প্রবাসী-আয় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রবাসী কর্মীরা কষ্টার্জিত টাকা প্রতিনিয়ত দেশে থাকা স্বজনদের কাছে পাঠাচ্ছেন। এই রেমিট্যান্স দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে।’ আন্তর্জাতিক অভিবাসন দিবসের সভায় বক্তারা এ কথা বলেন। কক্সবাজার ও সাতকানিয়ায় নানা আয়োজনে আন্তর্জাতিক অভিবাসন দিবস পালিত হয়।
কক্সবাজার: দিবসটি উপলক্ষে ১৮ ডিসেম্বর সকাল নয়টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহমদ। তিনি প্রবাসে যেতে ইচ্ছুক কর্মীদের দক্ষতা অর্জনের পরামর্শ দিয়ে বলেন, প্রশিক্ষিত হয়ে, দক্ষতা অর্জনের পর বিদেশে চাকরি নিয়ে যেতে হবে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইএমও) জাতীয় কর্মসূচি কর্মকর্তা আসিফ মুনীর, কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক রমিয়ন কান্তি দাশ প্রমুখ।
সভায় সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানো জেলার পাঁচজন প্রবাসী কর্মীর পরিবারকে সম্মাননা স্মারক দেওয়া হয়। তাঁরা হলেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে থাকা টেকনাফের মোহাম্মদ ইসমাইল, মিজানুর রহমান ও মোজাহিদুল হক, যুক্তরাজ্যে থাকা রামুর আবুল কায়সার এবং সৌদি আরবে থাকা কক্সবাজার পৌরসভার মো. আবদুুল হাকিম। এ ছাড়া জেলার প্রবাসী কর্মীর ৪৫ জন মেধাবী সন্তানকে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।
সাতকানিয়া: উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ব্র্যাকের সহযোগিতায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে ১৮ ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ উল্যাহর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. খাজানুর রহমান, মৎস্য কর্মকর্তা বরকতুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনিরুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা গোলাম হোসেন, ব্র্যাক উপজেলা কার্যালয়ের পুষ্টি–বিষয়ক কর্মকর্তা হোসাইন মো. শাহীন, ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের কর্মী প্রিমা সুলতানা প্রমুখ। সভা শেষে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদের আশপাশের সড়ক প্রদক্ষিণ করে।