প্রথাগত আইনের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি ইতিবাচক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি জেলা জজ আদালতের প্রধান বিচারিক হাকিম মো. সামসউদ্দিন খালেদ বলেন, ‘প্রথাগত আইনের মাধ্যমে আদিবাসীরা অনেক বিরোধ সামাজিকভাবে নিষ্পত্তি করছে। তাই প্রচলিত আইনি আদালতে তাঁদের উপস্থিতি তুলনামূলক কম। এটি অবশ্যই ইতিবাচক দিক।’ ২১ মার্চ বিলাইছড়ি উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত ‘স্থানীয় পর্যায় আইনগত সহায়তা প্রাপ্তি: বর্তমান অবস্থা ও করণীয়’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) রাঙামাটি জেলা ইউনিট এ সভার আয়োজন করে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমার সভাপতিত্বে ও ব্লাস্ট রাঙামাটি জেলা ইউনিটের সমন্বয়কারী জুয়েল দেওয়ানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন বিচারিক হাকিম কাজী মো. মোহাছেন। সভায় আইনগত সহায়তাবিষয়ক মূল ধারণাপত্র উপস্থাপন করেন ব্লাস্ট প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুবা আক্তার।
মো. সামসউদ্দিন খালেদ জরুরি ভিত্তিতে উপজেলা লিগ্যাল এইড কমিটি গঠনের পরামর্শ দিয়ে আরও বলেন, ‘আইনগত সহায়তা হলো বিচারিক প্রক্রিয়ার একটি অংশ। যারা আর্থিকভাবে অসচ্ছল সহায়-সম্বলহীন ও নানা কারণে বিচার পাচ্ছে না, তাদের এই বিষয়ে জানাতে হবে।’
ধারণাপত্রে স্থানীয় পর্যায় আদিবাসীদের আইনি সহায়তা সহজ করা এবং অধিকার প্রতিষ্ঠায় যেসব প্রতিবন্ধকতা রয়েছে তা চিহ্নিত করা, স্থানীয় জনগণের মধ্যে এ বিষয়ে আরও সচেতনতা বৃদ্ধি এবং আইনি সহায়তার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বয় বৃদ্ধির পন্থা নির্ণয়ের কথা উল্লেখ করা হয়।
সভায় উপস্থিত ব্যক্তিরা উন্মুক্ত প্রশ্নের মাধ্যমে বিভিন্ন আইনি বিষয়ে সুবিধাপ্রাপ্তি, প্রথাগত বিচারিক প্রক্রিয়া এবং হয়রানিমূলক বিভিন্ন মামলার বিষয়ে পরামর্শ চান।