প্রথমে ফেল পরে জিপিএ-৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. আজাদ হোসাইন
মো. আজাদ হোসাইন

গত ৩০ মে। চট্টগ্রাম পুলিশ ইনস্টিটিউশন প্রাঙ্গণ। বিদ্যালয়ের নোটিশ বোর্ডে সবে টানানো হলো এসএসসির ফলের তালিকা। তার কোথাও নেই িবজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র মো. আজাদ হোসাইনের রোল নম্বর। যা বিশ্বাসই করতে পারছিল না সে। ছুটে যায় শিক্ষকদের কাছে। তাঁদের চোখে-মুখেও বিস্ময়! মা-বাবাও হতবাক।
প্রাথমিক ধাক্কা কাটিয়ে কিছুটা ধাতস্থ হন শিক্ষক-অভিভাবক। অভয় দেন আজাদকে। সিদ্ধান্ত হয় ফল পুনর্নিরীক্ষণের। তারপর অপেক্ষা। সাফল্যের খবরে অবসান ঘটে সে অপেক্ষার। ফেল থেকে একেবারে জিপিএ-৫।
গত শনিবার সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করে। আজাদের মতো পুনর্নিরীক্ষণের ফলে জিপিএ-৫ পেয়েছে কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী ফারহানা জাহান। সার্বিকভাবে ফল পরিবর্তন হয়েছে ১৯১ পরীক্ষার্থীর। গতবার (২০১৪) সালে পরিবর্তন হয়েছিল ১১৩ পরীক্ষার্থীর।
গত মঙ্গলবার আজাদ হোসাইন প্রথম আলোকে বলে, ‘পদার্থবিদ্যা বিষয়ে আমার পরীক্ষা ভালো হয়েছিল। নিশ্চিত ছিলাম এ প্লাস পাব। এফ গ্রেড দেখে একটু মন খারাপ হয়েছে। চিন্তায় পড়ে গিয়েছিলাম। স্যারদের সঙ্গে দেখা করি। স্যাররাও হতবাক হয়ে যান। তাঁরা ফল পুনর্নিরীক্ষণ করতে বলেন। আবার বাসায় গিয়ে প্রশ্ন চেক করে দেখি। তখন নিশ্চিত হয় এ প্লাস পাব। তাই খুব একটা চিন্তা করিনি।’
ভবিষ্যতে প্রকৌশলী হতে ইচ্ছুক এই শিক্ষার্থী বলেন, ‘পুনর্নিরীক্ষণের ফলে অনেক খুশি হয়েছি।’
পুনর্নিরীক্ষণে ছেলের ফল পরিবর্তন হবে, আত্মবিশ্বাসী ছিলেন মা আমেনা বেগম। তিনি বলেন, ‘ছেলে এসএসসিতে ভালো ফল করবে নিশ্চিত ছিলাম। তাই পরীক্ষার পরপরই উচ্চ মাধ্যমিকের প্রস্তুতি শুরু করে সে। কিন্তু ফল দেখে মাথায় আকাশ ভেঙে পড়ে। সে ফেল করবে কোনোভাবেই বিশ্বাস হচ্ছিল না।’
চট্টগ্রাম পুলিশ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক আখতার হুসেন বলেন, ‘আজাদের মতো মেধাবী ছেলের ফল দেখে আমরা অবাক হয়ে যাই। তাই তাকে পুনর্নিরীক্ষণের পরামর্শ দিই।’
পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নে গাফিলতির সঙ্গে জড়িত পরীক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য এবার আবেদন করেছিল ৯ হাজার ৭৮৬ পরীক্ষার্থী। তারা ২২ হাজার ৫২৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য গত ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত আবেদন করে। সবচেয়ে বেশি ৪ হাজার ২৮৬টি আবেদন জমা পড়ে গণিত বিষয়ের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য।