প্রথা ভাঙার ‘নায়ক’ দৌড়বিদ ক্যাথরিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাথরিন সুইৎজার

১৯৬৭ সালের ১৯ এপ্রিল প্রথম প্রথা ভেঙেছিলেন ক্যাথরিন সুইৎজার, তখন তাঁর বয়স মাত্র ২০ বছর। সে এক অদ্ভুত দিন ছিল। বোস্টনে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আসর বসেছিল। সে সময় কোনো নারীর প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি ছিল না। তবে নারী বলে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না—এমনটা মানতে নারাজ ছিলেন ক্যাথরিন।

পুরুষদের ধারণা ছিল, কোনো নারীর পক্ষে এত দীর্ঘ পথ দৌড়ানো সম্ভব নয়। সেই ধারণা ভেঙে দিতে ওই প্রতিযোগিতায় গোপনে অংশ নিয়েছিলেন ক্যাথরিন। মাইল দুয়েক দৌড়ানোর পর কর্তৃপক্ষের চোখ যায় ক্যাথরিনের দিকে। দেখতে পেয়ে তাঁকে টেনে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তবে তিনি সেই লোককে ধাক্কা দিয়ে পাল্টা সরিয়ে দৌড়ে যান। ৪ ঘণ্টা ২০ মিনিটে দৌড় শেষ করেন তিনি। গড়েন ইতিহাস। ১৯৭২ সাল থেকে বোস্টন ম্যারাথনে নারীদের অংশগ্রহণ বৈধ করা হয়।

জার্মান বংশোদ্ভূত মার্কিন লেখিকা, টেলিভিশন ধারাভাষ্যকার ও ম্যারাথন দৌড়বিদ ক্যাথরিন সুইৎজার যেন একজন প্রথা ভাঙার নায়ক। একজন অনুপ্রেরণা।

রয়টার্স, ইয়াহু নিউজসহ বিভিন্ন গণমাধ্যমে ক্যাথরিনকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ক্যাথরিন বলেন, ‘১২ বছর বয়স থেকে দৌড়ের প্রতি ঝোঁক। এটি আমার মধ্যে অর্জনের অনুভূতি দিত। আমার যখন ১৯ বছর বয়স, তখন প্রথমবারের মতো প্রশিক্ষণ নিই।

তখন আমার কোচ এবং আমি বুঝতে পেরেছিলাম দৌড়ের পথ যত দীর্ঘ হবে, আমি ততই ভালো করতে পারব। আমি ভাবতাম, অন্য নারীরা কেন দৌড়ান না। বুঝতে পারলাম, তাঁরা চেষ্টা করতে ভয় পান। কারণ, তাঁদের ওসব সীমাবদ্ধতার কাহিনি বলা হয়েছিল, তাঁরা তা বিশ্বাস করেছিলেন। আমি জানতাম, যদি তাঁদের চেষ্টা করার সুযোগ দেওয়া হয়, তবে তাঁরা তা করবেন। এটিই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমার জীবনে। সুযোগ তৈরি করার চেষ্টা করেছি এবং অন্যদের মধ্যে তা ছড়িয়েছি।’

৫০ বছর পর ৭০ বছর বয়সে ক্যাথরিন সুইৎজার আবার অংশ নেন বোস্টনে এক ম্যারাথনে। পাড়ি দেন ২৬ দশমিক ২ মাইল। তবে এবার চিত্র ভিন্ন ছিল, দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া পান ক্যাথরিন। ‘গো ক্যাথরিন, গো’ বলে উৎসাহ দেন সবাই। ২০ বছর আগের সেই ২৬১ নম্বরই গায়ে জড়ান তিনি।

সে সময় ক্যাথরিন গণমাধ্যমে বলেন, ‘আমি সব সময়ই প্রচলিত ধারণা ভেঙে দিতে চেয়েছি। প্রথমবার আমি অংশ নিয়েছিলাম নারীর প্রতি অবহেলার ধারণা ভেঙে দিতে, আর এবার অংশ নিয়েছি বয়স্ক মানুষের প্রতি অবহেলার ধারণা ভেঙে দিতে। মনে শক্তি থাকলে তুমি যেকোনো বয়সেই তোমার লক্ষ্য ছুঁতে পারবে।’

ক্যাথরিন ১৯৮০ সালে লন্ডনে অ্যাভন ইন্টারন্যাশনাল উইমেন্স ম্যারাথন আয়োজন করতে সহায়তা করেছিলেন, যা পরে ১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলেসে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে নারীদের ম্যারাথন অনুমোদনের জন্য রাজি করেছিল।