প্রধানমন্ত্রী আসছেন তাই...
গত বুধবার বেলা সাড়ে ১১টা। রাঙ্গুনিয়ার গুমাইবিলে আকাশ থেকে নেমে এল হেলিকপ্টার। এই ঘটনা আশপাশের মানুষকে চমকে দিয়েছে, সৃষ্টি করেছে কৌতূহল। তাই আকাশচারী এই যানকে ঘিরে জমা হয়েছিল শ খানেক মানুষ। ব্যাপারটা কী জানতে তাদের অপেক্ষা। অবশেষে হেলিকপ্টার থেকে নেমে এলেন দুজন সাধারণ পোশাকের মানুষ। গায়ে জ্যাকেট জড়ানো। হাতে অস্ত্র। মানুষজন প্রথমে ভড়কে গেলেও পরে ঠিকই বুঝে নিয়েছে, এ আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাঙ্গুনিয়া আসার প্রস্তুতির অংশ। আর হেলিকপ্টারে উড়ে আসা মানুষগুলো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য (বিশেষ নিরাপত্তা বাহিনী)।২৬ জানুয়ারি রাঙ্গুনিয়ায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন করবেন কর্ণফুলী পাটকল। জনসভায় ভাষণ দেবেন রাঙ্গুনিয়া উচ্চবিদ্যালয় মাঠে।গত বুধ ও বৃহস্পতিবার সরেজমিন ঘুরে দেখা গেছে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি চলছে মহা আয়োজনের। প্রশাসনের লোকজনের ব্যস্ততা। ভাঙা রাস্তা রাতারাতি হচ্ছে পিচঢালা। রং ফিরে পাচ্ছে বিবর্ণ ভবন। প্রধানমন্ত্রী যেদিকে যাবেন, সবখানেই ঝকঝকে-তকতকে হয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পদচারণে গমগম করছে পৌর ও উপজেলা সদর। শুভেচ্ছা আর অভিনন্দনের জোয়ার ডিজিটাল ব্যানার-তোরণে। নেতা-কর্মীরা ব্যস্ত গণসংযোগে। সাধারণ মানুষের প্রতিদিনের জীবনে অন্য রকম দোলা।চায়ের দোকান, বাজার—সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রধানমন্ত্রীর সফর। চলছে নানা হিসাব-নিকাশ। ডানা মেলছে প্রত্যাশাও। প্রধানমন্ত্রী কী ঘোষণা দেবেন? রাঙ্গুুনিয়ার কাঙ্ক্ষিত উন্নয়ন হবে তো?রোয়াজারহাট বাজারে কথা হয় ক্ষুদ্র ব্যবসায়ী জুলফিকার আলীর সঙ্গে। পৌর সদরের সৈয়দবাড়ি গ্রামে তাঁর বাড়ি। তাঁর কাছে রাঙ্গুনিয়াবাসীর এ বিরাট পাওয়া। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের এখানে আসছেন, এ তো আমাদের গর্ব। গত নির্বাচনে রাঙ্গুনিয়ার দায়িত্ব তিনি নিয়েছিলেন। সে কথা তিনি রেখেছেন। ঘরের সন্তান ড. হাছান মাহমুদের কাছে উন্নয়নের ভার তুলে দিয়েছেন। মন্ত্রী পেয়েছে রাঙ্গুনিয়া, উন্নয়নও হয়েছে।’তবে তরুণ প্রজন্মের মধ্যে কিছুটা আক্ষেপও আছে। তাদের মতে, স্বাধীনতার ৪১ বছর পেরিয়ে গেলেও রাঙ্গুনিয়ায় কোনো সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নেই। মরিয়মনগর এলাকার বাসিন্দা তরুণ শিক্ষানবিশ আইনজীবী দিদারুল আলম বলেন, ‘সরকারের চার বছর চলে গেল, এখনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি করা হয়নি।‘আমাদের দাবি, শতবর্ষী রাঙ্গুনিয়া উচ্চবিদ্যালয় সরকারীকরণ হোক। প্রধানমন্ত্রী এ ঘোষণা দিয়ে আমাদের প্রাণের দাবি পূরণ করবেন, এই প্রত্যাশায় আছি।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আজম সিদ্দিকী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল তিনটায় হেলিকপ্টারযোগে রাঙ্গুনিয়ায় আসবেন। তাই হেলিকপ্টার নামার জন্য কর্ণফুলী পাটকলের অভ্যন্তরে ফসলি জমিতে ইট বিছিয়ে হেলিপ্যাড তৈরি করা হচ্ছে। সৌন্দর্যবর্ধন ও নিরাপত্তামূলক অবকাঠামোর কাজও চলছে। বাংলাদেশ পাটকল সংস্থার নিয়ন্ত্রণাধীন কর্ণফুলী পাটকল ও ফোরাত কার্পেট তৈরির কারখানা উদ্বোধন শেষে তিনি গাড়িযোগে রাঙ্গুনিয়া উচ্চবিদ্যালয় মাঠে গিয়ে জনসভায় ভাষণ দেওয়ার কথা। সব মিলিয়ে তিনি প্রায় এক ঘণ্টা সময় কাটাবেন রাঙ্গুনিয়ায়।উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ ২০০০ সালের সেপ্টেম্বর মাসে নির্বাচনী প্রচারণায় রাঙ্গুনিয়া উচ্চবিদ্যালয় মাঠে জনসভা করেছিলেন। এর আগেও ১৯৯৬ ও ১৯৯২ সালে তিনি রাঙ্গুনিয়া সফর করেন।দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাছে পাওয়ার আশায় দলের নেতা-কর্মীরা এখন উজ্জীবিত। কাছে থেকে দেখার জন্য সাধারণ মানুষের মাঝেও উৎসাহ দেখা দিয়েছে।রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র খলিলুর রহমান চৌধুরী বলেন, ‘শুধু আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা নয়, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উজ্জীবিত সর্বস্তরের মানুষ। মহাজোট সরকারের চার বছরে রাঙ্গুনিয়ার যে উন্নয়ন হয়েছে, তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতে জনসভায় লাখো মানুষের ঢল নামবে বলে আশা করছি।’