প্রথমবারের মতো অনলাইনে আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নগরের সরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির আবেদন ফরম নেওয়া অভিভাবকদের জন্য ‘মহা হ্যাপা’। লম্বা লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ফরম সংগ্রহ করতে হয়। কিছু বিদ্যালয়ে তো আগের দিন রাতেই অবস্থান নেন অনেকে। পরীক্ষার আগে এটা আরেক যুদ্ধ। তবে এবার সেই কষ্ট লাগব হবে। নগরের সরকারি বিদ্যালয়ে ভর্তিতে প্রথমবারের মতো অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে।
এ ছাড়া বিদ্যালয়গুলোকে গুচ্ছ পদ্ধতিতে ভাগ করা হয়েছে। ফলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা দুবার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে। গতবার এই সুযোগ ছিল না। চট্টগ্রাম জেলা ভর্তি কমিটির ৪ নভেম্বর অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা ভর্তি পরীক্ষা কমিটি সূত্র জানায়, এবার ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ১৯, ২১ ও ২৩ ডিসেম্বর। আর আবেদন করা যাবে ২৫ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত।
চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি মেজবাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, এবার ভর্তি পরীক্ষার সব প্রক্রিয়া সম্পন্ন করা হবে অনলাইনের মাধ্যমে। শিক্ষার্থীরা আবেদন করবে অনলাইনে। পরীক্ষার ফলাফলও অনলাইনে প্রকাশ করা হবে। এতে করে শিক্ষার্থী ও অভিভাবকদের দুর্ভোগ কমবে।
জেলা প্রশাসক বলেন, ‘১৯ ও ২১ ডিসেম্বর ভর্তি পরীক্ষা সম্পন্ন করার চেষ্টা করছি। যদি এই দুদিনেও সম্ভব না হয়, তাহলে ২৩ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’
জেলা ভর্তি পরীক্ষা কমিটি সূত্র জানায়, জেলা প্রশাসনের ওয়েবসাইটে (www.chittagong.gov.bd) ভর্তির জন্য নির্দিষ্ট ফরম থাকবে। এই নির্ধারিত ফরম পূরণ করে সেখানে অভিভাবক কিংবা শিক্ষার্থীর মুঠোফোন নম্বর দিতে হবে। ফরম পূরণ করা হলে মুঠোফোনে একটি খুদে বার্তা আসবে। এরপর ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিংয়ের একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে (অ্যাকাউন্ট নম্বর-৩৬৩) দেড় শ টাকা জমা দিতে হবে। টাকা জমা দেওয়া হলে মুঠোফোনে আরেকটি খুদে বার্তা আসবে। ওই বার্তায় একটি কোড নম্বর দেওয়া থাকবে। ওই কোড নম্বর দিয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। আর ফরমে দেওয়া মুঠোফোন নম্বরে ভর্তি পরীক্ষাকেন্দ্রের নাম জানিয়ে দেওয়া হবে।
কমিটির সদস্যরা জানান, চলতি বছরের ভর্তি পরীক্ষায় ছাত্র ও ছাত্রীদের বিদ্যালয়গুলো দুটি করে গুচ্ছে ভাগ করা হয়েছে। প্রত্যেক ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীই দুটি গুচ্ছে আবেদন করতে পারবে।
ছাত্রদের একটি গুচ্ছে রয়েছে কলেজিয়েট স্কুল, হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় ও চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়। অপর গুচ্ছে রয়েছে সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়, বাকলিয়া সরকারি উচ্চবিদ্যালয় (বালক শাখা) ও নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়।
এ ছাড়া ছাত্রীদের জন্য নির্ধারিত একটি গুচ্ছে রয়েছে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও সিটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়।
অন্য গুচ্ছে রয়েছে চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও বাকলিয়া সরকারি উচ্চবিদ্যালয় (বালিকা শাখা)।
সরকারি বিদ্যালয়ে আসনসংখ্যা: এ বছর নগরের নয়টি সরকারি বিদ্যালয়ে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত আসন শূন্য রয়েছে ২ হাজার ৭৮৫। ভর্তি পরীক্ষার মাধ্যমে এসব আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। গতবার আসন শূন্য ২ হাজার ৯১৯টি।
পঞ্চম শ্রেণিতে আসন শূন্য রয়েছে ১ হাজার ৯২০, ষষ্ঠ শ্রেণিতে ৬৫৫, সপ্তম শ্রেণিতে ৪৫ এবং অষ্টম শ্রেণিতে ১৬৫টি। গত বছর আসন শূন্য ছিল পঞ্চম শ্রেণিতে ১ হাজার ৯৬০, ষষ্ঠ শ্রেণিতে ৬৪৭, সপ্তম শ্রেণিতে ১৮৩ ও অষ্টম শ্রেণিতে ১২৯টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হয়েছিল।
এবার নতুন করে আসনসংখ্যা বৃদ্ধি করার চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব ও ডা. খাস্তগীর সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসমত জাহান। তিনি গত সোমবার তাঁর কার্যালয়ে প্রথম আলোকে বলেন, চট্টগ্রামে সরকারি বিদ্যালয়ের পাশাপাশি সিটি করপোরেশন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখার মান ভালো। এ ছাড়া ভালো মানের অনেকগুলো বেসরকারি বিদ্যালয়ও রয়েছে। শিক্ষার্থীরা সরকারি বিদ্যালয়ে সুযোগ না পেলে সেসব প্রতিষ্ঠানে ভর্তি হবে।
এদিকে ভর্তির ব্যাপারে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে আজ বৃহস্পতিবার সকালে বৈঠক করতে যাচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দৌলতুজ্জামান খান প্রথম আলোকে বলেন, বৈঠকে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের বেসরকারি বিদ্যালয়ে ভর্তির নীতিমালা জানানো হবে। এই নীতিমালা অনুসরণ করার জন্য তাঁদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হবে।