প্রথম পুনর্জন্মদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্ম-বছর হিসেবে তৃষ্ণা আর কৃষ্ণার বয়স চার বছর। জন্মের সময় তারা ছিল যমজ-যুগল। দুজনে দুটি মাথা জোড়া লাগানো অবস্থায় দেখেছিল এই পৃথিবীর প্রথম আলো। দুটি স্বতন্ত্র প্রাণের একটি অস্তিত্ব। ২০০৯ সালের ১৭ নভেম্বর মেলবোর্নের শিশু হাসপাতালে ৩২ ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার, এরপর এই দুটি প্রাণ পেয়েছিল আলাদা অস্তিত্ব, যেন তৃষ্ণা আর কৃষ্ণা আবার নতুন করে জন্ম নিল। তাই এক বছর পর এই দিনটিকে বলা যায় প্রথম পুনর্জন্মদিন। খুলনার ডুমুরিয়া গ্রামের কার্তিক আর লাভলী মল্লিকের এই জোড়া যমজ মেয়ে দুটিকে নিয়ে ছিল গভীর আতঙ্ক। তাই তৃষ্ণা আর কৃষ্ণাকে বিধাতার কাছে সমর্পণের নামে তুলে দিয়েছিলেন একটি মিশনারি এতিমখানায়। সৌভাগ্যক্রমে শিশুবাৎসল রিয়া ও এটম রহমানের সহযোগিতায় মেলবোর্ন চিলড্রেন ফাস্ট ফাউন্ডেশনের পরিচালক মোয়রা কেলি আসেন তৃষ্ণা আর কৃষ্ণার জীবনদাত্রী মা হিসেবে। তুলে নেন তাদের সামগ্রিক দায়িত্ব। তাঁর আন্তরিক ও নিরলস প্রচেষ্টায় মেলবোর্নের সুদক্ষ নিষ্ঠাবান চিকিৎসক আর মমতাময়ী সেবিকা সর্বোপরি অগণিত মানুষের ভালোবাসার প্রার্থনায় সেদিন দুটি শঙ্কাময় জীবন দেখল সম্ভাবনার পথ।গত একটি বছর ছিল আশা-নিরাশার দ্বন্দ্বে পূর্ণ অধীর সময়। চিকিৎসকেরা তাঁদের সফলভাবে আলাদা করলেও সব সময় তাদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হয়েছে, তারা ছিল সম্পূর্ণ চিকিৎসাধীন। কারণ এখনো কিছু জটিলতার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে কৃষ্ণাকে নিয়ে। তবে একটি একটি করে যত দিন পার হচ্ছে, দুই যমজ বোন একটু একটু করে শক্তি অর্জন করছে এবং সহমর্মী সবাইকে তারা আশান্বিত করে তুলছে। তাই এ বছরের ১৭ নভেম্বর ছিল জন্মদিন উদ্যাপনের আয়োজন। এদিনে কোনো কেক কাটা হয়নি, বরং সবাই মিলিত হয়েছিল মেলবোর্নের সেন্ট প্যাট্রিক চার্চে এই দুই অলৌকিক শিশুর জন্য বিধাতাকে ধন্যবাদ জানাতে। অলৌকিকই বটে! এক সময়ের জোড়া দুটি বোন, যাদের একসঙ্গে শুয়ে থাকা ছাড়া আর কোনো কিছু করা ছিল না, তাদের প্রজাপতির মতো ঘুরে বেড়াতে দেখলে মানুষের মনে অলৌকিকতার ছোঁয়াই লাগে।সামগ্রিক অনুষ্ঠানটি ছিল অত্যন্ত সুন্দরভাবে সাজানো সুমধুর সংগীতের আবহে। বসন্তের ঝলমলে দিনে কাজ থেকে ছুটি নিয়ে শত শত মানুষ এসেছিল তৃষ্ণা আর কৃষ্ণার আলাদা হওয়ার এক বছর পূর্তি আনন্দে অনুষ্ঠানে যোগ দিতে। গত বছর অস্ত্রোপচারে নিয়োজিত চিকিৎসক, সেবিকা একে একে বিশাল এক ঘরের মাঝখান দিয়ে এগিয়ে গেলেন মূল মঞ্চের দিকে। তাঁদের হাতে ছিল কৃত্রিম অরগ্যান, যেমন কিডনি, হূৎপিণ্ড, মস্তিষ্ক—প্রতীক হিসেবে যে অস্ত্রোপচারের সময় তাঁরা এসব নিয়েই ছিলেন শঙ্কিত। একটি টেবিলের ওপর সেগুলো রাখলেন, যেখানে তৃষ্ণা আর কৃষ্ণার বড় ছবি রাখা ছিল। একসময় রিয়া রহমান বাংলাদেশের পতাকা নিয়ে এগিয়ে এলেন এবং সেই টেবিলের কাছে স্থাপন করলেন। প্রধান ধর্মযাজকের বাণীর পর মঞ্চে এলেন মোয়রা কেলি; বিধাতাকে এবং উপস্থিত অভ্যাগতদের ধন্যবাদ দিতে গিয়ে কেঁদে ফেললেন মেয়েদের নতুন জীবন লাভের আনন্দে। কার্তিক আর লাভলী মল্লিকের নাম করতে তাঁর ভুল হয় না। তৃষ্ণা আর কৃষ্ণার স্থানীয় অভিভাবক এটম রহমান আবেগপূর্ণ ভাষায় গত এক বছরের সংক্ষিপ্ত বিবরণ দিলেন। রিয়ার চোখে ছিল জল, সেদিনটি ছিল তাঁর মায়ের মৃত্যুবার্ষিকী। মৃত্যুশয্যায় এই মা রিয়াকে বলেছিলেন, ‘আমার যাওয়ার সময় হয়েছে, আমি চলে যাব, কিন্তু যাদের বাঁচার সম্ভাবনা রয়েছে, তাদের দিকেই মনোযোগ দাও।’ রিয়ার মা জানতেন, সেই সময় রিয়া ও এটম তৃষ্ণা আর কৃষ্ণার অস্ট্রেলিয়া আসার ব্যাপারে সব কাগজপত্র ঠিক করছিলেন। রিয়া জানালেন, তৃষ্ণা আর কৃষ্ণার মাঝে তিনি সব সময় তাঁর মাকে খুঁজে পান। প্রতি সোমবার তিনি তৃষ্ণা আর কৃষ্ণার সঙ্গে সময় কাটান।অনুষ্ঠান চলাকালে তৃষ্ণা সবার মাঝে ঘুরে বেড়াচ্ছিল, কখনো আবার বসে ছবিতে রং করছিল, এ যেন এক অলৌকিক দৃশ্য। কৃষ্ণা অবশ্য সমানতালে সবকিছু করতে পারছিল না, তবে সংশ্লিষ্ট সব চিকিৎসক প্রচণ্ড আশাবাদী, অচিরেই কৃষ্ণাও ভরে উঠবে প্রাণপ্রাচুর্যে। একসময় সভা শেষ হয়, সব চিকিৎসক আর বিধাতার কারিশমার প্রশংসার মধ্য দিয়ে, বিজ্ঞান আর বিশ্বাস হাত ধরাধরি করে বেরিয়ে আসে অনুষ্ঠানস্থল থেকে। সবাই একে অপরের সঙ্গে হাত মিলিয়ে বলে, ‘মে পিস বি উইথ ইউ’। সবার চোখ তখন তৃষ্ণা আর কৃষ্ণার অপার সম্ভাবনার ভবিষ্যতের দিকে উন্মিলিত।