প্রবাসীদের জীবনকাহিনি বালুকাবেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইয়ুব আহমেদ দুলালের বালুকাবেলা বইয়ের প্রচ্ছদ
আইয়ুব আহমেদ দুলালের বালুকাবেলা বইয়ের প্রচ্ছদ

প্রবাসে কাজের অবসরে সুযোগ পেলে আমি বই পড়ি। কয়েক দিন আগে বালুকাবেলা নামে একটি উপন্যাস পড়লাম। উপন্যাসটি বাংলাদেশের রোদেলা প্রকাশনী থেকে ২০১৪ সালের একুশে বইমেলায় প্রকাশিত। উপন্যাসটি লিখেছেন সৌদিপ্রবাসী আইয়ুব আহমেদ দুলাল। আমিও একজন প্রবাসী। তাই আমার এই প্রতিক্রিয়া।
আইয়ুব আহমেদ দুলালের উপন্যাসটি ট্র্যাজিকধর্মী। তিনি তাঁর নিজস্ব অভিজ্ঞতা ও পারিপার্শ্বিকতা বিশেষত আমরা যাঁরা প্রবাসী, তাঁদের প্রবাসজীবনের টানাপোড়েনকে অত্যন্ত সাবলীলভাবে এই উপন্যাসে তুলে ধরেছেন।
এ ক্ষেত্রে প্রবাস বলতে মধ্যপ্রাচ্য; বিশেষ করে সৌদি আরবের কথাই বলা হয়েছে। সৌদি আরবের প্রাকৃতিক আবহাওয়া লেখকের বর্ণনায় অত্যন্ত সুন্দরভাবে ধরা পড়েছে। ভাষার সহজতা, ঘটনার প্রবহমানতা ও উপস্থাপনাশৈলী নজরে পড়ার মতো। যা কিনা পাঠককে বালুকাবেলার শেষ অবধি নিয়ে যায়।
বাংলাদেশি জনশক্তির একটা বিরাট অংশ জীবিকার কারণে আরবভূমিতে আসতে বাধ্য হয়। আসার পর তাদের জীবনের অর্থ শুধু অর্থ উপার্জনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। পরবর্তী সময় তাদের বিরাট অংশ মানসিক পীড়া অনুভব করে তাদেরই পরিবারের সদস্যের ব্যবহারে। এটা লেখককে অত্যন্ত পীড়িত করে।
পরিবার-পরিজন শুধুই প্রবাসীদের উপার্জিত অর্থের দিকেই তাকিয়ে থাকে। কিন্তু একটু একটু করে প্রবাসীদের যৌবনের যে দিনগুলি অতিবাহিত হয় এই বিদেশ বিভূঁইয়ে, যা কি না কারাগারের মতো প্রায়; তার কথা কেউ ভাবে না।
প্রবাসীরা পরিবারের সদস্যদের একটু ভালো থাকার আশায় প্রবাসেই পড়ে থাকে দিনের পর দিন, নিজস্ব আশা-আকাঙ্ক্ষাকে তুচ্ছ করে। অন্যদিকে এই প্রবাসীদের প্রেরিত অর্থে দেশের কোষাগার বৈদেশিক মুদ্রায় ভরে ওঠে। দেশের সরকারও ভাবে না এই প্রবাসীদের প্রবাসজীবন সম্পর্কে।
মুষ্টিমেয় কিছু দালাল তাঁদের নিজেদের স্বার্থে অন্যায়ভাবে গরিব বাংলাদেশিদের কাছ থেকে প্রচুর অর্থ নিয়ে আরবভূমিতে জনশক্তি পাঠায়। আর সরকার তা জেনেও নিশ্চুপ থাকে। স্বল্প আয়ের চাকরিতে বিপুল পরিমাণ ধার পরিশোধের ভার লেখকের কিছু দেশীয় ভাইকে বিপথে পরিচালিত করে। এমনকি সৌদি আরবের আইন অনুযায়ী কখনো বা মৃত্যু অবধি নিয়ে যায়। এটা লেখককে পীড়িত করে এবং মনঃপীড়ার কারণ।
বেশির ভাগ বাংলাদেশি আরবভূমিতে প্রবাসী হন বিভিন্ন সংস্থায় নিম্নপদে। এসব পদে অত্যন্ত স্বল্প বেতন। ফলে তাঁদের অনেকে পরে নানা অবৈধ কাজে লিপ্ত হন। তা-ও লেখকের নজর এড়ায়নি। প্রত্যেক প্রবাসী বাংলাদেশি তাঁদের পরিবারের সদস্যদের একটু ভালো থাকার কথা ভেবে নিজেদের জীবন-যৌবনের আনন্দের দিনগুলিকে বিসর্জন দিয়ে এক কঠিন সংগ্রামের জীবন অতিবাহিত করেন। এটা লেখককে বারংবার বেদনাঘন করে তোলে।
পাশাপাশি দেশীয় ভাইদের অভব্য আচরণের কথাও অকপটে বলতে দ্বিধাবোধ করেননি। পাঠক হয়তো এ কারণে অনুযোগ করতেই পারেন। কিন্তু সাহিত্যের বিচারে লেখক উত্তীর্ণ। কারণ সাহিত্যের মূলে রয়েছে সহিত্যতত্ত্ব। সততা ও স্বচ্ছতাই একজন বাস্তবধর্মী লেখকের মূলধন। তা পাঠককে মনে করিয়ে দেয় অন্তরের অন্তঃস্থলে। এটি সত্যিই পাঠকের জন্য একটি সুখপাঠ্য উপন্যাস।
সুব্রত নিয়োগী
রিয়াদ, সৌদি আরব