প্রধানমন্ত্রী পদের জন্য দৌড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আগামী সাধারণ নির্বাচন হওয়ার কথা ২০১৪ সালের এপ্রিল-মে মাসে। কিন্তু চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে আগাম নির্বাচন নিয়ে নতুন করে চিন্তাভাবনা এবং প্রস্তুতিও শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল।ইউপিএ সরকার থেকে সম্প্রতি সমর্থন প্রত্যাহার করা তৃণমূল কংগ্রেস মনে করছে, এই সরকার ছয় মাসের বেশি টিকবে না। দেশে অন্তর্বর্তী নির্বাচন আসন্ন। তৃণমূল লোকসভায় ইউপিএ সরকারের বিরুদ্ধে শিগগিরই অনাস্থা উত্থাপনের আওয়াজ পর্যন্ত তুলেছে।রাজনৈতিক পর্যবেক্ষকেরাও মনে করছেন, ইউপিএ সরকারকে যে দুই দল বাইরে থেকে সমর্থন দিয়ে টিকিয়ে রাখছে, সেই দুটি দলও (মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টি ও মায়াবতীর বহুজন সমাজ পার্টি) স্বার্থহানি হলে যেকোনো মুহূর্তে সমর্থন তুলে নিতে পারে। কাজেই আগাম নির্বাচন একটা প্রবল বাস্তব সম্ভাবনা। এ কারণে শাসক জোটের প্রধান জাতীয় কংগ্রেসসহ সব দল অন্তর্বর্তী নির্বাচন হতেই পারে—এই ভাবনা নিয়ে মাঠে নেমে পড়েছে। সেই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল জোট (ইউপিএ) ও প্রধান বিরোধীদলীয় জোট জাতীয় গণতান্ত্রিক মোর্চার (এনডিএ) তৎপরতা শুরু হয়েছে। কয়লাখনি, টু-জি স্পেকট্রাম, আদর্শ আবাসন ও কমনওয়েলথ গেমস কেলেঙ্কারির মতো নানা কালিমায় লিপ্ত হয়ে কোণঠাসা হলেও ইউপিএর শরিকেরা বিশ্বাস করে যে ভারতের ধর্মনিরপেক্ষ মানুষ আগামী নির্বাচনেও তাদের বঞ্চিত করবে না। ইউপিএ জোটের প্রধানমন্ত্রী প্রার্থী কে হবেন, তা অনেকটাই নিশ্চিত। কারণ বর্তমান প্রধানমন্ত্রী মনমোহন সিং আর তৃতীয়বারের জন্য এই পদে প্রার্থী হচ্ছেন না। কংগ্রেস শিবিরের অন্দরমহলের খবর, এই পদে আসতে চলেছেন রাহুল গান্ধিই। প্রবীণ কংগ্রেস নেতাদের অনেকেই ইতিমধ্যে প্রস্তাব দিয়েছেন রাহুল গান্ধিকে প্রধানমন্ত্রী করার। আর কোনো প্রার্থীর নাম এখনো কংগ্রেস মহল থেকে ওঠেনি।প্রধান বিরোধী জোট এনডিএ শিবির থেকে কিন্তু ইতিমধ্যেই প্রধানমন্ত্রী পদের জন্য উঠে এসেছে তিনটি নাম। এক. প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি, দুই. গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিন. লোকসভার বিরোধীদলীয় নেত্রী ও বিজেপির সাংসদ সুষমা স্বরাজ। ভারতে অকংগ্রেসী থেকে এখনো কোনো নারী প্রধানমন্ত্রী হননি। তাই সুষমার নাম তুলে চমক দিয়েছেন এনডিএর শরিক শিবসেনার নেতা বাল ঠাকরে। আর এই তৃতীয় নামটি নিয়ে বিজেপিতে চলছে রাজনৈতিক ‘তরজা’।বিজেপির একাংশ চাইছে, লালকৃষ্ণ আদভানিই ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী প্রার্থী হোন। তাদের যুক্তি, দেশব্যাপী সমর্থক ও দলের মধ্যে আদভানির প্রভাব রয়েছে। রয়েছে ব্যাপক পরিচিতি ও তুলনামূলকভাবে উজ্জ্বল ভাবমূর্তি। অন্যদিকে দলের কট্টরপন্থীরা চাইছেন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদে। তাঁদের কথা, শক্তিশালী শাসক হিসেবে নরেন্দ্র মোদী গোটা দেশে দৃষ্টান্ত স্থাপন করেছেন। সুতরাং তিনিই যোগ্য এই পদের জন্য। সম্প্রতি গুজরাটের রাজধানী আহমেদাবাদে বিজেপির জাতীয় সম্মেলনেও উঠে আসে নরেন্দ্র মোদীর নাম।কিন্তু সমস্যা হচ্ছে, এনডিএর শরিকেরা নরেন্দ্র মোদীকে চায় না। নরেন্দ্র মোদীর নাম ওঠার পর সংযুক্ত জনতা দলের নেতা ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলে দিয়েছেন, প্রধানমন্ত্রী যিনিই হোননা কেন, তাঁকে হতে হবে স্বচ্ছ ও ধর্মনিরপেক্ষতার আদর্শে বিশ্বাসী। এখন ইউপিএ সরকারকে টিকিয়ে রাখতে যিনি অগ্রণী ভূমিকা নিয়েছেন, সেই মুলায়ম সিং যাদবও প্রধানমন্ত্রীর দৌড় থেকে পিছিয়ে নেই। দৌড়ে আছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এই তৃতীয় শক্তির নেতারা মনে করছেন, কংগ্রেস বা বিজেপি কেউই নির্বাচনে সুবিধা করতে না পারলে মুলায়ম বা মমতার নামও প্রধানমন্ত্রী পদের জন্য বিবেচনায় উঠে আসা অসম্ভব নয়।  অমর সাহা