প্রবাসী কল্যাণ ব্যাংকের অনানুষ্ঠানিক কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে অনানুষ্ঠানিকভাবে প্রবাসী কল্যাণ ব্যাংকের কার্যক্রম শুরু হয়েছে। নগরের নাসিরাবাদ এলাকায় পলিটেকনিক কলেজ সড়কে অস্থায়ী কার্যালয়ে ব্যাংকের আঞ্চলিক দপ্তরের কার্যক্রম চলছে। গত ২৫ জানুয়ারি এই দপ্তরের কার্যক্রম শুরু হয়। প্রবাসী কল্যাণ ব্যাংকের চট্টগ্রাম শাখার দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক এইচ এম বদরুদ্দোজা প্রথম আলোকে বলেন, বিদেশে গমনেচ্ছু কর্মীদের দ্রুত সময়ের মধ্যে অভিবাসান ঋণ প্রদান, ফিরে আসা প্রবাসীদের দেশে বিনিয়োগ ও কর্মসংস্থানে সহায়তার জন্য পুনর্বাসন ঋণ এবং প্রবাসীদের জন্য সঞ্চয় প্রকল্পের সুবিধা এই শাখা থেকে দেওয়া হবে। উল্লেখ্য, গত বছরের ২০ এপ্রিল ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসী কল্যাণ ব্যাংকের কার্যক্রম উদ্বোধন করেন। এর আগে ২০১০ সালের ১১ অক্টোবর ‘এক্সপ্যাট্রিয়ট ওয়েলফেয়ার ব্যাংক অ্যাক্ট-২০১০’ সংসদে পাস হয়। সূত্র জানায়, অভিবাসন ঋণের জন্য বিদেশে গমনেচ্ছু কোনো ব্যক্তি ভিসাসহ প্রয়োজনীয় কাগজপত্র প্রবাসী কল্যাণ ব্যাংকে জমা দিয়ে আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে অল্প সময়ের মধ্যে ঋণ দেওয়ার ব্যবস্থা করবে ব্যাংক। তবে অভিবাসন ঋণ গ্রহণকারীকে মুচলেকা দিতে হবে যে, তাঁর অর্জিত সব বৈদেশিক মুদ্রা প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন। এ বিষয়ে এইচ এম বদরুদ্দোজা জানান, কেউ অভিবাসী ঋণ গ্রহণ করলে তাঁকে ব্যাংকে একটি সঞ্চয় প্রকল্প করতে হবে। প্রবাসী-আয় ব্যাংকের মাধ্যমেই দেশে পাঠাতে হবে এবং বিমা পলিসিও ব্যাংককে দিতে হবে। পাশাপাশি ব্যাংক থেকে বিদেশফেরত বাংলাদেশিদের পুনর্বাসন ঋণ দেওয়া হবে। যেসব খাতে পুনর্বাসন ঋণ দেওয়া হবে সেগুলো হলো—কৃষি, মাঝারি ধরনের কৃষিনির্ভর শিল্প, মুরগির খামার, মৎস্য চাষ, বায়োগ্যাস প্ল্যান্ট, সৌর জ্বালানি খাত, তথ্যপ্রযুক্তিনির্ভর উদ্যোগ, এক বাড়ি এক খামার প্রকল্প, নারীদের জন্য ক্ষুদ্র ও কুটির শিল্প প্রকল্প, গরু মোটাতাজাকরণ ও দুগ্ধ উৎপাদনকারী খামার প্রকল্প। এ ছাড়া ব্যাংকে প্রবাসীদের জন্য মাসিক ও মেয়াদি সঞ্চয় প্রকল্পের ব্যবস্থা আছে।