প্রদীপ জ্বেলে প্রবারণা

মারমা ভাষায় ‘রি’ অর্থ জল, ‘ছিমিং’ হলো প্রদীপ আর অাম্হে্যাহ মানে ভাসানো। ‘রি ছিমিং অাম্হে্যাহ’ হলো জলে প্রদীপ ভাসানোর উৎসব। খাগড়াছড়িতে বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন প্রবারণা পূর্ণিমার সময় মঙ্গল কমনায় এই অনুষ্ঠান উদ্যাপন করেন।
৮ অক্টোবর জেলা সদরের শত বছরের পুরোনো ‘য়ংড’ বৌদ্ধবিহারে এ অনুষ্ঠান উদ্যাপিত হয়। অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়ের কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন। ‘য়ংড’ ছাড়াও জেলা সদরের বাইরে মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের শাক্যমুনি বৌদ্ধবিহারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বৌদ্ধধর্মের অন্যতম গুরু অরহৎ উপগুপ্ত মহাস্থবিরের উদ্দেশ্যে প্রদীপ জ্বালিয়ে পানিতে ভাসান ভক্তেরা। পাশাপাশি অরহৎ উপগুপ্ত মহাস্থবিরের কাছ থেকে মাঙ্গলিক আশীর্বাদও কামনা করেন তাঁরা।
গত বুধবার সন্ধ্যার আগে ‘য়ংড’ বৌদ্ধবিহারে ফানুস উড়িয়ে ‘রি ছিমিং অাম্হে্যাহ’ অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু করেন ভক্তরা। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান সাইথোঅং মারমা, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কয়েক হাজার বৌদ্ধধর্মবালম্বী লোকজন উপস্থিত ছিলেন। এরপর অরহৎ উপগুপ্ত মহাস্থবিরের উদ্দেশ্যে প্রদীপ ভাসানোর জন্য নির্মিত পাখির মূর্তি গঞ্জপাড়ার চেঙ্গী নদীতে নিয়ে যাওয়া হয়।
‘য়ংড’ বৌদ্ধবিহার পরিচালনা কমিটির সভাপতি থোয়াইলা প্রু চৌধুরী জানান, আর্থিক সংকটের কারণে প্রতিবছর এই অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয় না। অনুষ্ঠানে তরুণ-তরুণীরাই বেশি অংশ নেন। এ বছর এই অনুষ্ঠানে ভালো সাড়া পাওয়া গেছে। তাই ভবিষ্যতে এই অনুষ্ঠান নিয়মিত আয়োজনের চেষ্টা করা হবে।
মহালছড়ি উপজেলার মাইসছড়ি শাক্যমুনি বৌদ্ধবিহারে ‘রি ছিমিং অাম্হে্যাহ’ অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিকেল তিনটায়। অরহৎ উপগুপ্ত মহাস্থবিরের উদ্দেশ্যে প্রদীপ ভাসানোর জন্য ময়ূরাকৃতি মূর্তি শাক্যমুনি বৌদ্ধবিহার থেকে চেঙ্গী নদীতে নিয়ে যাওয়া হয়। এরপর তরুণ–তরুণীদের উদ্যোগে নৌকা শোভাযাত্রার আয়োজন করা হয়। মহালছড়ি উপজেলা সদরের সিঙ্গিনালা পর্যন্ত শোভাযাত্রার নৌকাগুলো ঘাটে ঘাটে ভেড়ে। এ সময় বৌদ্ধধর্মাবলম্বীরা প্রদীপ জ্বেলে জগতের মঙ্গলের জন্য প্রার্থনা করেন।