প্রথমবারেই বাজিমাত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৃষ্টিপ্রতিবন্ধী বলেই কি তাঁদের যত সীমাবদ্ধতা? স্বাভাবিক মানুষের মতো কাজ করতে পারেন না, তাতে কি? তাঁরাও চলবেন, জানবেন, ঘুরবেন স্বাভাবিকভাবেই। এই ভাবনায় ‘টিম র‌্যাপচার’ এগিয়ে চলে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য। প্রতিবন্ধীদের সহায়তার জন্য মোবাইল ফোনে সফটওয়্যার তৈরির কাজে হাত লাগায়। এরপর একটি দারুণ গল্প। বাংলাদেশের চার তরুণের সফটওয়্যার চলে গেল ইমাজিন কাপের বিশ্ব আসরে। আর সাফল্য এল প্রথমবারেই।মানুষের কল্যাণে, জীবনযাপনে তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহারে শিক্ষার্থীদের নিয়ে উদ্ভাবনী প্রতিযোগিতার আয়োজন করে শীর্ষ সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট করপোরেশন। ইমাজিন কাপ নামের এ প্রতিযোগিতা শুরু হয়েছে ২০০৩ সাল থেকে। এ বছর প্রথমবারের মতো বাংলাদেশ অংশ নিয়েছে ইমাজিন কাপের চূড়ান্ত পর্বে। আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়—বাংলাদেশের (এআইউইবি) টিম র‌্যাপচার অংশ নেয় ইমাজিন কাপ ২০১১-এ। তাদের উদ্ভাবিত দৃষ্টিপ্রতিবন্ধীদের সহায়ক থার্ড আই বা তৃতীয় নয়ন নামের প্রকল্পটি জিতে নেয় ভোটের ভিত্তিতে দেওয়া পিপলস চয়েস পুরস্কার। ১৬ জুলাই রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জমকালো এক অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার দেওয়া হয়। হলিউড অভিনেত্রী ইভা লঙ্গোরিয়ার হাত থেকে টিম র‌্যাপচার গ্রহণ করে সেই পুরস্কার।শুরুর দিনগুলোইমাজিন কাপের প্রতিযোগিতার জন্য বাংলাদেশ থেকে একটি দল নির্বাচন করা হবে। এই খবর পেয়ে নড়েচড়ে বসলেন আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের চার তরুণ। অভিষেক আহমেদ, আহমেদ নিয়াজ মোর্শেদ (মেন্টর), মোস্তাকিম আলী ও শহিদুল ইসলাম। চার তরুণ আগেই জেনেছিলেন মানুষের কল্যাণে লাগে এমন প্রকল্প তৈরি করতে হবে। চারজনই পরামর্শ করে নিলেন তাঁদের একটি প্রকল্প নিয়ে। মুঠোফোনেই সহায়তা দেবেন দৃষ্টিপ্রতিবন্ধীদের। অভিষেক আহমেদ বললেন, ‘আমাদের কাজটি সঠিকভাবে সফল করতে আমরা সবাই আলাদা একটি বাসা ভাড়া নিই। এরপর দিনের পর দিন পরিকল্পনা চলতে থাকে।’ দৃষ্টিপ্রতিবন্ধীদের নিয়ে কাজ করতে গিয়ে প্রথমে তাদের জন্য কী সুবিধা আছে আর কী নেই, তা জানার জন্য ঢাকার রূপনগরে ব্লাইন্ড স্কুলে গিয়ে দৃষ্টিপ্রতিবন্ধীদের সঙ্গে কথা বলে ও তাদের বিভিন্ন উপকরণ দেখে ফিরে আসেন তাঁরা। শুরু হয় কাজ।