স্বপ্ন নিয়ে পাতায় এভারেস্ট-যাত্রা এবং এর প্রস্তুতির কাহিনি ধারাবাহিকভাবে লিখছেন এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম। আসুন, তাঁর কাছ থেকে জেনে নেওয়া যাক দুঃসাহসিক সে অভিযানের পুঙ্খানুপুঙ্খ বিবরণ।বাকি চার অভিযাত্রীর মধ্যে তাওহীদ ও রাফা—দুজনই পর্বতারোহণের জগতে একেবারেই নতুন। তাঁদের পর্বতারোহণের কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই, শুধু দেশে নর্থ আলপাইন ক্লাব (এনএসিবি) আয়োজিত পর্বতারোহণ কৌশল প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছিলেন। আর লাংসিসা রি বেস ক্যাম্পের কাছের পর্বতে পর্বতারোহণের একেবারে মৌলিক বিষয়গুলোর সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। কাজেই রাফা ও তাওহীদকে নিয়ে লাংসিসা রি পর্বত জয়ের চ্যালেঞ্জটা ছিল একেবারে নতুন মাত্রার। এটা ছিল আমার একটা ‘গ্যাম্বলিং’। তাঁদের আত্মবিশ্বাস সুদৃঢ় করতে হবে, এনএসিবিকে প্রতিষ্ঠিত করতে হবে। সিদ্ধান্ত নিয়েছিলাম, যেভাবেই হোক তাঁদের দুজনকে এ পরীক্ষায় সফলভাবে পাস করাতে হবে।অষ্টম দিনে শেরপা গণেশ মাগার রক্ত-আমাশয়ে আক্রান্ত হলেন। প্রথম দিন চিকিৎসা চলল শেরপারীতিতে—ওষুধ, সঙ্গে বিভিন্ন ধরনের আচার পালন। দ্বিতীয় দিন সকালেও যখন তিনি সুস্থ হলেন না, এবার দলনেতা হিসেবে হস্তক্ষেপ করলাম। তিনি কী ধরনের ওষুধ নিচ্ছেন, জেনে নিয়ে বাংলাদেশ থেকে সঙ্গে নিয়ে যাওয়া ওষুধ দিলাম, এক ডোজেই অসুখ শেষ। এটাকে শুভলক্ষণ হিসেবে ধরে নিলাম সবাই। কারণ, অভিযান শেষ হওয়ার আগেই দুজন অভিযাত্রীকে ফেরত পাঠাতে হয়েছে। এ মুহূর্তে আর কোনো দুর্ঘটনা নয়।এর মধ্যে সোম বাহাদুর অসাধ্য সাধন করেছেন। তিনি একাই লাংসিসা রির ক্যাম্প ওয়ানে যেতে টেকনিক্যাল ক্লাইম্বিংয়ের জন্য রক ফেসে প্রয়োজনীয় রোপ ফিক্স করেছেন প্রায় দেড় হাজার ফুট। বয়স প্রায় ৫৬। কিন্তু মনের দিক থেকে তরুণ এই শেরপা নিজে করিৎকর্মা, অন্যদেরও সমান উৎসাহ জোগাতেন সব সময়। দলকে রাখতেন হাস্যরসে ভরপুর।তবে প্রয়োজনীয় অর্থের ঘাটতি থাকায় সবার জন্য পর্বতারোহণের সরঞ্জাম নিয়ে যাওয়া হয়নি। ফলে সিদ্ধান্ত হলো, শেরপাদের কাছ থেকে এক সেট হারনেস ও ক্যারাবিনা সংগ্রহ করা হবে। সোম ও গণেশ রাজিও হলেন। এভাবে দশম দিনে শুরু হলো বেস ক্যাম্প থেকে চূড়ার দিকে চূড়ান্ত যাত্রা।কিন্তু ঘণ্টা তিনেক পরই বিপত্তি। শেরপারা ক্যাম্প ওয়ানের পথে বাকি রক ফেসে রোপ ফিক্স করার জন্য আগেই পথ এগিয়েছেন। ফলে তাঁদের কাছ থেকে হারনেস ও ক্যারাবিনা নেওয়ার কথা থাকলেও তা আর হলো না। এখন কী করা? অসহায় বোধ করছিলাম। কারণ কোনো একজনের স্বপ্নের মৃত্যু ঘটতে যাচ্ছে। কিন্তু কে হবেন সেই মহানুভব, বড় আত্মার অধিকারী? যিনি কিনা নিজে না গিয়ে আরেকজনকে সামিটে যাওয়ার ব্যাপারে সহায়তা করবেন?