চারদিকে নিরাপত্তাকর্মীদের তোড়জোড়। রাস্তার মোড়ে মোড়ে তল্লাশি। আগ্রাবাদ, নিউমার্কেট, স্টেশন সড়ক, লালখানবাজারে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ব্যস্ততা। দুপুর দেড়টার দিকে প্রধানমন্ত্রীর বহদ্দারহাটের অনুষ্ঠানস্থলে পৌঁছার কথা। অন্তত আধঘণ্টা আগে সেখানে পৌঁছা দরকার আমাদের, প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের প্রতিবেদন তৈরি (অ্যাসাইনমেন্ট) বলে কথা। যানজট, জনজট ইত্যাদির কথা ভেবে তাই কয়েকজন সংবাদকর্মী প্রায় এক ঘণ্টা আগে অনুষ্ঠানস্থলের দিকে রওনা দিলাম। কিন্তু অবাক ব্যাপার যে চকবাজার, কলেজ সড়কে প্রতিদিন রিকশা, টেম্পো, ট্রাক ও বাসে গিজ গিজ করে সেখানে কোনো জট নেই। রাস্তার পাশে নেই রিকশার লাইন। বাস টেম্পোকেও দাঁড়াতে দিচ্ছে না ট্রাফিক পুলিশ। পৌনে একটায় পৌঁছে গেলাম অনুষ্ঠানস্থলে। প্রধানমন্ত্রীর অপেক্ষায় হাজারো মানুষের ভিড়। ভিড় ঠেলে, পুলিশ ও বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফের) নিরাপত্তা চৌকি পেরিয়ে মঞ্চের সামনে নির্দিষ্ট আসনে বসলাম। প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা। একপাশের সড়ক বন্ধ করে বানানো হয়েছে সুবিশাল মঞ্চ। এই মঞ্চ তিন দিন ধরে দক্ষিণ চট্টগ্রামের মানুষের যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন নষ্ট হয়েছে মানুষগুলোর মূল্যবান সময়। কিন্তু আজ (২ ডিসেম্বর) এখানে যানজটের লেশমাত্র নেই। তবে যানজট ঠিকই হয়েছে আর তা কর্ণফুলী শাহ আমানত সেতু ও আরাকান সড়কে। ওদিক থেকে পুলিশ মাত্রাতিরিক্ত যানবাহন শহরে ঢুকতে দেয়নি। ফলে মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে কালুঘাট সেতুসংলগ্ন সড়কে। অথচ অনুষ্ঠানটি হয়েছে নগরের যানজট নিরসনে উড়ালসেতুর উদ্বোধন নিয়ে। বহদ্দারহাট, মুরাদপুর, দুই নম্বর গেট ও জিইসি মোড়ে উড়ালসেতুগুলো হবে। কিন্তু তাই বলে এভাবে রাস্তার ওপর মঞ্চ? অনুষ্ঠানটি কি নাসিরাবাদ উচ্চবিদ্যালয়ের মাঠে করা যেত না? মানুষের এসব প্রশ্নের জবাব কে দেবে? গরিব গরিবের জন্য: গেল বুধবারের ঘটনা, রাত তখন ১০টা। জামালখানের ব্যস্ততম সড়কে ছুটছে যানবাহন। শীতে জবুথবু মানুষ ফুটপাত ধরে চলছেন শান্তির নীড়ে। হঠাত্ এক বৃদ্ধ ফুটপাত থেকে নেমে রাস্তা পার হওয়ার জন্য উদ্যত। গায়ে শতছিন্ন নোংরা পোশাক। হাতে একটি ভিক্ষার থালা। রাস্তায় নামার পর মনে হলো বৃদ্ধ চোখে দেখতে পান না; দৃষ্টিপ্রতিবন্ধী। দুপা এগোতেই বিপদসংকেত হর্ন বাজিয়ে বৃদ্ধের একেবারে গা-ঘেঁষে চলে গেল একটি রেঞ্জার। আশপাশের লোকজন চিত্কার দিয়ে উঠলেন। ‘আরে...উনি অন্ধ কীভাবে রাস্তা পার হবেন?, কেউ একজন ধরে পার করে দিন।’কিন্তু লোকজন বৃদ্ধটির সাহায্যে এগিয়ে এলেন না। ঠিক একই সময়ে রাস্তার অপর পাশ থেকে আসছিলেন এক যুবক। ক্র্যাচে ভর দেওয়া হতদরিদ্র যুবকটির এক পা নেই। এপারের ফুটপাতে উঠে মানুষের চিত্কারে পেছন ফিরে তাকালেন যুবকটি। দৃষ্টিপ্রতিবন্ধী বৃদ্ধটি তখনো ঠাঁই রাস্তার মাঝামাঝি দাঁড়িয়ে। বৃদ্ধকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে রিকশা, অটোরিকশা ও বাস। ক্র্যাচে ভর দেওয়া যুবকটি আবার রাস্তায় নামলেন। এক হাতে বৃদ্ধের হাত আর অন্য হাতে ক্র্যাচে ভর দিয়ে এগিয়ে চললেন। ও পাশের ফুটপাতের নিরাপদ অবস্থানে বৃদ্ধকে তুলে দিয়ে নিজের গন্তব্যে চলে গেলেন যুবকটি। আমরা কয়েকজন নির্বাক পরস্পরের দিকে তাকিয়ে রইলাম। ‘মানুষ মানুষের জন্য’ শব্দগুলো আর্তনাদ করে উঠল মনে ও মগজে। আসলে কী তাই? নাকি ‘গরিব গরিবের জন্য?’