‘আমরা দেড় মাস রাতদিন কাজ করেছি। এ সময় নিজেরাই খাবার তৈরি করেছি, বিশ্ববিদ্যালয়ে না গিয়ে, বাইরে না গিয়ে শুধু কাজ করেছি দৃষ্টিপ্রতিবন্ধীদের সহায়তার একটি সফটওয়্যার তৈরির জন্য। এই সফটওয়্যার হবে এমন সহায়ক, যা দৃষ্টিপ্রতিবন্ধীদের তৃতীয় চোখ হিসেবে কাজ করবে। আর এ জন্যই প্রকল্পের নাম দেওয়া হয়েছে “থার্ড আই”।’ বললেন মোস্তাকিম আলী। একটানা কাজ করার পর প্রকল্পের কাজ অনেক এগিয়ে যায়। এরই মধ্যে বাংলাদেশে ইমাজিন কাপের প্রতিযোগিতা শুরু করে মাইক্রোসফট বাংলাদেশ। মে মাসে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় থার্ড আই প্রকল্পটি।সত্যিই যেন তৃতীয় নয়নদৃষ্টিপ্রতিবন্ধীদের সহায়তার জন্য বিশেষ সফটওয়্যার হলো থার্ড আই। এটি তৈরির জন্য টিম র‌্যাপচার বেছে নেয় উইন্ডোজ অপারেটিং সিস্টেম-চালিত মোবাইল ফোন। মোস্তাকিম আলী জানান, এই মোবাইল ফোনে আছে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) প্রযুক্তি। দেখা যায় নিজের ভৌগোলিক অবস্থান। কোন স্থানে কী আছে সে নির্দেশনাও আছে এর মানচিত্রে। এই মোবাইল ফোনে ডিজিটাল কম্পাস রয়েছে। ফলে একজন দৃষ্টিপ্রতিবন্ধী এই যন্ত্রটি সঙ্গে রাখলে মোবাইলের বোতাম টিপলে তিনি জানতে পারবেন তিনি কোথায় আছেন। এতে যে স্থানে তিনি যেতে চান তার দূরত্ব বুঝতে পারবেন। তিনি যেসব স্থানে বেশি যান তা মোবাইলে বুকমার্ক আকারে সেভ হয়ে থাকবে। এই যন্ত্রটির একটি মজার দিক হলো, রাস্তায় চলার পথে আশপাশে কোনো বেড়ানোর জায়গা থাকলে তা দৃষ্টিপ্রতিবন্ধীকে জানিয়ে দেয়। সফটওয়্যার যোগ করার ফলে সবকিছুই মোবাইল ফোনটি জানাবে শব্দের সাহায্যে। দৃষ্টিপ্রতিবন্ধীদের যেকোনো বিপদে নির্দিষ্ট সার্ভারে বা তার আত্মীয়দের মোবাইলে বার্তা চলে যাবে। ফলে বিপদে পড়লে কোন স্থান থেকে তা ঘটেছে সেটা জানা যাবে।থার্ড আই ব্যবহার করে একজন দৃষ্টিপ্রতিবন্ধী মোবাইল ফোনে ই-বুক শুনতে পারবেন। বই খুললেই যন্ত্র আপনা-আপনি বই পড়ে শোনাবে। আবার ক্যামেরা দিয়ে বইয়ের ছবি তুললে পৃষ্ঠায় কী লেখা আছে তা জানতে পারা যাবে। বিভিন্ন সাইটের কোথায় কী লেখা আছে তা জানা যাবে। নিয়াজ মোর্শেদ জানান, ‘আমাদের সফটওয়্যার দিয়ে সময়, আবহাওয়ার খবর জানা যাবে। এমনকি ফেসবুকে স্ট্যাটাস দেওয়া বা কমেন্ট পড়া যাবে। এই যন্ত্রের সাহায্যে হাতের মাধ্যমে গেমও খেলা যায়। এই যন্ত্রটি আপাতত ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও রুশ ভাষা পড়তে পারে। এসব সুবিধা থাকার ফলে একজন দৃষ্টিপ্রতিবন্ধী সহজেই চলতে পারে একজন স্বাবাভিক মানুষের মতো।