চারদিকে পাহাড়, সবুজ বৃক্ষরাজির বনাঞ্চল। ফটিকছড়ি উপজেলার শেষপ্রান্তে দাঁতমারা ইউনিয়নের বালুটিলা গ্রাম। শিক্ষাদীক্ষায় বরাবরই পিছিয়ে ছিল পুরো এলাকাটি। সেই অন্ধকারে আলো জ্বালাতে স্বপ্ন দেখেন এলাকার শিক্ষাবিদ মোহাম্মদ আলী। তিনি একটি বিদ্যালয় নির্মাণের উদ্যোগ নেন। সংগঠিত করেন কয়েকজনকে। তাঁর ডাকে সাড়া দেন পল্লি চিকিৎসক মো. রফিকুল ইসলাম, মোস্তফা সওদাগর, তফাজ্জল হোসেন, রুহুল আমিন, সালেহ আহমদ, নুরুল আমিনসহ অনেকে। সবাই মিলে ১৯৮৪ সালে গড়ে তোলেন বালুটিলা উচ্চবিদ্যালয়। আশপাশের ১০ কিলোমিটার এলাকায় এটিই একমাত্র বিদ্যাপীঠ। এ জন্য বিত্তশালীরা দিয়েছেন অর্থ, কেউ দিয়েছেন ভূমি, কৃষক, দিনমজুরসহ খেটে খাওয়া মানুষেরা দিয়েছেন শ্রম। সবার সহযোগিতায় তিন কক্ষের একচালার একটি ভবন তৈরি হলো। শুরু হলো বিদ্যালয়ের কার্যক্রম। গুটি কয়েক শিক্ষার্থী ও শিক্ষক নিয়েই চলতে থাকে বিদ্যালয়ের পাঠদান। ধীরে ধীরে সচেতন হতে থাকে লোকজন। বাড়তে থাকে শিক্ষার্থী। এভাবেই ভরপুর হয় বিদ্যালয়। দূর থেকে আলোর অন্বেষণে বিদ্যালয়ে ছুটে আসে চার শতাধিক শিক্ষার্থী। বর্তমানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ জামাল মজুমদার। তাঁর সহযোগী হিসেবে রয়েছেন নয়জন শিক্ষক। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মো. খালেক বলে, ‘বিদ্যালয়টি না থাকলে আমরা আঁধারেই থেকে যেতাম।’ এলাকার ধনাঢ্য ব্যক্তি মামুদ হাসানের নিজস্ব অর্থায়নে গত বছর নির্মিত হয় ফ্যাসিলিটিস ভবন। এক কক্ষের ভবনে চার লক্ষাধিক টাকা ব্যয় হয়। তাঁর এই অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করেন শিক্ষক, পর্ষদ ও শিক্ষার্থী। এ ছাড়া আরও একটি দুই কক্ষের পাকা ভবন রয়েছে। এর পরেও বিদ্যালয়ে সমস্যার অন্ত নেই। সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ে তিন কক্ষের দুটি পাকা ভবন আছে। অপরটি টিনের ছাউনি দেওয়া শীর্ণ বেড়ার ঘর। এসএসসি পরিক্ষার্থী মিতালী ত্রিপুরা বলে, বেড়ার ঘরগুলো নড়বড়ে। হালকা বাতাসে বেড়ার বিভিন্ন অংশ ভেঙে পড়ে। নবম শ্রেণীর ছাত্র ইমরুল কায়েস বলে, বিদ্যালয়ে সীমানাপ্রাচীর নেই। নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা। প্রধান শিক্ষক শাহ জামালের মতে, বিদ্যালয়টি এলাকার আলোর প্রদীপ। এত সমস্যার মধ্যেও তা জ্বালিয়ে রাখতে এলাকার লোকজন প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জনা খান মজলিশ জানান, সরকার শিক্ষা খাতকে অত্যধিক গুরুত্ব দিয়ে দেখে। বিদ্যালয়টির অবকাঠামো সমস্যা দূরীকরণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।