প্রথম শিরোপা পতেঙ্গার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তস্কুল ফুটবল টুর্নামেন্টের প্রথম আসরেই বাজিমাত করেছে পতেঙ্গা উচ্চবিদ্যালয়। ফাইনালে চিটাগাং গ্রামার স্কুলকে (সিজিএস) হারিয়ে ঘরে তোলে শিরোপা। চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (সিডিএফএ) উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত বিএন শিপিং আন্তস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় গত ২২ সেপ্টেম্বর। এম এ আজিজ স্টেডিয়ামের ফ্লাড লাইটের আলোয় কিশোর ফুটবলারদের নৈপুণ্য মুগ্ধ করে দর্শকদের।ফাইনালে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত খেলায় প্রাধান্য ছিল পতেঙ্গা উচ্চবিদ্যালয় দলের। আগের ম্যাচগুলোতে মাঠে চমৎকার নৈপুণ্য দেখিয়েছিল সিজিএস। কিন্তু ফাইনালে এসে তারা বেসামাল হয়ে যায়। নিয়মিত গোলরক্ষক ছাড়া খেলতে হবে জেনে সারাক্ষণ চাপের মুখে থেকে শেষ পর্যন্ত ০-৩ গোলে হার মানে। খেলায় সেরা গোলদাতা হয় সিজিএসের ইন্তিসার মোস্তাফা। সেরা খেলোয়াড় বিজয়ী দলের ইসহাক।খেলা শেষে প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান বিএন শিপিং এজেন্সি অ্যান্ড ট্রেডিং লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ।উপস্থিত ছিলেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি আলী আব্বাস, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি মনজুর আলম, ওয়াহিদ দুলাল, সাধারণ সম্পাদক এস এম শহীদুল ইসলাম, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মাহমুদুর রহমান প্রমুখ।উল্লেখ্য, টুর্নামেন্ট শুরু হয় গত ১৪ সেপ্টেম্বর থেকে। টুর্নামেন্টে নয়টি বিদ্যালয় অংশগ্রহণের জন্য নিবন্ধন করলেও শেষ মুহূর্তে ফরহাদাবাদ উচ্চবিদ্যালয় ও টিএসপি কমপ্লেক্স স্কুল খেলতে অপারগতা জানায়। ফলে সাতটি বিদ্যালয় নিয়ে প্রথমবারের মতো এই স্কুল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন।