কক্সবাজারের মহেশখালী উপজেলায় কলেজছাত্র শাহিনুর ইসলাম হত্যা মামলায় অভিযোগপত্র থেকে প্রধান আসামিকে বাদ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সাত মাস পর ১৩ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ নাসির উদ্দিন। মহেশখালী জ্যেষ্ঠ বিচারিক আদালতে দাখিল করা অভিযোগপত্রে ১৭ জনকে অভিযুক্ত করা হয়।মামলার বাদী শাহ আলমের অভিযোগ, তদন্তকারী কর্মকর্তা প্রধান আসামিসহ ১২ জনকে বাদ দিয়ে মনগড়া অভিযোগপত্র দাখিল করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার শাপলাপুর ইউনিয়নের জেমঘাটের একটি জমি নিয়ে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নাজেম উদ্দিন ও শাহ আলমের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে গত বছরের ১৯ নভেম্বর সকালে প্রতিপক্ষের লোকজনের দায়ের কোপে শাহ আলমের ভাইপো ও কক্সবাজার সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ শাহিনুর ইসলাম নিহত হন। পরে নিহতের চাচা শাহ আলম বাদী হয়ে নাজেম উদ্দিনকে প্রধান আসামি করে ২৯ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ১৩ জুন আদালতে ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। উল্লেখ্য, নাজেম উদ্দিন উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি।মামলার বাদী শাহ আলম বলেন, ‘সাবেক ইউপি চেয়ারম্যান নাজেম উদ্দিন প্রধান আসামি। তাঁর কারণে এই হত্যাকাণ্ড ঘটে। কিন্তু আসামিদের সঙ্গে আঁতাত করে মামলার তদন্ত কর্মকর্তা প্রধান আসামি নাজেম উদ্দিনসহ ১২ জনের নাম বাদ দিয়ে অভিযোগপত্র দাখিল করেছেন। মামলার পরবর্তী ধার্য তারিখে আমরা এ ব্যাপারে নারাজি দেব। এ ছাড়া তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ইতিমধ্যে পুলিশ সুপারসহ বিভিন্ন স্থানে লিখিত অভিযোগ করা হয়েছে।’এ ব্যাপারে যোগাযোগ করা হলে নাজেম উদ্দিন বলেন, ‘ঘটনার চার দিন আগে থেকে আমি ঢাকা ছিলাম। ঘটনার দিন সকালে রমনা মডেল থানায় আমি নিজেই একটি সাধারণ ডায়েরি করেছি। এর পরও রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য প্রতিপক্ষের লোকজন মিলে পরিকল্পিতভাবে শাহিনুরকে হত্যা করার পর আমাকে ওই মামলার প্রধান আসামি করে। পরে তদন্তে সাক্ষী-প্রমাণ না পাওয়ায় আদালতে পাঠানো অভিযোগপত্র থেকে তদন্ত কর্মকর্তা আমাকে বাদ দেন।’মামলার বাদীর অভিযোগ ভিত্তিহীন দাবি করে মামলার তদন্ত কর্মকর্তা ও বর্তমান চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে কলেজছাত্র শাহিনুর হত্যার চূড়ান্ত অভিযোগপত্রটি আদালতে দাখিল করা হয়েছে। সুনির্দিষ্ট সাক্ষীপ্রমাণ না পাওয়ায় প্রধান আসামিসহ ১২ জনের নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়েছে। এতে আসামিদের সঙ্গে আঁতাত করার প্রশ্নই ওঠে না।