
ফটিকছড়ির পেলাগাজির দীঘি–সংলগ্ন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মাঠে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বক্তব্যে ওই মাঠটি উপজেলা স্টেডিয়াম করার ঘোষণা দেন। ভূজপুর ট্র্যাজেডির পর ২০১৩ সালের ২৯ আগস্ট এই জনসভার আয়োজন করা হয়। কিন্তু প্রধানমন্ত্রীর ঘোষণার দুই বছর পেরিয়ে গেলেও এখানো স্টেডিয়াম নির্মাণের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এ নিয়ে হতাশ ফটিকছড়ির ক্রীড়ামোদীরা।
উপজেলা খেলোয়াড় সমিতির সভাপতি মুহাম্মদ শামশুল আলম বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি পেয়ে এখানকার ক্রীড়ামোদীরা অনেক খুশি হয়েছিলেন। কিন্তু স্টেডিয়াম নির্মাণের প্রকল্প কাজ শুরু না হওয়ায় এখন আমরা হতাশ।’ তিনি শিগগিরই স্টেডিয়াম নির্মাণকাজ শুরুর দাবি জানান।
ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়দের সঙ্গে কথা বলে জানা যায়, কোনো টুর্নামেন্ট আয়োজন করতে হলে স্কুল-কলেজের মাঠ ব্যবহার করতে হয়। এ জন্য ওই প্রতিষ্ঠানের অনুমতি নিতেও পড়তে হয় নানা ঝামেলায়। তা ছাড়া অনেক সময় অনুমতি মেলে না।
স্থানীয় ফুটবলার মোহাম্মদ জাফর ও মোহাম্মদ মুনসুর বলেন, ‘ফটিকছড়িতে একটি স্টেডিয়াম থাকলে আমরা সারা বছর অনুশীলন করতে পারতাম। এখন শুধু শীতকাল এলেই ধানি জমিতে খেলাধুলার আয়োজন করি। নিয়মিত খেলাধুলা থেকে আমরা বঞ্চিত হচ্ছি।’
ফটিকছড়ি আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা সভাপতি দিদারুল বশর চৌধুরী বলেন, ‘পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মেতে থাকলে শিক্ষার্থীরা মাদক ও খারাপ কাজ থেকে দূরে থাকবে। উঠে আসত ভালো খেলোয়াড়।’
সরেজমিনে দেখা গেছে, সওজ বিভাগের মাঠটির একাংশ ব্যবহৃত হচ্ছে নির্মাণসামগ্রী রাখার কাজে। বাকি অংশ ফাঁকা।
সওজের উপবিভাগীয় প্রকৌশলী মো. রবিউল হোসেন বলেন, মাঠটি স্টেডিয়াম করার ব্যাপারে আমাদের কাছে কোনো নির্দেশনা আসেনি। এ জন্য সওজের কাজে মাঠ ব্যবহৃত হচ্ছে।
জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘আমি দায়িত্বে থাকার সময় স্টেডিয়াম নির্মাণের বিষয়ে একটি ফাইল প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দিয়েছি। পরে সংশ্লিষ্ট দপ্তরে কয়েকবার যোগাযোগ করেছি। কিন্তু কোনো ধরনের কার্যক্রম হাতে নেওয়া হয়নি।’
ফটিকছড়ি উপজেলার সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, ‘স্টেডিয়াম নির্মাণের প্রকল্পটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা আছে। এটি দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তদবির চলছে। আশা করছি শিগগিরই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।’