‘প্রথম’। এই শব্দটা সব সময় সবার জন্যই আকর্ষণীয়। সেটা হোক না প্রথম স্কুল, প্রথম প্রেম অথবা প্রথম সাফল্য। আর সেই ‘প্রথম’ শব্দটা যদি বিসিএস পরীক্ষার আগে বসে যায়, তা হলে তো কথাই নেই। এমনটাই হয়েছে ফারহানা জাহানের ক্ষেত্রে। প্রথমবার বিসিএস পরীক্ষা দিয়েই অর্জন করেছেন ৩১তম বিসিএসে প্রথম হওয়ার গৌরব।সাফল্যের পেছনকার রহস্যের অনুসন্ধান করতেই জানা গেল কতটা একাগ্রতা, নিষ্ঠা ও পরিশ্রম জড়িয়ে আছে ফারহানার সফলতার পেছনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে বিবিএর পাট চুকিয়ে ফারহানা এখন কর্মরত আছেন এইচএসবিসি ব্যাংকে। আইবিএতে পড়ার সময় থেকেই বিসিএসের প্রতি তাঁর আগ্রহ গড়ে ওঠে। কাছের বন্ধুদের কাছ থেকেই বিসিএস সম্পর্কে বেশ ভালোই খোঁজখবর পেয়ে যান তিনি। ‘অনেকের ভাবনাতেই বিসিএস একটা স্বপ্নের চাকরি। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।’ মৃদু হেসে বললেন ফারহানা।‘আমার নানাভাই ও বাবা সব সময়ই বলতেন, সম্ভব হলে সরকারি চাকরি করা উচিত। কারণ, এ ধরনের চাকরিতে সমাজের সব ধরনের মানুষের সঙ্গে কাজ করার সুযোগ হয়। তাই আমি ভেবেই রেখেছিলাম, যতবার বিসিএস পরীক্ষা দেওয়া যায়, ততবারই দেব। একবার না একবার তো হয়েই যাবে।’ এভাবেই বিসিএস সম্পর্কে তাঁর চিন্তার কথা বললেন ফারহানা।ফারহানার ফলাফল সব সময়ই ছিল তাক লাগানো। ঢাকার মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট থেকে মাধ্যমিক এবং এসওএস হারমান মেইনার কলেজ থেকে উচ্চমাধ্যমিক—দুই পরীক্ষাতেই পেয়েছেন জিপিএ-৫। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে বিবিএ পরীক্ষায় সিজিপিএ-৪-এর মধ্যে পেয়েছেন ৩.৮৪।প্রথম হওয়ার কথা ভেবেছিলেন? উত্তরে ফারহানা, ‘না, না, প্রথম হব সেটা একবারও ভাবিনি। পরীক্ষা দিয়ে সন্তুষ্ট হতে পারছিলাম না। মনে হচ্ছিল, আরও একটু ভালো হয়তো হতে পারত। পরে ভাবলাম, থাকগে, পরের বার আরও ভালো করে পরীক্ষা দেব। ফল এত ভালো হবে, তা আমি ভাবতেই পারিনি।’বিসিএস পরীক্ষা যাঁদের কাছে স্বপ্ন, সেই সব শিক্ষার্থীর জন্য কী পরামর্শ? ফারহানার জবাব, সাধারণ জ্ঞান সম্পর্কে সার্বক্ষণিক ধারণা রাখতে হবে। নিয়মিত পত্রিকা পড়ার কোনো বিকল্প নেই। পত্রিকার সম্পাদকীয় পড়তে হবে, সেখান থেকে সমসাময়িক বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। এর পাশাপাশি এখন থেকেই বিগত বছরগুলোর প্রশ্নপত্র চর্চা করা খুব জরুরি। ফারহানার প্রথম পছন্দ ছিল প্রশাসন ক্যাডার। সেটাই তিনি পেয়েছেন। শিগগিরই গেজেট প্রকাশিত হবে। তার পরই কাজে যোগ দেওয়ার পালা। ‘কাজের ক্ষেত্রে আমি অবশ্যই সততা ও নিষ্ঠার পরিচয় দিয়ে যাব।’ দৃঢ়কণ্ঠে বললেন তিনি।ফারহানার জন্য শুভকামনা জানিয়ে আমরা অপেক্ষায় রইলাম সেই সুদিনের।