প্রধান সড়ক এমন বেহাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উড়ালসড়কের নির্মাণকাজের জন্য সড়কের মাঝ বরাবর দেওয়া হয়েছে টিনের ঘেরাও। সংকুচিত সড়কে কাদাপানিতে একাকার। ফলে গাড়ি চলাচলে বেড়েছে ভোগান্তি। সিডিএ অ্যাভিনিউ সড়কের নাসিরাবাদ বালক উচ্চবিদ্যালয় এলাকার গত মঙ্গলবার দুপুরের চিত্র l সৌরভ দাশ
উড়ালসড়কের নির্মাণকাজের জন্য সড়কের মাঝ বরাবর দেওয়া হয়েছে টিনের ঘেরাও। সংকুচিত সড়কে কাদাপানিতে একাকার। ফলে গাড়ি চলাচলে বেড়েছে ভোগান্তি। সিডিএ অ্যাভিনিউ সড়কের নাসিরাবাদ বালক উচ্চবিদ্যালয় এলাকার গত মঙ্গলবার দুপুরের চিত্র l সৌরভ দাশ

সড়কজুড়ে ছোট-বড় গর্ত। এসব গর্তে জমে আছে পানি। কাদাপানিতে একাকার সড়কে গাড়ি চলছে ধীরগতিতে। কিছু স্থানে পিচ ঢালাইয়ের অস্তিত্বই নেই। এসব স্থানে সমানে উড়ছে ধুলাবালু। এই বেহাল অবস্থার কারণে প্রায়ই যানজটে পড়ে ভোগান্তি পোহাচ্ছেন চলাচলকারীরা।

 চট্টগ্রাম নগরের প্রধান সড়ক সিডিএ অ্যাভিনিউ এখন এমনই বেহাল। গত মঙ্গলবার সড়কের লালখান বাজার থেকে বহদ্দারহাট পর্যন্ত চার কিলোমিটার ঘুরে এ চিত্র পাওয়া যায়।

সড়কের মাঝ বরাবর চলছে মুরাদপুর-লালখান বাজার উড়ালসড়কের নির্মাণকাজ। নিরাপত্তার জন্য টিনের ঘেরাও দেওয়া হয়েছে। আগের চেয়ে প্রশস্ততা কমেছে সড়কের। ফলে যানবাহনের চাপ বেড়েছে বর্তমান অংশে। তার ওপর সংস্কার না হওয়ায় সড়কটিতে এখন চলাচলই দায় হয়ে পড়েছে।

চলাচলকারী ও গাড়ি চালকদের অভিযোগ, একে তো উন্নয়নকাজের বিড়ম্বনা, তার ওপর ভাঙা সড়কের ভোগান্তি। কয়েক মাস ধরে এই অবস্থা চলতে থাকলেও ন্যূনতম সংস্কার হয়নি। ভাঙা সড়কে গাড়ি আটকে ওয়াসা, গরিবুল্লাহ শাহ, জিইসি, দুই নম্বর গেট, মুরাদপুর ও বহদ্দারহাট মোড়ে প্রায়ই যানজট সৃষ্টি হচ্ছে।

উড়ালসড়কের প্রকল্প পরিচালক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, সব প্রস্তুতি থাকা সত্ত্বেও বৃষ্টির কারণে সড়ক সংস্কার সম্ভব হচ্ছে না। তিনি জানান, নির্মাণকাজ শুরুর পর থেকেই গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়কে গাড়ি চলাচলে যাতে সমস্যা না হয়, সেই বিষয়টিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। কিন্তু সম্প্রতি বৃষ্টি ও রাস্তায় পানি জমে যাওয়ায় কোথাও কোথাও সড়ক নষ্ট হয়েছে। তবে অক্টোবরের শুরুর দিকেই সংস্কারকাজ পুরোদমে শুরু হবে।

জিইসি মোড় এলাকায় পিচ ঢালাইয়ের অস্তিত্ব নেই। সমানে উড়ছে ধুলাবালু l প্রথম
জিইসি মোড় এলাকায় পিচ ঢালাইয়ের অস্তিত্ব নেই। সমানে উড়ছে ধুলাবালু l প্রথম

নগরের জিইসি মোড় এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন মোহরা এলাকার বাসিন্দা মো. নাজিম উদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, বহদ্দারহাট থেকে জিইসি মোড় পর্যন্ত তিন কিলোমিটারে নির্মাণাধীন উড়ালসড়কের দুই পাশের সড়কের অবস্থা খুব খারাপ। প্রতিদিনই জটে পড়তে হয়। বিশেষ করে অফিস শেষে বাড়ি ফেরার পথে কষ্টে পড়তে হয় বেশি।সিএনজিচালিত অটোরিকশার চালক নূর আহমেদ বলেন, রাস্তার খারাপ অবস্থার কারণে গাড়ি চালাতে কষ্ট হয়। আর কোনো গাড়ি গর্তে আটকে গেলে তো এক-দেড় ঘণ্টায়ও সড়ক সচল হয় না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালের ১২ নভেম্বর ৫ দশমিক ২ কিলোমিটার দৈর্ঘ্যের এই উড়ালসড়কের নির্মাণকাজ উদ্বোধন করেন। এর নির্মাণকাজ শুরু হয় ২০১৫ সালের মার্চে। এর নির্মাণব্যয় ধরা হয়েছে ৪৬২ কোটি টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স-রেঙ্কিন উড়ালসড়কের নির্মাণকাজ করছে।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, ষোলোশহর এলাকায় সড়কের দক্ষিণ পাশে অসংখ্য গর্তে জমে আছে পানি। মুরাদপুর থেকে শুলকবহর পর্যন্তও একই অবস্থা। সড়কের অপর পাশে চলছে নালার নির্মাণকাজ। এতে সড়ক আরও সরু হয়ে পড়েছে। ফলে যানবাহন চলাচল করছে ধীরগতিতে। এ ছাড়া দুই নম্বর গেট থেকে জিইসি মোড় পর্যন্ত বেশির ভাগ অংশে পিচঢালাই নেই। ফলে ধুলাবালু উড়ছে। পথচারীরা চলছেন নাক-মুখে কাপড় গুঁজে।

চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মঞ্জুরুল আলম প্রথম আলোকে বলেন, নগরের প্রধান সড়ক হচ্ছে সিডিএ অ্যাভিনিউ। কিন্তু বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে এর কোনো অভিভাবক নেই। খানাখন্দ ও পিচ ওঠে গিয়ে সড়কের এমন অবস্থা হয়েছে, গাড়ি চালাতেই কষ্ট হচ্ছে। এ ছাড়া গাড়ির যন্ত্রাংশও নষ্ট হচ্ছে। জনদুর্ভোগ তো আছেই। তিনি দ্রুত সড়ক সংস্কারের দাবি জানান।

এ প্রসঙ্গে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক মাহমুদ ওমর ইমাম প্রথম আলোকে বলেন, উন্নয়নকাজের বিড়ম্বনা থাকে। সড়কের স্বাভাবিক গতি কমে যায়। তার ওপর যদি সড়ক বেহাল হয়, তাহলে জনদুর্ভোগ চরমে ওঠে। এ জন্য সিডিএ অ্যাভিনিউ সড়কটি সাময়িকভাবে হলেও সংস্কার করা উচিত। পুরোপুরি সংস্কার সামনের শুষ্ক মৌসুমে করা যতে পারে।