প্রথমার প্রথম ভালোবাসা
এক দুই তিন...এই জনপ্রিয় হিন্দি গানের সঙ্গে টিভির সামনে দাঁড়িয়ে অবিরাম নেচে যেত আড়াই বছরের প্রথমা। মাকে একটু পরপর ডেকে দেখাত—‘দেখ দেখ মা আমারটা মাধুরীর মতো হচ্ছে না?’ মেয়েটি নাচপাগল। নাচই তার খেলা। মেয়ের এই অবস্থা দেখে মা ভাবলেন নাচ শেখাতে হবে তাকে।কিন্তু বাধ সাধলেন মেয়েটির দাদু। তাঁর কথা, বিয়ের পর মেয়েরা নাচ চালিয়ে যেতে পারে না। তাই ও অন্যকিছু শিখুক। শেষ পর্যন্ত নানা চড়াই-উতরাই পেরিয়ে নাচের ক্লাসে যাওয়া হলো তাঁর। পাশাপাশি চলতে থাকল আবৃত্তি, অভিনয় ও গানের চর্চা। তবু নাচ যে প্রথমার প্রথম ভালোবাসা। সেটা প্রমাণিত হলো বাংলাদেশে নাচের প্রথম রিয়েলিটি শো ‘নাবিলা চ্যানেল আই সেরা নাচিয়ে’ অনুষ্ঠানে। প্রথম না হতে পারলেও এই শোতে দ্বিতীয় হয়েছেন তিনি। সাউদার্ন মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী প্রথমা দাসের মুখেই শোনা গেল দ্বিতীয় সেরা নাচিয়ে হওয়ার গল্পটা।পরীক্ষার পর মায়ের সঙ্গে গিয়েছিলেন কেনাকাটা করতে। বিপণিকেন্দ্রের একটি সিডির দোকানে বেশ বড়সড় ভিড়। একটু দাঁড়াতেই চোখে পড়ল বেশ কয়েকটি পরিচিত মুখ। তাদের একজনের প্রশ্ন, ‘কিরে প্রথমা, কাল চ্যানেল আইয়ের প্রতিযোগিতায় যাচ্ছিস তো?’প্রথমা এসবের কিছুই জানতেন না। উপস্থিত প্রতিযোগীদের কেউই তাঁকে চ্যানেল আইয়ের সঙ্গে যোগাযোগের ঠিকানা দিতে রাজি হচ্ছিল না। শেষে পরিচিত এক মহিলার কাছ থেকে ঠিকানা নিয়ে গেলেন প্রতিযোগিতায়। বিচারক ছিলেন ফারজানা বেবি ও লিখন। ঢাকা যাওয়ার প্রথম কার্ডটি প্রথমাই পান। সেই থেকে শুরু তাঁর স্বপ্নযাত্রা।রিয়েলিটি শোয়ের পরিচালক ইজাজ খান তাঁকে বলেছিলেন, ‘তুমি মেডিকেলে পড়, পারবে তো দুই তিন মাস থাকতে?’ সত্যিই কঠিন ছিল সেটা। কিন্তু সবার সহযোগিতা ছিল বলে পড়া ও নাচ দুটোই চালাতে পেরেছেন তিনি। এ ক্ষেত্রে গ্রুমিং সেশনে নাচের প্রশিক্ষকেরা প্রথমার নাচটা অন্য প্রতিযোগীদের আগেই তুলে দিতেন।গ্রুমিং সেশনের সাত মাসে নৃত্যশিল্পী লিখন, সোহেল, ফারজানা বেবি ও তানজিলের কাছ থেকে প্রতিদিনই নতুন কিছু শিখেছেন তিনি। পেয়েছেন বিচারকদের ভালোবাসা। একবার অভিনয়ভিত্তিক রাউন্ডে ‘কইলজার ভিতর বাঁধি রাইখ্যম...’ গানের সঙ্গে নাচ পরিবেশন করেছিলেন তিনি। বিচারক পূর্ণিমা সে নাচ দেখে বলেছিলেন, ‘তুমি কাকে বাঁধবে আমিই তোমাকে বেঁধে রাখব’। এই ঘটনাটা প্রথমার আত্মবিশ্বাস অনেকখানি বাড়িয়ে দিয়েছিল। প্রথমার নাচ শেখা শুরু সংগীতা চক্রবর্তীর কাছে। এরপর শিশু একাডেমী ও শিল্পকলায় মোট আট বছর নাচ শেখেন তিনি। ভরতনাট্যম শেখেন শুভ্রা সেনের কাছে। এ ছাড়া বিভিন্ন সময়ে অনন্য বড়ুয়া, স্বপন বড়ুয়ার কাছেও নাচ শিখেছেন।প্রথমা বঙ্গবন্ধু জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতায় পাঁচবার অংশ নিয়ে বিভিন্ন বিভাগে পুরস্কার পেয়েছেন। ২০০৩-এ নতুন কুঁড়িতে অভিনয়ে তৃতীয় পুরস্কার পান। কিডস কালচারাল ইনস্টিটিউট থেকে ভারতের আন্তর্জাতিক থিয়েটার উৎসবে তিনবার অংশ নেন এবং একবার সেরা অভিনেতার পুরস্কারও পান। ২০০৬-এ বিটিভিতে নাচের শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন।ছোটবেলা থেকেই নাচ ও অভিনয় দুটোই সমানতালে করছেন। কোনটিকে অগ্রাধিকার দেন? প্রথমার সোজাসাপ্টা উত্তর, ‘সবার আগে নাচ আর পড়াশোনা এরপর অন্য সবকিছু।’ প্রথমা বিটিভির বিভিন্ন নাটকে অভিনয় করলেও পড়ালেখার জন্য ধারাবাহিকে অংশ নিচ্ছেন না। তবে প্রস্তাব পেলে টেলিফিল্মে অভিনয় করবেন। সিনেমায় অভিনয়ের কথা এখনই ভাবছেন না তিনি। প্রথমার স্বপ্ন এমবিবিএস শেষ করে ভারতে ক্লাসিক্যাল নাচে পড়াশোনা করবেন, পাশাপাশি এফসিপিএসটাও শেষ করবেন।প্রথমার শেষ কথা, ‘অনেক অভিভাবক মনে করেন নাচ-গান করলে পড়াশোনা হয় না। তাই আমি দুটোই একসঙ্গে করে দেখাতে চাই। আমার অনেক বন্ধুকে অষ্টম শ্রেণীর পর আর নাচ করতে দেননি তাঁদের অভিভাবকেরা। এটা যে ভুল, আমি তা প্রমাণ করতে চাই। এ ছাড়া ভবিষ্যতে একটি নাচের স্কুলও দিতে চাই।’