প্রথমবারের মতো ইলিশের প্রজননক্ষেত্র শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের চিহ্নিত করা ইলিশ প্রজননক্ষেত্র
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের চিহ্নিত করা ইলিশ প্রজননক্ষেত্র

প্রথমবারের মতো বাংলাদেশের সমুদ্রসীমা ও উপকূলের বিভিন্ন নদ-নদীতে ইলিশের প্রজননক্ষেত্র শনাক্ত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। বছরের নির্দিষ্ট সময়ে এসব প্রজননক্ষেত্রে মাছ ধরা বন্ধ রাখলে ও দূষণ প্রতিরোধে ব্যবস্থা নিলে ইলিশের উৎপাদন দ্বিগুণ হবে বলে এই গবেষকেরা মনে করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মৎস ও সামুদ্রিক বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক মো. শাহদাত হোসেনের নেতৃত্বে দুই বছর ধরে সাইদুর রহমান চৌধুরী, এস এম শরীফুজ্জামান এবং গবেষণা সহযোগী সুব্রত সরকার দেশের সমুদ্র ও বিভিন্ন নদীর ৩০ হাজার বর্গকিলোমিটার এলাকায় গবেষণা চালিয়ে এই প্রতিবেদন তৈরি করেন। পাশাপাশি দেশের নানা এলাকার জেলেদের কাছ থেকে পাওয়া তথ্যও গবেষণার কাজে ব্যবহার করেছেন তাঁরা। সম্প্রতি বিজ্ঞান ও পরিবেশবিষয়ক অনলাইন জার্নাল ‘সায়েন্স ডাইরেক্টে’ ‘ডিসকভারিং সোয়াম্পিং গ্রাউন্ড অব হিলসা ইন কোস্টাল ওয়াটার্স অব বাংলাদেশ’ শিরোনামে এই গবেষণার পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশিত হয়।
গবেষণা প্রতিবেদনে ইলিশের প্রজননক্ষেত্রগুলোকে বেশি, মাঝারি ও কম উর্বর—এমন তিন শ্রেণিতে ভাগ করা হয়েছে। দেশের সবচেয়ে উর্বর ইলিশ প্রজননক্ষেত্রগুলো শাহবাজপুর, তেঁতুলিয়া, আন্ধারমানিক ও মেঘনা নদী এবং বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে অবস্থিত। অপর দিকে মাঝারি উর্বর প্রজননক্ষেত্রগুলো বিভিন্ন নদীর মোহনা ও সাগরের উপকূলবর্তী নদীতে ছড়িয়ে আছে। আর উপকূলের দূরবর্তী গভীর সমুদ্র এলাকায় ইলিশ খুব কম প্রজনন করে বলে এ অঞ্চলকে কম উর্বর এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ইলিশের বিচরণ ও প্রজননক্ষেত্র হওয়ায় বছরের নির্দিষ্ট সময়ে এসব এলাকায় মাছ ধরা বন্ধ করার পরামর্শ দিয়েছেন গবেষকেরা। পাশাপাশি উর্বর ও মাঝারি উর্বর প্রজননক্ষেত্রগুলোর দূষণ কমিয়ে আনারও তাগিদ দেন তাঁরা। গবেষকদের মতে, দূষণ কমানো না গেলে এই প্রজননক্ষেত্রগুলো স্থায়ী হবে না। ইলিশ তখন পার্শ্ববর্তী কোনো দেশের উপকূলে গিয়ে ডিম ছাড়বে।
দেশের সমুদ্র ও নদ-নদীর ৩০ হাজার বর্গকিলোমিটার এলাকার ২৩টি অঞ্চলের পানির ভৌত ও রাসায়নিক গুণাবলি পরীক্ষা করেছেন গবেষকেরা। পাশাপাশি পটুয়াখালী, ভোলা, হাতিয়া, লক্ষ্মীপুর, নোয়াখালী, চট্টগ্রাম, সন্দ্বীপ, কুতুবদিয়া, মহেশখালী এবং কক্সবাজারের জেলেপল্লির জেলেদের দেওয়া তথ্য বৈজ্ঞানিক উপাত্ত আকারে ব্যবহার করেছেন। এ ছাড়া তাঁরা হাতিয়া, শাহবাজপুর, তেঁতুলিয়া, আন্ধারমানিক ও মেঘনা নদীতে জেলেনৌকায় অবস্থান করে সরাসরি ইলিশ আহরণ ও ইলিশের প্রাপ্যতা পর্যবেক্ষণ করেছেন।
গবেষক দলের প্রধান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মৎস ও সামুদ্রিক বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক মো. শাহদাত হোসেন প্রথম আলোকে বলেন, বিশ্বে প্রাপ্ত ইলিশের ৯০ শতাংশই ধরা হয় বঙ্গোপসাগর থেকে। এর মধ্যে বাংলাদেশের উপকূলে ৮০ শতাংশ, ভারতের উপকূলে ১০ থেকে ২০ শতাংশ ও মিয়ানমারে ৩-৪ শতাংশ ইলিশ ধরা পড়ে। ২০১০-১১ সালের হিসাব অনুযায়ী, বাংলাদেশে এক বছরে ধরা পড়া ইলিশের পরিমাণ তিন লাখ ৪০ হাজার মেট্রিক টন।
মো. শাহদাত হোসেন জানান, ইলিশের উর্বর সব প্রজননক্ষেত্রকে অভয়াশ্রম নির্ধারণ করে ডিমওয়ালা ইলিশ সংরক্ষণ করা জরুরি। এতে প্রায় দুই হাজার কোটি পোনা বেশি উৎপন্ন হবে। পাশাপাশি সুরক্ষা দিলে বেশিসংখ্যক পোনা বড় হওয়ার সুযোগও পাবে। এতে দুই লাখ টন অতিরিক্ত ইলিশ মাছ উৎপাদিত হবে।
এমন গবেষণা আগে হয়েছে কি না, এই প্রশ্ন করা হলে মো. শাহদাত হোসেন বলেন, উপমহাদেশে ইলিশের প্রজননক্ষেত্র নিয়ে এটাই প্রথম পূর্ণাঙ্গ গবেষণা।
মো. শাহদাত হোসেন আরও বলেন, ডিম ছাড়ার মৌসুমে ইলিশ সমুদ্র থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে নদীর উজানের দিকে সাঁতরায়। কিন্তু এখন নদীতে বাঁধ তৈরি হওয়ায় এবং দূষণ ও লবণাক্ততা বেড়ে যাওয়া ইলিশের বিচরণক্ষেত্র সংকুচিত হয়ে পড়ছে। এ জন্য সরকারকে দ্রুত উর্বর প্রজননক্ষেত্রগুলো সংরক্ষণের দিকে মন দিতে হবে; রক্ষা করতে হবে এর বিচরণক্ষেত্র। এতে ইলিশের উৎপাদন প্রায় দ্বিগুণ হবে।