প্রবাসীদের হানাহানি বন্ধে একগুচ্ছ প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশগামীরা কেউই নিয়মতান্ত্রিক পদ্ধতি ব্যবহার করতে চান না। সেটা করতে বললেই তাঁরা ঘুষের প্রস্তাব করেন। আবার যে দেশে যান সে দেশের নিয়মকানুন মানতে চান না। ফলে বিদেশের মাটিতে তাঁরা একসময় মারামারি এমনকি খুনোখুনিতেও জড়িয়ে পড়েন। এ ধরনের ৩২টি খুনের ঘটনা মোকাবিলা করছে সরকার। এগুলোর প্রত্যেক খুনি বাংলাদেশি নাগরিক। জেলা বৈদেশিক কর্মসংস্থান কার্যালয়ের বিভিন্ন জরিপে এসব তথ্য বেরিয়ে এসেছে। এ ধরনের ঘটনা এড়াতে সরকার একগুচ্ছ প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে: বিদেশ গমনের নিয়মকানুন সংবলিত একাধিক সংক্ষিপ্ত ভিডিও প্রদর্শনী, রাজনৈতিক নেতাদের মাধ্যমে শ্রমিকদের ওপর প্রভাব বিস্তার, অভিবাসন নিয়ে কর্মরত বেসরকারি সংস্থার (এনজিও) মাধ্যমে শ্রমিকদের প্রভাবিত করা, জেলা তথ্য অফিসের মাধ্যমে বাধ্যতামূলকভাবে ভিডিওচিত্র প্রদর্শন, প্রচারপত্র বিলি ও ট্রাভেল এজেন্সিগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা। এক বছর ধরে বিভিন্ন পর্যায়ে এসব সিদ্ধান্ত বাস্তবায়ন চলছে।জেলা বৈদেশিক কর্মসংস্থান কার্যালয়ের সহকারী পরিচালক জহিরুল আলম মজুমদার প্রথম আলোকে বলেন, ‘জেলা প্রশাসকের মাধ্যমে আমরা ইতিমধ্যে একটি বার্তা সব উপজেলায় দিয়ে দিয়েছি। তা হচ্ছে, উপজেলা পরিষদের সব বৈঠক ও সভার শুরুতে বিদেশগামী শ্রমিকদের নিয়মকানুন সংবলিত দুই থেকে পাঁচ মিনিটের বক্তব্য বাধ্যতামূলকভাবে পড়ে শোনাতে হবে।’ তিনি বলেন, ‘বিদেশে যাওয়ার আগেই শ্রমিকেরা বিভিন্ন ট্রাভেল এজেন্সিতে যে পরিমাণ টাকা দেন, তা আমাদের বলেন না। আর বিদেশে গিয়ে নানা বিপদে পড়লে তাঁরা আসল কথা বলেন। তখন আমাদের আর কিছুই করার থাকে না। এসব নিয়ে সচেতনতামূলক প্রচারপত্রও বিলি করার উদ্যোগ নেওয়া হয়েছে।’ এ ছাড়া প্রতিটি জেলায় একটি টাস্কফোর্সও গঠন হবে, যার নেতৃত্বে থাকবেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ দলে পুলিশ, কর্মসংস্থান কার্যালয়ের প্রতিনিধিসহ প্রয়োজনীয় সদস্য থাকবেন। মানুষের জন্য ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংস্থা দেশের বিমানবন্দরগুলোতে বিদেশগামী শ্রমিকদের করণীয় কী, সে সম্পর্কে বিভিন্ন প্রচারপত্রের উদ্যোগ নিয়েছে। এর বাইরে সরকারের পক্ষ থেকেও ব্যাপকভাবে প্রচারপত্র বিলি করা হচ্ছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, এত কিছুর পরও দীর্ঘদিনের কিছু আচরণ পরিবর্তন না হওয়ায় এ ক্ষেত্রে প্রত্যাশিত সফলতা আসছে না। গত মঙ্গলবার নগরের আগ্রাবাদে অবস্থিত জেলা বৈদেশিক কর্মসংস্থান কার্যালয়ে গিয়ে দেখা যায়, আঙুলের ছাপ দিতে আসা শ্রমিকদের মধ্যে বিভিন্ন ধরনের প্রচারপত্র বিলি করা হচ্ছে। তবে বিদেশগামী লোকজনদের লাইনে দাঁড়ানোর জন্য অনুরোধ করা সত্ত্বেও তাঁদের বারবার লাইন ভাঙতে দেখা যায়। এ নিয়ে কর্মকর্তারা হিমশিম খাচ্ছিলেন।জানা গেছে, বাংলাদেশের যেসব জেলা থেকে শ্রমিক কিংবা কর্মকর্তা-কর্মচারী হিসেবে বিদেশে লোকজন যাওয়া-আসা করেন, এর মধ্যে চট্টগ্রাম জেলার অবস্থান শীর্ষে। গত এক বছরেই এ জেলা থেকে বিদেশে গেছেন ৭৩ হাজার ৪৩৩ জন। আর গত বছর চট্টগ্রামের লোকজন বৈদেশিক মুদ্রা পাঠিয়েছেন ৮১ হাজার ৮২ কোটি টাকা। পাশাপাশি গত এক বছরেই এখানকার লোকজন চারটি খুনের ঘটনায় জড়িয়েছেন বিদেশে। এর মধ্যে দুই ব্যক্তি খুন করেছেন তিনজন বাংলাদেশিকে। খুনিদের ক্ষমা করতে অস্বীকার করেছে নিহতের পরিবার। অন্যদিকে দুই বিদেশিকে খুনের ঘটনায় রক্তঋণের বিনিময়ে মুক্তির সম্ভাবনা দেখা দিয়েছে দুজনের। তাঁদের একজন লোহাগাড়া ও অন্যজন নগরের বহদ্দারহাটের নাগরিক। লোহাগাড়ার নাগরিককে বাঁচাতে সৌদি আরবের কিছু নাগরিক এগিয়ে এসেছেন। আর বহদ্দারহাটের নাগরিকের রক্তঋণ পরিশোধ করছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। তবে একাধিক ব্যবসায়ী বলেছেন, ‘এ ধরনের কাজে সহযোগিতাও পরোক্ষভাবে হত্যাকাণ্ডকে সমর্থন করার শামিল। ভবিষ্যতে আর ব্যবসায়ীরা এ কাজ করবেন না। চট্টগ্রামে এটাই শুরু, এটাই শেষ।’