খুবই ছোটবেলায় গান ছিল তাঁর নিত্যসঙ্গী। মঞ্চে জীবনের প্রথম গান গাইতে হয়েছিল চেয়ারে দাঁড়িয়ে। কারণ, মাইক্রোফোন ছিল যে তাঁর নাগালের বাইরে! এর পরপরই শুরু হলো জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ। ২০০২ সালের শাপলা কুঁড়িতে নজরুলসংগীত গেয়ে হলেন দ্বিতীয়। বাবা তো ভীষণ খুশি। ভাবলেন, মেয়ে বড় শিল্পী হবে। কিন্তু নবম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে গান-বাজনা সব শিকেয় উঠল। এসএসসি, এইচএসসিতে মোটামুটি ফল হলো। ভর্তি হলেন ইডেন মহিলা কলেজে, গার্হস্থ্য অর্থনীতি বিভাগে। আর তাঁর স্নাতকের ফল দেখে চমকে গেল সবাই। পুরো বাংলাদেশে প্রথম! হোক না জাতীয় বিশ্ববিদ্যালয়, প্রথম তো একজনই হন। বলছিলাম আন্নাত বারীর কথা। (পরিবার ও বন্ধুমহলে অবশ্য ও ক্ষমা নামে পরিচিত।)সর্বশেষ প্রকাশিত স্নাতক চূড়ান্ত ফলাফলে গার্হস্থ্য অর্থনীতি বিভাগের প্রথম স্থানটি দখল করেছেন তিনিই। আমাদের দেশে গার্হস্থ্য অর্থনীতি বিষয়টি বিভাগ হিসেবে আছে গুটি কয়েক কলেজে। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস ছাড়া পড়া, সে-ও চাট্টিখানি কথা নয়। তাই আন্নাতকে খাটতেও হয়েছে প্রচুর।আন্নাত বারী বললেন, ‘গার্হস্থ্য অর্থনীতি এমন একটি বিষয়, যেখানে অনেক ধরনের বিষয় পড়তে হয়। এমনকি এখানে জীববিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, রসায়নের কিছু বিষয়ও পড়তে হয়। একই সঙ্গে চলে ব্যবহারিক ক্লাস। তাই পড়া একঘেয়ে হওয়ার কোনো সুযোগই নেই।’ অনেকেই ভাবেন, ভালো গৃহিণী হওয়া ছাড়া এ বিষয় দিয়ে ভবিষ্যতে কিছু করার সুযোগ নেই। তাঁরা জানেন না, বর্তমানের তথাকথিত ভালো বিষয়গুলোতে পড়ে একদিন কিছু হয়ে ওঠার আগেই এ বিষয় থেকেই ক্যারিয়ার গড়া সম্ভব। আন্নাত জানালেন, দেশি-বিদেশি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানসহ বায়িং হাউস, গার্মেন্টস, শিক্ষকতা কিংবা সেবামূলক খাতগুলোতে গার্হস্থ্য অর্থনীতি-পড়ুয়ারা অনায়াসে কাজ করছেন। সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে দিন দিন বাড়ছে অভিজ্ঞ পুষ্টিবিদের চাহিদা। এ ছাড়া বিসিএস পরীক্ষা দেওয়ার সুযোগ তো আছেই। আন্নাত অবশ্য আরও বড় কিছুর স্বপ্ন দেখেন। পুষ্টিবিজ্ঞানে পিএইচডি করার ইচ্ছা তাঁর। সবশেষে এত ভালো ফলের সব কৃতিত্ব দিলেন বাবা আবদুল বারী ও মা মাসুদা বারীকে।