প্রথম রাষ্ট্রীয় পেনশন ও আজকের ইউরোপ
বিশ্বের প্রথম রাষ্ট্রীয় পেনশন-ব্যবস্থার সূচনা হয় জার্মানিতে। ১৮৮৯ সালে চ্যান্সেলর অটো ভন বিসমার্ক তা চালু করেন।এটি এক হিসেবে বিস্ময়কর। কারণ, পশ্চিমী পুঁজিবাদী ভাবধারায় এটি একান্তই সমাজতান্ত্রিক একটি ব্যাপার। আর সমাজতন্ত্রীদের দুই চোখে দেখতে পারতেন না বিসমার্ক। বলা হয়ে থাকে, মূলত রাজনৈতিক বিরোধীদের কোণঠাসা করতেই এ কর্মসূচি নিয়েছিলেন তিনি। আরেক উদ্দেশ্য ছিল এটা দেখানো যে ‘পুঁজিবাদী হলে আমাদেরও মানুষের প্রতি সহানুভূতি আছে।’ বিসমার্কের সময় ৭০ বছরে অবসরের সময় ঠিক করা হয়। তখন হয়তো মনে করা হয়েছিল এর দু-চার বছর পরই পরপারে পাড়ি দেবে পেনশনভোগী। কাজেই বেশি দিন তাকে পোষার চিন্তা করতে হবে না রাষ্ট্রকে। তবে ১৯১৬ সালে অবসরের বয়স কমিয়ে করা হয় ৬৫। এ ব্যবস্থাই চালু ছিল ১৯৮৯ সালে দুই জার্মানির এক হওয়া পর্যন্ত। এত দিনে জার্মান তথা ইউরোপীয়দের গড় প্রত্যাশিত আয়ু অনেক বেড়েছে। এখন আর বিসমার্কের সময়ের মতো দু-চার বছর নয়, অবসর নেওয়া নাগরিককে পেনশন দিয়ে যেতে হবে ২০-৩০ বছর পর্যন্ত।