প্রবাসে ঈদ আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের দিন ব্যাংককে বাংলাদেশি দুই পরিবার
ঈদের দিন ব্যাংককে বাংলাদেশি দুই পরিবার

ঈদ মানেই খুশি ও আনন্দ। পরিবারের সবাই একসঙ্গে হওয়া ও আনন্দ ভাগাভাগি করে নেওয়া। বাড়িতে মেহমানের আনাগোনা ও চারদিকে খাবারের মৌ মৌ গন্ধ। ছোট ছোট ছেলেমেয়েদের কলতান এবং সারাদিন এ বাড়ি ও বাড়ি ঘুরে বেড়ানো।
কিন্তু আমরা যারা প্রবাসে থাকি তাঁদের কাছে ঈদের আনন্দ বড়ই আপেক্ষিক। আমাদের কাছে ঈদের দিন অন্য দিনের মতোই। বাংলাদেশে সংখ্যালঘুদের প্রধান ধর্মীয় উৎসবের দিন সরকারি ছুটি থাকে। এই সব দেশে তা দেওয়া হয় না। ঈদের দিন স্কুল, কলেজ, ব্যাংক, অফিস আদালত সবকিছু খোলা থাকে। তাই আমাদের ছুটি নিতে হয়। বাচ্চাদের স্কুল থেকেও ছুটি নিয়ে নেই।
কয়েকদিন আগে উদ্যাপিত হলো ঈদ। প্রবাসে ঈদের কোনো আমেজ না থাকলেও আমাদের মনে মনে থাকে। আমরা আমাদের সাধ্যমতো সবাই মিলে ঈদের দিনটা আনন্দের সঙ্গে পালন করি। খুব সকালে ঘুম থেকে ঊঠে আমরা নতুন সাবান আর শ্যাম্পু দিয়ে গোসল করি। নতুন জামা কাপড় পরি। তারপর মসজিদের উদেশে রওনা দিই। ইমাম সাহেব খুতবা বলেন থাই ও ইংরেজি ভাষায়। আমরা ঈদের নামাজ আদায় করি। নামাজ শেষে হাতে হাত রেখে শুভেচ্চছা বিনিময় করি। মসজিদে সবার জন্য খাবারের ব্যাবস্থাও থাকে। বিভিন্ন রকমের ফল, থাই সেমাই, মুরগি ও গরুর মাংস, ভাত, থাই মিষ্টি ও বিরিয়ানীও থাকে। ঈদের প্রথম খাবার আমরা মসজিদে খাই। বড় একটা থালায় খাবার সাজানো থাকে। তিন চার জন করে এক এক থালা নিয়ে বসে আমরা ঈদের প্রথম খাবার খাই। ইমাম সাহেব বাচ্চাদের ঈদের সেলামী দেন। খাবার খেয়ে আমরা মসজিদ থেকে বেরিয়ে আসি।

ঈদের দিন ব্যাংককে বাংলাদেশি দুই পরিবার
ঈদের দিন ব্যাংককে বাংলাদেশি দুই পরিবার

এ বারের ঈদে আগে থেকেই আমাদের নিমন্ত্রণ ছিল আমাদের প্রিয় আলী ভাইয়ের বাসায়। ভাবী আগে থেকেই ফোনে বলে দিয়েছেন, যেন নামাজ পড়েই আমরা চলে যাই তাঁর বাসায়। ঈদের দিনে সবাই একসঙ্গে মজা করব তাই। আমরা মসজিদ থেকে বেরিয়েই ট্যাক্সি নিয়ে পাতা পিন কাঊ চলে গেলাম আলী ভাইয়ের বাসায়। সেখানে আলী ভাইয়ের তিন ছেলেমেয়ে; মানিক, রওনক ও ডলি ছাড়াও ছিলেন বাংলাদেশ থেকে আসা আলী ভাইয়ের মা, বোন। আমাদের দুই ছেলে আবীর ও আরীককে সঙ্গে নিয়ে আমরা তাঁদের বাসায় পৌঁছার সঙ্গে সঙ্গে সালামের ধুম পড়ে গেল। মানে সেলামী দিতে হবে। আমরা সবাইকে সেলামী দিলাম। বাচ্চারা খেলা শুরু করে দিল, কেউ কেউ লুডু নিয়ে বসল। এর মধ্যেই ভাবী রান্না করে ফেলেছেন; পোলাও, মুরগির রোস্ট, খাসি ও গরুর মাংস, চিকেন ফ্রাই, সেমাই। আরও ছিল বিভিন্ন প্রকার পানীয়। আলী ভাইয়ের বোন দই বানিয়েছিলেন। আমরা সবাই একসঙ্গে তৃপ্তি সহকারে খেলাম। ঈদের দিনটা আমরা সবাই মিলে অনেক আনন্দে কাটালাম। বিশেষ করে আলী ভাইয়ের মা, আর বোন থাকাতে মনে হচ্ছিল যেন দেশেই ঈদ করছি।
আসলে আমরা যত আনন্দই করি না কেন, ঈদের দিন আমাদের মন পড়ে থাকে দেশে। ঈদের দিন দেশ ও আতÄীয়স্বজন এবং ঈদের আনন্দের জন্য মন যেন কেমন কেমন করে। কেমন জানি খুব অসহায় লাগে। মনে হয় কোথাও কেউ নেই। রাতে ফোনে বা স্কাইপিতে কথা বলি দেশে থাকা সবার সঙ্গে। আর এই ফোন আর স্কাইপির মাধ্যমে কিছুটা হলেও আনন্দ পাবার চেষ্টা করি।

ইসমাত আরা
ব্যাংকক, থাইল্যান্ড