প্রবাসীদের জেলা চট্টগ্রাম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনশক্তি রপ্তানি খাতে দেশের সব কটি জেলার মধ্যে এখন শীর্ষে চট্টগ্রাম। গত দুই বছরের ধারাবাহিকতা বজায় রেখে জানুয়ারি মাসেও সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি হয়েছে চট্টগ্রাম থেকেই। বিশ্বমন্দার পর জনশক্তি রপ্তানির ক্রমবর্ধমান এই ধারাকে জাতীয় অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।জনশক্তি কার্যালয় সূত্র জানায়, বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে প্রায় ১৫ লাখ চট্টগ্রামবাসী কর্মরত আছেন। এই জেলার অধিবাসীরা অধিকাংশই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, কুয়েতসহ মধ্যেপ্রাচ্যের বিভিন্ন দেশে যান। ২০০৪ সালের জানুয়ারি থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত চট্টগ্রাম জেলা থেকে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে গেছেন তিন লাখ ৯৭ হাজার ৮৭০ জন। এই জেলার প্রবাসীরা প্রতিবছর বিপুল পরিমাণ প্রবাসী-আয় (রেমিট্যান্স) পাঠাচ্ছেন। তবে প্রশিক্ষিত ও দক্ষ লোকজন বিদেশে পাঠালে প্রবাসী-আয় আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।চট্টগ্রাম জেলা কর্মসংস্থান সূত্র জানায়, গত জানুয়ারি মাসে বিদেশে কাজ নিয়ে যাওয়া মোট বাংলাদেশির সংখ্যা ছিল ৭৭ হাজার ৭৬৪ জন। এর মধ্যে চট্টগ্রাম জেলার অধিবাসী ছিলেন নয় হাজার ৩৭৪ জন, যা দেশের ৬৪টি জেলার মধ্যে সর্বোচ্চ।২০১১ ও ২০১০ সালে পর পর দুই বছর জনশক্তি রপ্তানিতে জেলাভিত্তিক শীর্ষস্থানটি ছিল চট্টগ্রামের। এই দুই বছরে বাংলাদেশ থেকে নয় লাখ ৫৮ হাজার ৬২ জন বিদেশে পাড়ি দেন। এর মধ্যে চট্টগ্রাম জেলার অধিবাসী ছিলেন এক লাখ ১৩ হাজার ৪৩৩ জন। শতকরা হিসাবে ওই দুই বছরে মোট জনশক্তি রপ্তানির প্রায় ১২ শতাংশই হয়েছে শুধু চট্টগ্রাম জেলা থেকে। চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক জহিরুল আলম মজুমদার বলেন, ‘জনশক্তি রপ্তানিতে চট্টগ্রাম শীর্ষে। এ ধারা অব্যাহত থাকবে। আশা করছি, এ বছর চট্টগ্রাম জেলা থেকে এক লাখেরও বেশি লোক বিশ্বের বিভিন্ন দেশে কাজ নিয়ে যাবেন।’ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ও জেলা জনশক্তি কার্যালয় থেকে পাওয়া তথ্য থেকে জানা যায়, ২০১১ সালে বাংলাদেশের মোট প্রবাসী-আয় হয় পাঁচ লাখ ৪৯ হাজার ৬৮৯ কোটি টাকা। তবে এতে চট্টগ্রাম জেলার অধিবাসীদের অবদান কত, সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি সংশ্লিষ্ট ব্যক্তিরা। জনশক্তি রপ্তানির ক্রমবর্ধমান এই ধারাকে ‘অত্যন্ত ইতিবাচক’ বলে মন্তব্য করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভািগের অধ্যাপক ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি মইনুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, ‘২০০৭-০৮ অর্থবছরে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির সংখ্যা ছিল আট লাখের মতো। এরপর বিশ্বমন্দার কারণে তা ক্রমাগত কমছিল। এখন জনশক্তি রপ্তানি আবার বাড়ছে। আশা করি, এ ধারা অব্যাহত থাকবে। এটা জাতীয় অর্থনীতির জন্য সহায়ক।’ প্রবাসী-আয় আদায় আরও বাড়াতে করণীয় বিষয়ে অর্থনীতিবিদ মইনুল ইসলাম বলেন, ‘বর্তমানে বিদেশগামী লোকজনের অধিকাংশই অদক্ষ ও কম দক্ষ। ধীরে ধীরে আধা প্রশিক্ষিত, প্রশিক্ষিত ও পেশাজীবীদের বিদেশে পাঠাতে উৎসাহিত করতে হবে। পাশাপাশি বৈধ পথে প্রবাসী-আয় পাঠানোও নিশ্চিত করতে হবে।’ এ বিষয়ে জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক জহিরুল আলম মজুমদার বলেন, ‘মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশিরা সৎ ও পরিশ্রমী। এতে সহজেই তাঁরা নিজ নিজ প্রতিষ্ঠান মালিকের বিশ্বাস অর্জন করেন। তাঁরাই দেশের আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের জন্য ভিসা জোগাড় করেন। জেলার অধিকাংশ অধিবাসী এ ধরনের ভিসায় বিদেশে যান। সরকারি ব্যস্থাপনায় বিদেশগামী লোকজনের সংখ্যা এ জেলায় খুব কম।’