প্রফেসর শঙ্কুর শীত নিবারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

[স্যার আর্থার কোনান ডয়েল ও সত্যজিৎ রায়ের কাছে ক্ষমা প্রার্থনাপূর্বক।]৩ জানুয়ারিজিমেইলের ইনবক্স খুলতেই নতুন একটা মেইল পেলাম। সেটা এ রকম—আশা করি, বাংলায় লেখা আমার জিমেইল পড়ে চমকে উঠবি না। বাংলা শিখেছি। নিশ্চয়ই জানিস, গত এক বছর ধরে আমি বাংলাদেশের উত্তরাঞ্চলের শীতপ্রধান অঞ্চলে দুর্লভ এক পাখির খোঁজ করছি। একা একা খোঁজাখুঁজি আর ভালো লাগছে না। চলে আয় না! আমি আছি দিনাজপুরের বিরল উপজেলার কড়ই বিলে। এখানে শীতকালে প্রচুর বিদেশি পাখি বেড়াতে আসে। এবারও এসেছে। পাখি তো দেখবিই, উপরি বোনাস হলো শীতের টাটকা শাকসবজি আর খেজুরের রস বলে পরিচিত দারুণ এক পানীয়। মজাদার এক রেসিপি আবিষ্কার করেছি, তেলাপোকা আর ফুলকপির স্যুপ। এত টেস্টি যে বলার মতো না। আশা করি, তুইও টেস্ট করতে আগ্রহী হবি। ইতি তোরই চ্যালা। ‘চ্যালা’ মানে প্রফেসর চ্যালেঞ্জার! এ তো দেখছি মায়ের কাছে মাসির বাড়ির গল্প!বাঙালি বিজ্ঞানী আমি, প্রফেসর শঙ্কু বললেন, সবাই আমাকে এক নামে চেনে! আমার কাছে শীতের মাহাত্ম্য বর্ণনা করছিস ব্যাটা ইংরেজ বিজ্ঞানী। প্রফেসর চ্যালেঞ্জারের সঙ্গে আমার সম্পর্ক অম্ল-মধুর। প্রফেশনাল ঈর্ষা তো আছেই। সামান্য রেষারেষিও আমাদের দুজনের মধ্যে আছে। সেবার বলিভিয়ার এক বিজ্ঞান কনফারেন্সে তার সঙ্গে আমার দেখা। জিজ্ঞেস করলাম, ‘কিরে চ্যালা (আদর করে ওকে আমি চ্যালা বলে ডাকি), কোথায় ডুব মেরে ছিলি এত দিন?’ ‘আর বলিস না সং (আদর করে চ্যালাও আমাকে সং বলে ডাকে), গিয়েছিলাম অ্যান্টার্কটিকায়। যা ঠান্ডা ওখানে, বাপ রে বাপ!’ ‘কী রকম?’ সহাস্যে জিজ্ঞেস করলাম ওকে। ‘আমরা বসেছিলাম একটা ইগলুতে। ফুঁ দিয়ে ঘরের ভেতর রাখা মোমবাতিটা নেভাতেই পারছিলাম না।’ বলল চ্যালেঞ্জার। ‘কেন? কেন?’ বসে থাকা অন্য বিজ্ঞানীরা জিজ্ঞেস করল। ‘বা রে, মোমের আগুনটাই তো ঠান্ডায় জমে গিয়েছিল।’ বলল চ্যালেঞ্জার। ‘আরে ফুঃ এটা কোনো ঠান্ডা হলো!’ গলা খাঁকারি দিয়ে বললাম আমি। ‘গত বছর আমরা আর্কটিকে গিয়েছিলাম। কী যে ঠান্ডা পড়েছিল, না বললে বিশ্বাস করবি না! সন্ধ্যার পর আমরা সবাই ইগলুর ভেতর গোল হয়ে বসে গল্প করছিলাম। আশ্চর্যের বিষয় হচ্ছে, কেউ কারও কথা শুনতে পাচ্ছিলাম না।’ ‘কেন?’ একজন বিজ্ঞানী প্রশ্ন করল। ‘আমাদের কথাগুলো মাঝ রাস্তায় ঠান্ডায় জমে যাচ্ছিল।’ বললাম আমি। ‘তাহলে তোরা কীভাবে ভাব আদান-প্রদান করলি?’ চ্যালা জিজ্ঞেস করল। ‘সকালে উঠে আগুনে গলিয়ে কথাগুলো শুনে নিলাম।’ ভ্রু নাচিয়ে জবাব দিলাম। ‘তা সং বল দেখি, আর্কটিকে কতগুলো পেঙ্গুইন আছে?’ জিজ্ঞেস করল চ্যালা। ‘কত আর হবে, হাজার দুয়েকের মতো।’ বললাম আমি। ‘তাই নাকি! আর্কটিকে তো পেঙ্গুইন থাকেই না। পেঙ্গুইন থাকে অ্যান্টার্কটিকায়।’ ব্যঙ্গ করল আমাকে চ্যালা! অমনি হো হো হেসে উঠল অন্যরা। সেই ব্যঙ্গ হাসি এখনো আমার কানে বাজছে! সেই হাসি আমাকে মনে করিয়ে দিয়েছিল আমার ছাত্রী অপর্ণা সেনের কথা। তখন আমি নিজেই ছাত্র। বাড়ি গিয়ে প্রাইভেট পড়াতাম। অপর্ণা একদিন আমায় জিজ্ঞেস করল, ‘আচ্ছা, স্যার, বলুন তো পানিও নেই, বরফও নেই এমন মহাসাগর কোথায় পাওয়া যাবে?’ বইপড়ুয়া ছাত্র আমি। তার ওপর অপর্ণাকে বিশেষ পছন্দও করি। প্রশ্ন শুনে টের পেলাম, আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। হাত পা ঘামছে। আমার অবস্থা দেখে খিলখিল করে হেসে উঠল সে, ‘পারলেন না তো, এটার উত্তর হলো মানচিত্র।’ অপর্ণাকে যে আমার খুব ভালো লাগে সে কথা সত্যজিৎকে বলেছিলাম। ফলাফল মাথার ওপর ফুলে ওঠা ‘আলু’টা কমাতে বেশ কয়েক দিন বরফ ঘষতে হয়েছিল। যা হোক, ফিরতি ই-মেইলে চ্যালেঞ্জারকে লিখলাম— প্রিয় চ্যালা, তোর আমন্ত্রণ গ্রহণ করতে পারলাম না বলে দুঃখিত। গৌতম ঘোষের জন্য মনের মানুষ পার্ট-২ ছবির চিত্রনাট্য লিখছি বলে মহা ব্যস্ত আছি। ইতি তোরই সং। ২০ জানুয়ারিআবার-ই-মেইল পেলাম চ্যালার। প্রিয় সংএখন বেলা ১১টা বাজে। এখনো সকালে ঘুম থেকে উঠে বিছানা ছেড়ে উঠতে পারিনি। লেপের ভেতর শুয়ে শুয়ে লিখছি। এখানে শীত এত তীব্রভাবে জেঁকে বসেছে যে বেশ কয়েক দিন ধরে সূর্যের দেখা পাচ্ছি না। গরিব মানুষের খুব কষ্ট হচ্ছে। তুই যদি গরিবদের শীত নিবারণের জন্য কোনো কিছু আবিষ্কার করতিস, তাহলে সত্যিই ওদের খুব উপকার হতো। ইতিতোরই চ্যালা।জবাবে আমি লিখলাম—প্রিয় চ্যালাতুই হয়তো জানিস না ‘শীত নিবারক’ নামের একটি খাওয়ার বড়ি আমি আগেই আবিষ্কার করেছি। এটি খেলে যত ঠান্ডাই পড়ুক না কেন, শরীর গরম থাকবে। তোর জন্য এক ফাইল ওষুধ পাঠালাম। ফলাফল তাড়াতাড়ি জানাবি। এরপর ওষুধটা খাওয়ার নিয়ম সম্পর্কে লিখে ই-মেইলটা ওর কাছে পাঠিয়ে দিলাম। ওষুধটা ডাকযোগ পাঠালাম। ১ ফেব্রুয়ারিবেশ কিছুদিন হলো চ্যালার ই-মেইল পাচ্ছি না। ওষুধটা পেল কি না সেটাও বুঝতে পারছি না। ওর কোনো বিপদ হলো না তো! কথাটা মনে আসতেই ইন্টারনেটে ঢুকে বাংলাদেশের সংবাদপত্র সার্চ করতে শুরু করে দিলাম। গত কয়েক দিনের প্রথম আলোর ওয়েবসাইট খুঁজতেই পেয়ে গেলাম প্রয়োজনীয় খবরটি। সেটি এ রকম: ‘ঠান্ডা পানিতে ৪৮ ঘণ্টা’ শিরোনামের খবরে লেখা আছে, তীব্র শীতেও খালি গায়ে পুকুরের ঠান্ডা পানিতে ৪৮ ঘণ্টা গলা পর্যন্ত ডুবে দাঁড়িয়ে ছিলেন এক বিদেশি। পরে স্থানীয় জনগণ পানি থেকে উদ্ধার করে তাঁকে হাসপাতালে ভর্তি করেছে। চমকে গেলাম। এ রকম তো হওয়ার কথা নয়। আমার আবিষ্কৃত ‘শীত নিবারক’ পরীক্ষিত। কী মনে হতেই আমার পাঠানো ই-মেইলটা আবার চেক করলাম। তখন রহস্য ফাঁস হলো। ওষুধটা খাওয়ার নিয়মাবলিতে আমি ওকে লিখতে চেয়েছিলাম ‘বোতলের বড়ি একবার খেতে’। দেখলাম, লিখে পাঠিয়েছি, ‘বোতলের বড়ি একবারে খেতে।’ সামান্য এ ()ে কারটাই যত নষ্টের গোড়া। ‘চ্যালা’ নিশ্চয়ই সব বড়ি একবারে খেয়ে নিয়েছিল! ওভার ডোজ! ভাবলাম, ‘চ্যালা’কে ই-মেইল করে জানিয়ে দিই যে, আমি ব্যাপারটা ইচ্ছে করে করিনি। কিন্তু একটা ঘটনা মনে পড়ে গেল। একদিন নিউমার্কেটের গেটে দাঁড়িয়ে আছি। হঠাৎ মৃণাল সেন এসে বলল, ‘স্যার, অনেকক্ষণ ধরে দেখছি দাঁড়িয়ে আছেন। জরুরি কিছু?’বললাম, ‘মার্কেটের ভেতরে ঢুকছিলাম না বের হচ্ছিলাম, তা নিয়ে আমি বেশ কনফিউজড।’ ‘চ্যালা’র ই-মেইলে এ-কারটা একবার মনে হচ্ছে ইচ্ছে করে লিখেছি, একবার মনে হচ্ছে লিখিনি। সত্যিই আমি কনফিউজড! প্রভাষক, পদার্থবিদ্যা, দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর।