প্রথমবারেই পূর্ব বৈরাগের তাক লাগানো সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারার পূর্ব বৈরাগ নিম্ন মাধ্যমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ বছর প্রথমবার জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) অংশ নিয়েছে। বিদ্যালয়ের ৪৪ জন শিক্ষার্থীর সবাই পাস করেছে। পাশাপাশি নয়জন জিপিএ-৫ পেয়েছে।
জানা গেছে, উপজেলার ১১ ইউনিয়নের ১৫৯টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্য থেকে ২০১৩ সালের জানুয়ারিতে পূর্ব বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে নিম্ন মাধ্যমিকে উন্নীত করার অনুমতি দেওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে এ বিদ্যালয় থেকে এবার ৪৪ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজয় পাল প্রথম আলোকে বলেন, ‘প্রথম বছর অংশ নিয়ে শতভাগ পাসের পাশাপাশি নয়জন জিপিএ-৫ পাওয়ায় আমরা খুশি। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা রক্ষায় চেষ্টা করব।’
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কান্তি চৌধুরী প্রথম আলোকে জানান, ২০১৩ সালে এ বিদ্যালয়কে নিম্ন মাধ্যমিকে উন্নীত করা হয়। এরপর এ বছর প্রথমবার জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফলাফল করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বছর পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায়ও বিদ্যালয়ের ৭৭ জনের সবাই পাস করেছে।