প্রধানমন্ত্রী বাবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবার কাঁধে চড়ে মেয়ে স্কুলে যায়, এ আর এমন কী খবর। কিন্তু যদি বলি বাবার নাম ডেভিড ক্যামেরন? হ্যাঁ, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড উইলিয়াম ডোনাল্ড ক্যামেরনের কথাই বলছি। প্রায়ই তিন বছরের মেয়েকে কাঁধে চড়িয়ে স্কুলের পথে হাঁটতে দেখা যায় তাঁকে। মেয়ে ফ্লোরেন্সও তার বেগুনি স্কুটারের চেয়ে বাবার কাঁধে চড়তেই বেশি পছন্দ করে। এ সময় সে যে কেবল চুপটি করে বসে থাকে, তা নয়। দুষ্টুমি করে কখনো বাবার চোখ চেপে ধরে, বাবার মাথা ছোট্ট দুহাতে ধরে ডানে-বাঁয়ে ঘুরিয়ে দেয়। যেন বলতে চায়, ‘বাবা, তুমি প্রধানমন্ত্রী হতে পারো। কিন্তু চালকের আসনে যে আমি বসে আছি!’ ক্যামেরনও মেয়ের ‘বাহন’ হতে পেরে বেশ খুশি। স্কুলে যাওয়ার পথে ফ্লোরেন্স নয়, যেন পুরো পৃথিবীটাই তাঁর কাঁধে চড়ে বসে। বটে। বাবার কাছে মেয়েই তো পৃথিবী!
সূত্র: ডেইলিমেইল