প্রধান দুই সড়কে বড় বড় গর্ত
দুই দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের মহেশখালী উপজেলায় যাতায়াতের প্রধান দুই সড়ক গোরকঘাটা-জনতাবাজার ও শাপলাপুর সড়ক বেহাল হয়ে পড়েছে। দুটি সড়কের বিভিন্ন স্থানে ভেঙে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। কিছু অংশে যানবাহন চলাচল বন্ধই হয়ে আছে। ফলে চলাচলে ভোগান্তি পোহাচ্ছে উপজেলার লক্ষাধিক মানুষ।গত বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, ২৭ কিলোমিটারের গোরকঘাটা-জনতাবাজার সড়কের বড় মহেশখালী ইউনিয়নের শুকরিয়াপাড়া, হোয়ানক ইউনিয়নের পানিরছড়া, ধলঘাটপাড়া, রাজুয়ার ঘোনা, কালারমারছড়া ইউনিয়নের অফিসপাড়া, আঁধারঘোনা, মাইজপাড়া এবং ১৬ কিলোমিটারের শাপলাপুর সড়কের চালিয়াতলি, ষাইটমারা, জেমঘাটের দক্ষিণ অংশ, বারিয়াপাড়া এলাকায় সড়কের বিভিন্ন স্থানে ভেঙে গেছে। এসব স্থানে সড়কের পিচ উঠে সৃষ্টি হয়েছে গর্তের। যানবাহন চলছে ঝুঁকি নিয়ে।স্থানীয় লোকজন জানান, দীর্ঘদিন ধরে সংস্কার না করায় এমনিতেই সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দে ভরা ছিল। তার ওপর গত সোম ও মঙ্গলবারের টানা বর্ষণে এবং পাহাড়ি ঢলে তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।হোয়ানক ইউনিয়নের রাজুয়ারঘোনার বাসিন্দা নুরুল আমিন বলেন, সড়কের কিছু স্থানে এখন গাড়ি চলাচল বন্ধ রয়েছে। লোকজনকে এসব স্থানে গাড়ি থেকে নেমে হেঁটে ভাঙা অংশ পার হয়ে আরেকটি গাড়ি ধরতে হচ্ছে। ফলে ভোগান্তির আর শেষ নেই। চালিয়াতলি এলাকার বাসিন্দা আবদুর রহিম বলেন, বিকল্প যাতায়াতের কোনো উপায় না থাকায় বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে এ সড়ক দিয়ে উপজেলা সদরে যাতায়াত করতে হচ্ছে। ছোট মহেশখালী ইউনিয়নের জেমঘাট এলাকার বাসিন্দা জিপচালক রবি আলম বলেন, দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার পাশাপাশি দুই দিনের বৃষ্টিতে সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। দুটি সড়কের কয়েকটি স্থানে গাড়ি চলছে ঝুঁকি নিয়ে।বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শরীফ বাদশাহ জানান, বর্ষণের আগে সড়ক সংস্কারের জন্য উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় অনেকবার উত্থাপন করা হয়েছে; কিন্তু কোনো কাজ হয়নি। এখন বর্ষণে যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। এ প্রসঙ্গে মহেশখালী উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, দুই দিনের বর্ষণ ও পাহাড়ি ঢলে দুটি সড়কের বিভিন্ন স্থানে ভেঙে গেছে। সড়কের সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যে আবেদন করা হয়েছে। কিন্তু বরাদ্দ না পাওয়া পর্যন্ত সড়ক সংস্কার করা সম্ভব হচ্ছে না।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, বর্ষণে আর পাহাড়ি ঢলে উপজেলার প্রধান দুটি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে যাওয়া সড়ক জরুরি ভিত্তিতে সংস্কারের জন্য স্থানীয় প্রকৌশল কার্যালয় এবং সড়ক ও জনপথ বিভাগকে বলা হয়েছে।সড়ক ও জনপথ বিভাগের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, চলতি বর্ষা শেষে সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।