ছয় ভাইবোনের মধ্যে সবার ছোট। তাই সবাই একটু বেশিই আদর করতেন। বাবা-মা, ভাইবোন সবাই যেমন আদর করতেন, তেমনই শাসনও করতেন সমানভাবে। বাবা তো সময় পেলেই বসে যেতেন ছেলেকে নিয়ে পড়ার টেবিলে। বড় ভাইবোনেরা সব সময় দিকনির্দেশনা দিতে একটুও ভুলতেন না। তার পরও এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অর্জন করতে পারেননি জিপিএ-৫। থেমে থাকলে তো আর চলবে না, তীরহারা ঢেউয়ের সাগর পাড়ি দেওয়ার সংকল্প যে অন্তরে। সব বাধাবিপত্তি পেরিয়ে ভর্তি হন খুলনা বিশ্ববিদ্যালয়ে। হ্যাঁ, চুপচাপ শান্ত প্রকৃতির, আত্মবিশ্বাসী সেই ছেলেটি হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের অনতম মেধাবী মুখ শাহাদাত হোসেন। ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের ২০১০ সালের অনার্স (চূড়ান্ত) পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি।‘এই অর্জন আমার ভবিষ্যৎ জীবনে চলার পথকে সহজ করবে।’ বলছিলেন শাহাদাত হোসেন। কিশোর বয়স থেকেই বইয়ের প্রতি যে ভালোবাসা ছিল তা এখনো ধরে রেখেছেন নিজের মধ্যে। তাই তো সারাক্ষণ ডুবে থাকেন জ্ঞানের রাজ্যে, যেখানে সঙ্গী হিসেবে থাকে বই। কঠোর পরিশ্রমের মাধ্যমে অনার্স পরীক্ষায় সিজিপিএ-৩.৮৩ অর্জন করেছেন।বাবার চাকরির সুবাদে ছোট থেকেই খুলনা শহরে বড় হয়েছেন। ‘প্রকৃতির প্রতি ভালোবাসা থেকে ভর্তি হওয়া ফরেস্ট্রিতে’, বলছিলেন শাহাদাত হোসেন। ইচ্ছা ছিল জীবনে কিছু করার। কারণ, বাবা-মায়ের চোখের জ্যোতি। আর জ্যোতি হয়ে আলো ছড়াবেন না তা কি হয়?পড়া নিয়ে যতই ব্যস্ততা থাক না কেন, অবসরে মজার ভুবনের সঙ্গে নিজেকে যুক্ত করতে ভুল হয় না কখনো। তাই তো অবসর পেলেই হাতে ওঠে গল্পের বই। বয়স তো কম হলো না কিন্তু সেই ছোটবেলার প্রিয় কার্টুন দেখার নেশাটা এখনো রয়ে গেছে।শাহাদাত বর্তমানে অধ্যাপক মাহমুদ হোসেনের অধীনে বন ব্যবস্থাপনার ওপর গবেষণা করছেন। ভবিষ্যতে বিদেশে উচ্চতর পড়াশোনা আর গবেষণা করতে চান এ বিষয়েই। তাই তো মাস্টার্সে ভর্তি হয়েই শুরু করেছেন নতুন সাফল্যের জন্য যুদ্ধ।