
গ্যালারিতে ঢোকার মুখেই ‘ফটোগ্রাফারস বাস’ দেখে থামতে হলো। তবে বাসের আদলে বানানো এই ফটোগ্রাফারস বাস একটি ছবি তোলার মঞ্চ। সেই বাসে থেকে একদল নামছে তো অপেক্ষমাণ অন্য দল উঠছে। বাসের যাত্রীদের হইহুল্লোড়ে তখন ছয় নম্বর গ্যালারি যেন উৎসবের নগরী। সাব্বির আহমেদ নামের একজন দর্শক বললেন, এই যাত্রীদের অনেকেই আলোকচিত্রী। তাঁদের ছবি নিয়েই প্রদর্শনী ‘ট্রাভেল অ্যান্ড ট্রাভেলেটস ফটোগ্রাফি এক্সিবিশন: সেশন ১’।

এই উচ্ছল যাত্রীদের রেখে প্রবেশ করি মূল প্রদর্শনীতে। ৩১ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজার ছয় নম্বর গ্যালারিতে ভ্রমণপিপাসু নারীদের সংগঠন ‘ট্রাভেলেটস অব বাংলাদেশ’ আয়োজনে তিন দিনের আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়। নারীদের সংগঠন হলেও প্রদর্শনীতে জায়গা পেয়েছে পুরুষদের তোলা ছবিও।

ট্রাভেলেটস অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাকিয়া হক বলছিলেন, পুরুষের সহযোগিতা পেলে নারীরা বাইরে বেরোতে পারবেন। আমরা চাই নারীরা অসংকোচে ভ্রমণে বের হবেন, নিরাপদে বাড়ি ফিরবেন। তাই নারীদের আলোকচিত্রের সঙ্গে পুরুষদের তোলা ছবিও আমরা প্রদর্শনীতে আহ্বান করি।

রাহাত আলী এসেছিলেন চট্টগ্রাম থেকে। তাঁর ছবি প্রদর্শনীতে জায়গা পেয়েছে। রাহাত তাঁর ছবিটা দেখালেন, ট্রলারের পাটাতনে ঘুমিয়ে আছেন একজন মানুষ। রাহাত বলেন, ‘প্রথমবার কোনো আলোকচিত্র প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেলাম। চট্টগ্রাম থেকে শুধু নিজের ছবি দেখার জন্যই ছুটে আসা।’
প্রদর্শনীতে জায়গা পেয়েছিল ১৮০টি আলোকচিত্র। অনুষ্ঠানের সমাপনী দিন প্রতিযোগিতার তিনটি বিভাগে মোট নয়টি ছবির আলোকচিত্রীকে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন আলোকচিত্রী সাইদা খানম, রফিকুল ইসলাম, আক্কাস মাহমুদ ও পল ডেভিড বারিকদার৷
ট্রাভেলেটস অব বাংলাদেশের মানসী সাহা বলেন, প্রদর্শনীর তিন বিভাগে জমা পড়েছিল প্রায় ছয় হাজার ছবি; যার মধ্যে ১৮০টি ছবি বাছাই করা হয় প্রদর্শনীর জন্য৷ নয়টি ছবি চূড়ান্ত বিজয়ী হয়। শুধু আলোকচিত্র প্রদর্শনী নয়, ৩০ মার্চ থেকে ১ এপ্রিল চলা এই প্রদর্শনী হয়ে উঠেছিল ট্রাভেলেটস অব বাংলাদেশের সদস্যদের কাছে মিলনমেলা। ঢাকা মেডিকেল কলেজের সাকিয়া হক ও মানসী সাহা মিলে প্রতিষ্ঠা করেছেন এই সংগঠন। সাকিয়া বললেন, পর্যটন মন্ত্রণালয়ের নিবন্ধিত সংগঠন ট্রাভেলেটস অব বাংলাদেশ। তাঁদের এই সংগঠনে যুক্ত আছেন সারা দেশের প্রায় আট হাজার নারী।