প্রধানমন্ত্রীর তদারকি চান বিনিয়োগকারীরা
পুঁজিবাজারকে স্থিতিশীল করতে প্রধানমন্ত্রীর নেওয়া উদ্যোগে আশার আলো দেখছেন ক্ষুদ্র বিনোয়োগকারীরা। তাঁরা প্রধানমন্ত্রীর তদারকিতেই এ উদ্যোগের কার্যকারিতা চান। গত বৃহস্পতিবার ইনভেস্টরস ফোরাম অব চিটাগংয়ের নেতারা বিবৃতির মাধ্যমে এ আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, ‘দেরিতে হলেও সংকট নিরসনে এ আলোচনা প্রমাণ করে, প্রধানমন্ত্রী বর্তমান পরিস্থিতি আন্তরিকতার সঙ্গে অনুভব করেছেন। এতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা আবার বেঁচে থাকার আশায় বুক বাঁধছেন। এবার যেন কোনো স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করে এ উদ্যোগ ব্যর্থ করতে না পারে সে জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’ বিবৃতিদাতারা হলেন—ইনভেস্টরস ফোরাম অব চিটাগংয়ের আহ্বায়ক আসলাম মোরশেদ, যুগ্ম আহ্বায়ক এম এ কাদের, সরোজ চৌধুরী, খোরশেদ আলম প্রমুখ। উল্লেখ্য, টানা কয়েক দিনের দরপতন ও বিনিয়োগকারীদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী গত বুধবার রাতে তাঁর সরকারি বাসভবন গণভবনে পুঁজিবাজার সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে জরুরি বৈঠকে বসেন। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সোয়া ১১টা পর্যন্ত প্রায় চার ঘণ্টা স্থায়ী বৈঠক শেষে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সদস্য আরিফ খান সাংবাদিকদের জানান, পুঁজিবাজারের স্থিতিশীলতা ফেরাতে আজ রোববারের মধ্যেই সিদ্ধান্ত নেবে এসইসি। ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হবে। আলোচনায় বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের বিনিয়োগ বাড়াতে মতৈক্য পোষণ করে। এ ছাড়া মার্জিন লোনের সুদ মওকুফ ও কালো টাকা আগের মতোই পুঁজিবাজারে বিনিয়োগের ব্যাপারেও কথা হয়েছে। এদিকে, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচিত বিষয়ের ধারাবাহিকতায় গত শুক্রবার অর্থ মন্ত্রণালয়ে বৈঠকে বসেন এসইসি, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড এবং বাংলাদেশ বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রতিনিধিরা। বৈঠক শেষে এসইসির চেয়ারম্যান বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আমরা বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়ার জন্য আলোচনায় বসেছিলাম।’ তিনি জানান, সব কিছুই ইতিবাচকভাবে এগোচ্ছে।