এ সময় এগিয়ে এলেন রাফা। তিনি নিজেকে প্রত্যাহার করে নিয়ে তাওহীদের জন্য সুযোগ করে দিয়েছিলেন। তিনি সামিটে পৌঁছাতে পারেননি ঠিকই, তবে বিশাল মনের পরিচয় দিয়েছিলেন লাংসিসা রি পর্বতের চূড়ার প্রায় হাজার ফুট নিচে থেকে আরেকজনকে সুযোগ করে দিয়ে। ফিক্স রোপ ক্লাইম্বিং পয়েন্ট থেকে তিনি সবাইকে শুভকামনা জানিয়ে বেস ক্যাম্পে নেমে গেলেন ঠিকই, তবে আমার মন ভেঙে গেল। কারণ, ঢাকার রমনা পার্ক থেকে শুরু করে লাংসিসা রি পর্বতের এ পর্যায় পর্যন্ত রাফা ও তাওহীদ যেভাবে এসেছেন, এমন মনমানসিকতা দেশের অনেক প্রশিক্ষণপ্রাপ্ত পর্বতারোহীর মধ্যেও বিরল।এ পর্যন্ত আর কত ঝক্কি পোহাতে হবে সামনে—নিজের মনকে জিজ্ঞেস করছিলাম এ সময়ে।মীর শামসুল সবার আগে, মাঝে তাওহীদ আর শেষে আমি—এভাবে চলছিল ক্লাইম্বিং। পর্বতের পাথুরে গায়ে একের পর এক ‘অ্যাংকর পয়েন্ট’ পার হচ্ছিলাম। বুঝতে পারছি, প্রায় ৬০ ডিগ্রি খাড়া ঢালে আরোহণ করাটা তাওহীদের জন্য মারাত্মক একটা চাপ। কিন্তু তাঁকে উৎসাহ দিয়ে সেই চাপ বুঝতে দিচ্ছি না। প্রয়োজনীয় ক্ষেত্রে সহায়তা করছিলাম। কিন্তু মীর শামসুল মাঝেমধ্যেই তাঁকে বলছিলেন, ‘তাওহীদ, জুমার ছেড়ে দাও। জুমার ছেড়ে আগাও।’শুনে আমার কান গরম হয়ে উঠল। বললাম, আপনি ওকে মারতে চাইছেন নাকি? যে জুমার এই মুহূর্তে পর্বতারোহীর কাছে জীবন্মৃত্যুর সমার্থক, তাঁকে আপনি বলছেন ছেড়ে দিয়ে আরোহণ করতে? তাঁকে জিজ্ঞেস করলাম, আপনি আসলে কী করতে চাইছেন? এবার মীর শামসুল যা বললেন তার সারমর্ম হলো, যেহেতু তাওহীদের বিশাল বপু, তাই দুজন কোনো এক অ্যাংকর পয়েন্টে গিয়ে পার হওয়ার সময় রোপ টান টান হয়ে থাকছে। ফলে অ্যাংকর পয়েন্ট পার হওয়া তাঁর জন্য সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। এবার তাঁকে বললাম, তাহলে আপনি ওকে বলেন রোপ ঢিল করে আপনাকে সহায়তা করতে। তাওহীদ তো নতুন, জুমার ছেড়ে আরোহণ করতে বললে তিনি তো সংশয়ে পড়ে যাবেন।এদিন বেস ক্যাম্প ছেড়েছি সকাল সাড়ে সাতটায়। এভাবে আরোহণ করতে করতে সন্ধ্যা নাগাদ পৌঁছালাম ক্যাম্প ওয়ানে। পরদিন বরফের দেয়ালে শেরপারা রোপ ফিক্স করলেন। আর আমরা আরোহীরা বরফের ঢালে তাওহীদকে শেখালাম বরফে পর্বতারোহণের কৌশল।আগে থেকেই শেরপারা বলছিলেন, হিমালয়ের পরিবেশ বদলে যাওয়ার কারণে লাংসিসা রি পর্বতের মূল সামিটে যাওয়ার রুট আর আগের মতো নেই। অনেক ক্ষেত্রেই হিমবাহ গলে বড় বড় ফাটল তৈরি হয়েছে। সে ক্ষেত্রে আর্থিক অসংগতির কারণে বহু সরঞ্জাম সঙ্গে আনতে না পারায় মূল সামিটে যাওয়া সম্ভব না হলেও সেকেন্ড সামিট জয়ের টার্গেট থাকবে দলের। কারণ, পর্বতারোহণে নিরাপত্তাই প্রথম। নিরাপদে সামিটে পৌঁছে ফিরলে তবেই আবার পর্বতারোহণে যাওয়া সম্ভব। আর লাংসিসা রির সেকেন্ড সামিট নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনেরও স্বীকৃত সামিট।২০০৮ সালের ১ ডিসেম্বর সবাই গিয়ে পৌঁছালাম লাংসিসা রি পর্বতের সেকেন্ড সামিটে। নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশের এভারেস্ট অভিযানের প্রথম ধাপ আমরা সাফল্যের সঙ্গে পার হলাম। সেদিন বেস ক্যাম্পে নামার পথে রাফা এগিয়ে এসে সবাইকে অভিনন্দন জানালেন। সব সদস্যের আত্মবিশ্বাসের পারদ ছিল বেশ তুঙ্গে—আর কয়েক ধাপ পরই এভারেস্ট।[email protected]বাকি অংশ আগামী পর্বে