প্রথম বেতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

কেউ চাকরি পেলে সবচেয়ে বেশি যে প্রশ্নের সম্মুখীন হন, তা চাকুরেমাত্রই জানেন—বেতন কত? যদিও কথায় আছে, নারীর বয়স আর পুরুষের বেতন জিজ্ঞেস করতে নেই। কিন্তু বাস্তবে ঘটনা উল্টো। চাকরি পেলাম এক মাস হলো। এরই মধ্যে কত মানুষ যে বেতনের কথা জিজ্ঞেস করেছে, তার হিসাব নেই! লোকজনের কাছে এই একই প্রশ্ন শুনতে শুনতে যখন মোটামুটি বিরক্ত হতে শুরু করেছি, তখনই কাছে চলে এল বেতন পাওয়ার দিনটি। মাসের ১ তারিখ পার হওয়ার পরই ভাবতে শুরু করলাম এই বুঝি আজই বেতন হবে। কিন্তু ২ তারিখ যায়, ৩ তারিখ যায়, বেতন আর হয় না! অফিসে নতুন বলে কাউকে জিজ্ঞেস করতেও লজ্জা পাচ্ছিলাম। শেষে লজ্জা ভেঙে একদিন মানবসম্পদ বিভাগে জিজ্ঞেস করে বসলাম, ‘ভাই, বেতন কবে হবে?’ জানতে পারলাম ওই দিনই বেতন হবে। বেতন তোলা যাবে দুপুরের পর থেকে। ‘বহু আকাঙ্ক্ষিত’ সেই বেতন ওঠালাম বিকেলে। অফিস থেকে ফিরতে ফিরতে ভাবছিলাম টাকা দিয়ে প্রথমে কী করব। কিছুই মাথায় আসছিল না। হঠাৎ বুদ্ধি এল মাথায়—মিষ্টি কেনা যায়। বাস থেকে নেমেই মিষ্টি কিনলাম। কিন্তু মিষ্টি নিয়ে বাসায় যেতে কেমন যেন লজ্জাও লাগছিল! দেখতে দেখতে কত বড় হয়ে গেলাম! নিজ শ্রমে উপার্জিত টাকা দিয়ে কিছু কিনে বাসায় পা রাখছি! ভাবতেই কেমন যেন রোমাঞ্চ অনুভব করছিলাম। বাসায় নক করতেই দরজা খুললেন বাবা। হাতে মিষ্টি দেখেই সব বুঝে ফেললেন। মাকে ডাকলেন, আর আমাকে জড়িয়ে ধরলেন বুকে। বাবাকে বুকে জড়িয়ে ধরে থাকলাম শক্ত করে। কেন যেন একটু কান্নাও পাচ্ছিল। কী অদ্ভুত!