কক্ষসংকট লেগেই আছে। পর্যাপ্ত বেঞ্চও নেই। গাদাগাদি করে বসে পাঠ নেয় শিক্ষার্থীরা। এখনো চালু করা যায়নি বিজ্ঞান বিভাগ। এমন সমস্যা নিয়ে চলছে কক্সবাজারের উখিয়া উপজেলার উচ্চমাধ্যমিকের একমাত্র নারীশিক্ষা প্রতিষ্ঠান উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ। অথচ এত সব সংকটে থেকেও কলেজটি গতবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে জেলায় শীর্ষ স্থান অর্জন করেছে।
এদিকে গত বছরের ৩ সেপ্টেম্বর উখিয়া উচ্চবিদ্যালয়ের মাঠে আয়োজিত দলীয় সম্প্রীতি সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তঁার মায়ের নামে প্রতিষ্ঠিত এই কলেজটি জাতীয়করণের প্রতিশ্রুতি দেন। কিন্তু সেই প্রতিশ্রুতি এখনো বাস্তবায়ন হয়নি।
কলেজ সূত্র জানায়, ১৯৯৯ সালে উপজেলা সদরের পঁাচ একর জমির ওপর কলেজটি প্রতিষ্ঠা করেন উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম নুরুল ইসলাম চৌধুরী। গত ১৩ বছরে এই কলেজ থেকে অন্তত আড়াই হাজার ছাত্রী এইচএসসি পাস করলেও নানা অসহযোগিতায় কলেজটি স্নাতক পর্যন্ত উন্নীত করা যায়নি। বিশেষ করে গত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কলেজটি এমপিওভুক্তসহ সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকে। তার পরও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীসহ অন্যান্য ২১ জন শিক্ষক ও পঁাচজন কর্মচারী বিনা বেতনে পাঠদান অব্যাহত রাখেন। বর্তমানে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে অধ্যয়ন করছেন এক হাজার ১০০ ছাত্রী।
কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী আসমাউল হুসনা বলেন, ‘গত বছর জানুয়ারি থেকে টানা দুই মাস আমরা ছাত্রী, শিক্ষক ও অভিভাবকেরা মিলে কলেজটি সরকারি করার দাবিতে মাঠে নেমে আন্দোলন করেছি। এর আগে একই দাবিতে বিভিন্ন রাজনৈতিক দল ও সমাজের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ মাঠে নেমে আন্দোলন করেছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উখিয়ায় এসে বিশাল জনসভায় এই কলেজটি জাতীয়করণের ঘোষণা দেন। কিন্তু এক বছর পার হলেও কলেজটি সরকারীকরণ হয়নি।’
কলেজের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক হুমায়ুন কবির চৌধুরী জানান, ১৯৯৯ সালে কলেজটি প্রতিষ্ঠা করা হলেও এমপিওভুক্ত করা হয় আওয়ামী লীগের সরকার আমলে অর্থাৎ ২০১০ সালের মে মাসে। সেই থেকে শিক্ষক-কর্মচারীরা বেতনের টাকা পাচ্ছেন। লেখাপড়ায় কলেজটি জেলার শীর্ষ স্থান অর্জন করে আসছে। গত বছরও এইচএসসির ফলাফলে কলেজটি জেলায় শীর্ষ স্থান অর্জন করে।
কলেজের পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ ফজলুল করিম বলেন, আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই উখিয়া উপকূলের সোনারপাড়ায় আশ্রয় নিয়েছিলেন। উখিয়ার মানুষ তখন বঙ্গবন্ধুকে আপন করে নিয়েছিলেন। এরপর উখিয়ার মানুষ বঙ্গবন্ধুর স্মৃতি ধরে রাখতে তঁার সহধর্মিণীর নামে ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব’ মহিলা কলেজটি প্রতিষ্ঠা করা হয়।
কলেজের অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উখিয়ার জনসভায় কলেজটি সরকারীকরণের ঘোষণা দিয়েছেন। এখন সেই ঘোষণা বাস্তবায়নের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। সম্প্রতি ঢাকায় যোগাযোগ করে জেনেছি, কলেজটি সরকারীকরণের কাজ প্রায় শেষ। হয়তো কয়েক মাসের মধ্যে এই ঘোষণা আসতে পারে।