নিউইয়র্কের পথেচলতি মাসেই ইমাজিন কাপের চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ থেকে নিউইয়র্কে উড়াল দেয় টিম র‌্যাপচার। সেখানে বিভিন্ন দেশ থেকে আসা প্রতিযোগীরা একত্র হয়েছিলেন। ‘চূড়ান্ত প্রতিযোগিতার আগের দিন একটি খবর আমাদের চমকিত করল। আমরা যা কখনো কল্পনাই করিনি, তা-ই ঘটে গেল’—বললেন শহিদুল ইসলাম। তিনি জানান, সারা বিশ্বের ৮০টি দেশের ১৪৩টি দলের মধ্যে বাছাই করে মাত্র ১০টি দলকে সংবাদ সম্মেলনের জন্য ডাকা হলো। ‘দশের মধ্যে আমাদের দলটিও ছিল।’প্রতিটি দলের সঙ্গে সাক্ষাৎ করছেন মাইক্রোসফটের প্রেসিডেন্ট স্টিভ ব্যালমার। সময় মাত্র তিন মিনিট। একসময় বাংলাদেশের দলটিও সেই সুযোগ পেল। তাদের প্রকল্পের নানা দিক সম্পর্কে শুনছেন তিনি। নিয়াজ মোর্শেদ বললেন, ‘একটু একটু করে সময় চলে যাচ্ছে আর স্টিভ ব্যালমার আমাদের প্রকল্পের সম্পর্কে আগ্রহী হয়ে নানা প্রশ্ন করছেন। তিনি খুব অবাক হচ্ছেন বাংলাদেশের তরুণেরা এই প্রকল্প তৈরি করেছে।’জনতার ভোটে সেরাসারা বিশ্ব থেকে প্রতিযোগীরা এসেছেন ইমাজিন কাপে। পুরস্কার দেওয়ার দিন। একে একে মঞ্চ থেকে পুরস্কার ঘোষণা হচ্ছে। এখন একটি বিশেষ পুরস্কার দেওয়া হবে জানালেন সঞ্চালক। সেটি পিপলস চয়েস পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নেওয়া বিভিন্ন দলের প্রকল্পে সারা বিশ্বের সাধারণ মানুষ ভোট দিয়েছেন। সর্বোচ্চ ভোট যাঁরা পাবেন, তাঁদের হাতেই যাবে এই পুরস্কার। একটি দেশের নাম ঘোষণা হলো। সেই দেশটি বাংলাদেশ। দলের নাম টিম র‌্যাপচার। ‘আমরা সবাই সামনে গেলাম। ট্রফি হাতে নেওয়ার আগে লাল-সবুজ পতাকাটা সবার সামনে উঁচিয়ে ধরলাম। সবাই অভিবাদন জানালেন। ট্রফি হাতে পেয়ে মনে হলো এই বিজয় আমাদের একার নয়, সারা দেশের। দেশের কথা মনে হতেই গর্বে বুকটা ভরে গেল।’ বললেন শহিদুল ইসলাম। তবে একটা মজার বিষয় জানালেন তারা। মোটে তিনটা সেরা দলকে ট্রফি দেওয়া হয় এখানে। আর এটি ছিল বিশেষ ট্রফি। এই ট্রফিটাই ছিল আকারে সবচেয়ে বড়! ট্রফির সঙ্গে সঙ্গে এই দল পেল ১০ হাজার ডলার। আর প্রত্যেক সদস্যকে দেওয়া হলো একটি করে উইন্ডোজ সেভেন মোবাইল ফোন ও গেম খেলার যন্ত্র।টিম র‌্যাপচারের সদস্যরা জানালেন ইমাজিন কাপ থেকে যে টাকা আমরা পেয়েছি তার পুরোটাই দৃষ্টিপ্রতিবন্ধীদের কাজে ব্যয় করতে চাই। কল্যাণমূলক কাজে যে আনন্দ তা আর কোনো কাজের মধ্যে নেই।