প্রধানমন্ত্রীর সফরে মিশ্র প্রতিক্রিয়া
বান্দরবানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের সফর নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে বলেছেন আগের বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার সফরের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আগে সফরে এলে দলীয় নেতা-কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ে সময় দিতেন। নানা বিষয়ে খোঁজখবর নিতেন। কিন্তু এবারে তিনি সে রকম কাউকে সময় দেননি। তবে অনেকে মনে করেন প্রধানমন্ত্রীর দুটি সেতু উদ্বোধনের মধ্য দিয়ে পর্যটন, ব্যবসাবাণিজ্য, কৃষিজপণ্য বিপণন সুবিধাবৃদ্ধিসহ এ অঞ্চলে উন্নয়নের অপার সম্ভাবনার দ্বার খুলে গেছে। আগামী দিনে শান্তিচুক্তি বাস্তবায়নসহ বেশকিছু উন্নয়ন প্রকল্প গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি। এসব আশ্বাস বাস্তবায়িত হলে এলাকার লোকজন উপকৃত হবে।বর্তমান সরকারের প্রায় সাড়ে তিন বছর পর ১৭ নভেম্বর, প্রথম পার্বত্য জেলা বান্দরবান সফর করে গেছেন প্রধানমন্ত্রী। ওই দিন তিনি রুমা ও থানচিতে দুইটি সেতু উদ্বোধন ও পথসভায় বক্তব্য দেন। বিকেলে জেলা শহরের রাজামাঠে বিশাল সমাবেশেও বক্তব্য দেন তিনি। থানচি উচ্চবিদ্যালয় সরকারিকরণ, রুমায় কলেজ ও ৫০ শয্যার হাসপাতাল স্থাপনের ঘোষণা দেন। রুমা সদর ইউনিয়নের চেয়ারম্যান শৈবং মারমা জানান, সাঙ্গু নদীর ওপর দুইটি সেতুর অভাবে রুমা ও থানচি উপজেলা এতদিন দুর্গম থেকে গিয়েছিল। সেনাবাহিনীর মাধ্যমে সেতু দুইটি নির্মাণ এবং প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে এ অঞ্চলে যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে এবং পর্যটন, ব্যবসাবাণিজ্য, কৃষিজপণ্য বিপণনসহ নানান ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের সম্ভাবনা দেখা দিয়েছে।জেলা আওয়ামী লীগের অর্থসম্পাদক মাহবুবুর রহমান জানান, সময় না থাকায় প্রধানমন্ত্রী কাউকে সময় দিতে পারেননি। তাঁর আগমনে দলমত-নির্বিশেষে সবাই খুশি হয়েছে। তিনি রুমা ও থানচিতে সেতু উদ্বোধন এবং থানচি উচ্চবিদ্যালয় সরকারিকরণ, রুমায় কলেজ ও ৫০ শয্যার হাসপাতাল স্থাপনের ঘোষণা দেওয়ায় এলাকার মানুষ উচ্ছ্বসিত। তবে নাম প্রকাশে অনিচ্ছুক সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে পরিচিত আওয়ামী লীগ সমর্থক এক ব্যক্তি বলেছেন প্রধানমন্ত্রী বীর বাহাদুরকে নৌকায় ভোট দেওয়ার জন্য উপস্থিত জনতার প্রতি আহ্বান জানালেও এটি ছিল তাঁর দলীয় সফর। সামরিক-বেসামরিক আমলাদের আমন্ত্রণে এ সফরকে প্রধানমন্ত্রীর সফর কিংবা নির্বাচনী সফর কোনোটাই বলা যায় না। এদিকে জনসংহতি সমিতি (জেএসএস) ও সাধারণ লোকজনের কেউ কেউ প্রধানমন্ত্রীর এ সফরকে সরকারের শেষ সময়ের নির্বাচনী সফর বলে মন্তব্য করেছেন। জনসংহতি সমিতির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং মারমা জানান, প্রধানমন্ত্রী এসেছিলেন রুমা ও থানচিতে সাঙ্গু নদীর ওপর সেতু উদ্বোধনের জন্য সামরিক-বেসামরিক আমলাদের আমন্ত্রণে। এ সুযোগে সাংসদ বীর বাহাদুর জনসভা আয়োজন করায় এটি নির্বাচনী সভায় পরিণত হয়েছে। তাঁর এ সফরের ব্যাপারে আগে থেকে পার্বত্য অঞ্চলের মানুষ আশাবাদী ছিলেন না। তিনি জানান, ‘পার্বত্য চুক্তি বাস্তবায়নের ব্যাপারে প্রধানমন্ত্রী এ পর্যন্ত বহুবার আশ্বাস দিলেও কোনো কিছু হয়নি। বন ও ভূমি অধিকার সংরক্ষণ কমিটির জেলা সভাপতি জুয়ামলিয়ান আমলাই জানান, প্রধানমন্ত্রীর সফরে আশাবাদী হওয়ার মতো কোনো কিছু হয়নি। সরকারের প্রতিশ্রুতি ছিল আগে শান্তিচুক্তি বাস্তবায়ন এবং তার পরে উন্নয়ন। কারণ চুক্তি বাস্তবায়ন ছাড়া উন্নয়ন যা হচ্ছে তা আত্মঘাতী এবং অনগ্রসর আদিবাসীরা এ উন্নয়নের আড়ালে উচ্ছেদ অথবা নিজভূমে পরবাসী হচ্ছেন।