
কক্সবাজার শহরের প্রধান সড়ক দখল করে নির্মাণ করা হয়েছে দুই শতাধিক অবৈধ স্থাপনা। ফলে নিত্য লেগে থাকছে যানজট। দুর্ভোগ পোহাচ্ছেন শহরের বাসিন্দা ও পর্যটকেরা।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ দুই বছর আগে ১২৯ দখলদারের তালিকা তৈরি করে। কিন্তু এর মধ্যে স্থাপনা উচ্ছেদ হয়েছে মাত্র ২০টি।
সরেজমিনে শহরের লালদীঘিরপাড়, বাজারঘাটা, টেকপাড়া, রোমালিয়ারছড়া, তারাবনিয়াছড়া ও লিংকরোড এলাকা ঘুরে দেখা গেছে, সড়কের দুই পাশ দখল করে তৈরি করা হয়েছে আবাসিক হোটেল, ব্যবসাপ্রতিষ্ঠান, রেস্তোরাঁ, কাপড়, ফলমূল, মাংসসহ মালামাল বিক্রির দোকান। এসব স্থানে ১০ থেকে ১৫ মিনিটের পথ পেরোতে আধ ঘণ্টার বেশি সময় লাগছে।
শহরের প্রাণকেন্দ্র লালদীঘির পাড়ে প্রধান সড়ক দখল করে তৈরি করা হয়েছে ৫০টির বেশি অবৈধ দোকানপাট। এসব দোকানে কাপড় বিক্রি হচ্ছে। ক্রেতারা সড়কের ওপর দাঁড়িয়ে কেনাকাটা করায় আটকে যাচ্ছে গাড়ি। এমনকি পথচারীদের হাঁটার জায়গাও নেই।
একটি দোকানের মালিক ইব্রাহিম মিয়া জানান, ‘গরিব মানুষ, তাই সড়কের পাশে বসে শীতের জামাকাপড় বিক্রি করছি। এখান থেকে উচ্ছেদ করলে না খেয়ে মরতে হবে।’
আরেক দোকানের মালিক শফি উল্লাহ বলেন, ‘আমরা হকার লীগ করি। তাই নেতাদের পরামর্শে এই দোকান খুলেছি।’ সড়ক ও জনপথ বিভাগ (সওজ) থেকে এ পর্যন্ত তাঁদের বাধা দেওয়া হয়নি।
সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া জানান, দুই বছর আগে শহরের হলিডে মোড় থেকে লিংকরোড পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার প্রধান সড়কের দুই পাশে ১২৯ দখলদারের তালিকা তৈরি করেছিল সওজ। কিন্তু নানা কারণে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা সম্ভব হয়নি। এখন অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য জেলা প্রশাসনের কাছে ১২৯ দখলদারের তালিকা দেওয়া হয়েছে। ইতিমধ্যে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। তা ছাড়া নিজ উদ্যোগে প্রধান সড়কের দুই পাশ থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে শহরের মাইকিং করা হয়েছে।
সওজ-এর অবৈধ স্থাপনার তালিকায় রয়েছে ব্যক্তি মালিকানাধীন ভবন, বিপণিকেন্দ্র, বিভিন্ন মসজিদ পরিচালনা পরিষদের দোকান ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয়। সওজ-এর কর্মকর্তারা জানান, অবৈধ স্থাপনার তালিকায় থাকা মসজিদের দোকানপাট ভাঙা নিয়ে তাঁদের বেকায়দায় পড়তে হচ্ছে। তা ছাড়া বহুতল ভবন ভেঙে ফেলার বিপরীতে প্রয়োজনীয় বরাদ্দও নেই। ফলে প্রশাসনের অবৈধ স্থাপনা উচ্ছেদ নিয়ে সন্দিহান থাকতে হচ্ছে।
কক্সবাজার বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক আয়াছুর রহমান বলেন, দীর্ঘ দিন ধরে কতিপয় প্রভাবশালী সওজের বিপুল পরিমাণ জমি দখল করে ব্যবসা-বাণিজ্য করলেও উচ্ছেদ নিয়ে কারও মাথাব্যথা নেই। শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসন করতে হলে দ্রুত এসব অবৈধ স্থাপনা সরিয়ে ফেলা জরুরি।
কক্সবাজার সদরের ইউএনও মো. শহিদুল ইসলাম বলেন, শহরের কলাতলী ও বাইপাস সড়কে অভিযান চালিয়ে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অন্যান্য স্থাপনাও উচ্ছেদ করা হবে।