘স্টপ’ শব্দ সবুজ ‘গো’ হয়ে গেল। ফটক পেরিয়ে ভেতরে ঢুকেই যেন আকাশের চাঁদ হাতে পেলেন তাঁরা। অবশ্য তার আগে তল্লাশির মুখোমুখি হতে হয় তাঁদের। অতঃপর গ্যালারিতে ঢোকা এবং বিশ্বকাপ ভেন্যু দর্শন। তখনো স্টেডিয়ামের সবুজ বুকে কানাডা ও বাংলাদেশ শেষ মুহূর্তের ব্যাট-বলের টুকটাক প্রস্তুতিতে ব্যস্ত। অথচ শুরু হয়ে গেল দর্শক উন্মাদনা। চট্টগ্রাম থেকেই যাত্রা শুরু হলো আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০১১-এর প্রাক-প্রস্তুতি পর্ব। বিকেল গড়াতে ধারণক্ষমতার সিংহভাগ পূর্ণ করল স্টেডিয়াম। দিবারাত্রির এ ম্যাচে বিকেল চারটার দিকে নতুন জায়ান্ট স্ক্রিনে সাড়ে ১২ হাজার দর্শকের উপস্থিতির ঘোষণা এল। দর্শক ধারণক্ষমতা সাড়ে ১৮ হাজার। দর্শকেরা ভেতরে ঢুকে নতুন এক স্টেডিয়ামই দেখলেন। আগের সেই গ্যালারি নেই, তাতে যুক্ত হয়েছে চেয়ার, বসেছে জায়ান্ট স্ক্রিন। স্ক্রিনে মাঝেমধ্যে ভেসে উঠছে স্কোর, ভেসে উঠছে বাংলাদেশ ক্রিকেট দলের স্মরণীয় সব ছবি। মাঠের চারদিকে বসানো হয়েছে সাউন্ডবক্স। ওভার শেষে কিংবা তামিমের চার ছক্কার সঙ্গে সঙ্গে বাজছে নানা গান। আর নাচছে পুরো স্টেডিয়াম। প্রস্তুতি ম্যাচের পাশাপাশি দর্শকেরা দেখলেন বিশ্বকাপ ভেন্যুও। এতে উচ্ছ্বসিত দর্শকেরা নিজেদের ভাগ্যবান মনে করছেন। মো. হোসেন, রাব্বিরা বললেন তাই—‘বিশ্বকাপ বলে কথা। দৃষ্টিসীমায় এত বড় আয়োজন, এই জীবনে কি আর আসবে এমন সুযোগ! তাই সুযোগটা কাজে লাগালাম। ইতিহাসের অংশ হলাম।’