
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবনে দেখতে দেখতেই কেটে গেল পাঁচটি বছর। আমাদের বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস ছিল রংপুর শিক্ষক প্রশিক্ষণ কলেজে। সব বিভাগে শিক্ষক নিয়োগের আগেই আমরা ভর্তি হয়েছিলাম। প্রথম বছর ছয়টি বিভাগে আমরা ৩০০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছিলাম। শিক্ষক ছিলেন না বলে আমাদের অভিভাবকেরা দুশ্চিন্তায় ছিলেন। তারপর ১২ জন শিক্ষক নিয়োগ দেওয়া হলো। আমাদের ভর্তির অনেক দিন পর ক্লাস শুরু হয়। ২০০৯ সালের ৪ এপ্রিল আমাদের শিক্ষাকার্যক্রম উদ্বোধনের দিন অনেকের সঙ্গে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক আনিসুল হক। প্রথম উপাচার্য ছিলেন প্রফেসর ড. এম লুৎফর রহমান স্যার। বাবার মতো আমাদের স্নেহ করতেন। তাঁর বিদায়ের দিন আমরা অনেকেই কেঁদেছি। আমরা প্রায় দুই বছর ছিলাম অস্থায়ী ক্যাম্পাসে। এখন আমাদের সব কার্যক্রম চলছে নতুন ক্যাম্পাসে। ছয়টি বিভাগ দিয়ে শুরু হওয়া বিশ্ববিদ্যালয়ে ধীরে ধীরে অনেক বিভাগ চালু হয়েছে। এখন ২১টি বিভাগে পাঠদান চলছে। শতাধিক শিক্ষক আর পাঁচ সহস্রাধিক শিক্ষার্থী এখন এখানে। গত পাঁচ বছরে আমরা চার বছরের শিক্ষাজীবন শেষ করেছি। কত অভিজ্ঞতায় সমৃদ্ধ আমাদের বিশ্ববিদ্যালয়জীবন! সম্মান কোর্স সফলভাবে সম্পন্ন করে আমরা এই বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক হওয়ার গৌরব অর্জন করেছি। আমাদের এখন চেষ্টা হচ্ছে সম্মানজনক কর্মজীবন। আমাদের সাফল্যেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সুনাম জড়িত। আমরা আমাদের মাতৃরূপ বিশ্ববিদ্যালয়ের সম্মান অটুট রাখতে বদ্ধপরিকর।