খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় প্রথম শ্রেণীর পদ আছে ১৪টি, এর মধ্যে নয়টি দীর্ঘদিন শূন্য। দ্বিতীয় শ্রেণীর নয়টির মধ্যে চারটি শূন্য। বেশির ভাগ পদে দায়িত্ব পালন করছেন ভারপ্রাপ্ত ব্যক্তিরা। এতে প্রশাসনিক কর্মকাণ্ডে নানা সমস্যা হচ্ছে, দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। উপজেলার চেংগী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী অনিলচন্দ্র চাকমা ও পানছড়ি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী অসেতু বিকাশ চাকমা ক্ষোভ প্রকাশ করে বলেন, উপজেলার প্রথম শ্রেণীর কর্মকর্তা কম থাকায় ছবিসহ গুরুত্বপূর্ণ কাগজ সত্যায়িত করায় সমস্যা হচ্ছে। জানা যায়, উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, পশুসম্পদ কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা, বিআরডিবি কর্মকর্তা, মহিলাবিষয়ক অধিদপ্তরের কর্মকর্তার পদ দীর্ঘদিন ধরে শূন্য। নির্বাচন কর্মকর্তা না থাকায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন নিয়ে নানা সমস্যায় পড়ছেন। বিভিন্ন গ্রাম থেকে আসা সম্ভাব্য চেয়ারম্যান, সদস্য (মেম্বার), সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীসহ অন্যরা নির্বাচনী তথ্যের জন্য বিপাকে পড়ছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল আলম ২০০৯ সালের এপ্রিলে বরিশালে বদলি হওয়ার পর থেকে এ পদে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তিনি মাসে একবারও কার্যালয়ে বসেন না বলে অভিযোগ করেন শিক্ষকেরা। ফলে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন পেতে প্রতিমাসে খাগড়াছড়ি জেলা শিক্ষা কার্যালয়ে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সই আনতে হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পদটি সাত বছর ধরে শূন্য রয়েছে। এ পদে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষা কর্মকর্তা সাইফুর রহমান। তিনি বলেন, ‘আমার নিজের কার্যালয়ের কাজের বাইরে অতিরিক্ত এ দায়িত্ব পালনে হিমশিম খেতে হচ্ছে। কাজের চাপে সময়মতো সবকিছু করা সম্ভব হয়ে ওঠে না।’উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গফুর ২০০৯ সালের জুলাইয়ে বদলি হওয়ার পর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খিজির হোসেন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনিও বুনিয়াদি প্রশিক্ষণের জন্য চার মাস ধরে ছুটিতে আছেন। ২০০৮ সালে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সুজিত নারায়ণ ত্রিপুরা অবসরে যাওয়ার পর থেকে পরিসংখ্যান কার্যালয় বন্ধ রয়েছে। সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম ২০০৮ সালে টাঙ্গাইল বদলি হয়ে যান। সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার পদ সৃষ্টি না হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তারা এ দায়িত্ব পালন করে আসছেন। ফলে নানা কাজে ভোগান্তি পোহাতে হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তিদের। পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাদের শেখ বলেন, ‘বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে কর্মকর্তা না থাকায় সম্ভাব্য চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীরা গুরুত্বপূর্ণ কাগজ সত্যায়িত করার জন্য আমার কাছে আসেন। শূন্যপদে লোক নিয়োগ দেওয়ার ব্যাপারে জেলা প্রশাসককে অনেকবার অবহিত করেছি।’