
প্রথম সন্তান সাধারণত অন্য সন্তানদের চেয়ে বেশি বুদ্ধিদীপ্ত হয়। কারণ, তারা শৈশবের শুরুর দিকে মা-বাবার কাছ থেকে বাড়তি মানসিক উদ্দীপনা পেয়ে থাকে। ফলে শিক্ষা-দীক্ষা ও পেশাগত অর্জনের ক্ষেত্রেও তারা এগিয়ে থাকে। নতুন এক গবেষণার ভিত্তিতে জার্নাল অব হিউম্যান রিসোর্সেস এমন তথ্য দিয়েছে।
এডিনবরা বিশ্ববিদ্যালয়ের একদল অর্থনীতিবিদ দেখতে পান, প্রথম জন্ম নেওয়া ব্যক্তিরা ছোট ভাইবোনদের চেয়ে বেশি সাধারণ বুদ্ধিমত্তার অধিকারী হয়ে থাকে। এক বছর বয়স থেকেই তারা এ বিষয়ে পারদর্শিতা দেখাতে শুরু করে। সিডনি বিশ্ববিদ্যালয় পাঁচ হাজার শিশুর পাঠ ও শব্দভান্ডারের পরীক্ষার তথ্য-উপাত্ত সংগ্রহ করেছিল। সেগুলো বিশ্লেষণ করেই এডিনবরার গবেষকেরা কাজ করেছেন। তাঁরা দেখতে পান, প্রথম সন্তানের জীবনের শুরুর দিকে মা-বাবা এমন কিছু সাহায্য করেন যেগুলো তার চিন্তাভাবনার বিকাশে সাহায্য করে। ফলে সে বিভিন্ন পরীক্ষা ভালো করার সামর্থ্য অর্জন করে।
জন্মের পর থেকে ১৪ বছর বয়স পর্যন্ত মানসিক বিকাশের ধরন বিশ্লেষণ করে ওই গবেষকেরা দেখতে পান, দ্বিতীয় বা তৃতীয় সন্তানেরা মস্তিষ্কের উদ্দীপনার সহায়ক যত্নআত্তি মা-বাবার কাছ থেকে তুলনামূলক কম পেয়ে থাকে। প্রধান গবেষক আনা নুয়েভা-চিকেরো বলেন, একজন মানুষের জীবনের পরবর্তী পর্যায়ের বিভিন্ন ধাপের অর্জনগুলোর নেপথ্যে শৈশবের একটা ভূমিকা থাকে।
সাফল্য ও উচ্চাকাঙ্ক্ষার দিক দিয়ে প্রথম সন্তানের এগিয়ে থাকার বিষয়ে আগেও একাধিক গবেষণায় ইঙ্গিত মিলেছে। যুক্তরাজ্যের এসেক্স বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দেখিয়েছেন, একই পরিবারের প্রথম সন্তানেরা উচ্চশিক্ষা অর্জনের বিষয়ে অন্য ভাইবোনদের চেয়ে ১৬ শতাংশ এগিয়ে থাকে।