প্রধান দুই সড়ক খানাখন্দে ভরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় কক্সবাজারের মহেশখালী উপজেলার প্রধান দুটি সড়কে (গোরকঘাটা-জনতাবাজার ও গোরকঘাটা-শাপলাপুর) চলাচলে স্থানীয় লোকজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দে পরিণত হয়েছে এবং যানবাহন চলছে ঝুঁকি নিয়ে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, গোরকঘাটা-জনতাবাজার সড়কের দৈর্ঘ্য ২৭ কিলোমিটার ও শাপলাপুর সড়কের দৈর্ঘ্য ১৬ কিলোমিটার। এ দুটি সড়কে সর্বশেষ সংস্কারকাজ হয় ২০০৭-০৮ অর্থবছরে। এরপর আর কোনো কাজ হয়নি। বিভিন্ন সময় পাহাড়ি ঢলে সড়কের বিভিন্ন অংশ ভেঙে গেছে।হোয়ানক ইউনিয়নের ধলঘাটপাড়ার বাসিন্দা রমিজ উদ্দিন বলেন, ‘সড়কে এখন বড় বড় গর্ত। ৩০ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে আড়াই ঘণ্টা।’ মাতারবাড়ির মগডেইল এলাকার বাসিন্দা আবদুর রশিদ জানান, যাতায়াতের বিকল্প কোনো উপায় না থাকায় বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে এ সড়ক দিয়ে উপজেলা সদরে যাতায়াত করতে হচ্ছে। গাড়ির ঝাঁকুনিতে যাত্রীরা প্রায়ই অসুস্থ হয়ে পড়ছেন।সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের শুকরিয়াপাড়া, হোয়ানক ইউনিয়নের পানিরছড়া, ধলঘাটপাড়া, কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালীর উত্তর পাশে মাইজপাড়া, ও শাপলাপুর ইউনিয়নের চালিয়াতলী ও জেমঘাটের দক্ষিণ অংশের অবস্থা খুবই নাজুক। এসব এলাকায় গাড়ি চলছে হেলেদুলে। কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর কাসেম চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ভেঙে যাওয়া সড়কের ওপর দিয়ে উপজেলার লক্ষাধিক মানুষ ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। সড়ক সংস্কারের বিষয়টি উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় অনেকবার উত্থাপন করা হয়েছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না।এ প্রসঙ্গে মহেশখালী উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ‘বিভিন্ন স্থানে ভেঙে যাওয়া প্রধান ও গ্রামীণ সড়ক সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যে আবেদন করা হয়েছে। কিন্তু এখনো বরাদ্দ পাওয়া যায়নি। বরাদ্দ পেলে সড়ক সংস্কারকাজ শুরু হবে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, ‘গত বর্ষা মৌসুমে সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু কালভার্টও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভেঙে যাওয়া কালভার্ট ও সড়ক সংস্কারের বিষয়টি জেলা মাসিক উন্নয়ন ও সমন্বয় সভায় অনেকবার উত্থাপন করা হয়েছে।’